খুঁজুন
advertisement
advertisement
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক, ১৪৩৩

৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

বার্তা বিভাগ
প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ৪:৪০ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

ছবি লালমনিরহাট প্রতিনিধি

মো.হাসমত উল্লাহ ।। লালমনিরহাট প্রতিনিধি

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটের আদিতমারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে।

৮ নভেম্বর ২০২৬ইং জেলার আদিতমারী উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে উপজেলা সমবায় কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে জাতীয় সমবায় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা আবুঝ উদ্দিন।

উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মুকছিদুজজামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আরিফ আলী সরকার, উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রউফ রুবেল, উপজেলা যুবদলের সদস্যসচিব আবু বক্কর সিদ্দিক, আলোর প্রদীপ পণ্য উৎপাদনকারী ও বিপণন সমবায় সমিতির সভাপতি হাসান তারেক, তিস্তা সমবায় সমিতির সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদ হিমেল এবং আদিতমারী মহিলা স্বাবলম্বী সমবায় সমিতির সভাপতি বিজলী রানী প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত উদ্যোগে আর্থসামাজিক উন্নয়নের একটি কার্যকর মাধ্যম। ব্যক্তি উদ্যোগের পাশাপাশি সমবায়ের মাধ্যমে মানুষ ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় ও সম্মিলিত প্রচেষ্টায় নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারেন। বিশেষ করে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন, কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের বিকাশে সমবায় সমিতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তারা আরও বলেন, সমবায়ের মূল শক্তি হলো পারস্পরিক সহযোগিতা, আস্থা, স্বচ্ছতা ও জবাবদিহিতা। সমবায় সমিতিগুলোকে আরও গতিশীল ও কার্যকর করতে হলে সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি সঠিক ব্যবস্থাপনা, নিয়মিত হিসাব সংরক্ষণ এবং সমিতির কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখতে হবে।

বক্তারা তরুণ সমাজ ও নারীদের সমবায় কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি উৎপাদনমুখী সমবায় গড়ে তুলে স্থানীয়ভাবে পণ্য উৎপাদন, বিপণন ও ক্ষুদ্র ব্যবসার প্রসারের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ এবং স্বাবলম্বী সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা গুঞ্জন বিশ্বাস বলেন, সমবায়ের মাধ্যমে সম্মিলিতভাবে কাজ করলে ব্যক্তি, পরিবার ও সমাজের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। সমবায় কার্যক্রমকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে এর সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এ ক্ষেত্রে সমবায় সমিতির সদস্যদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি, সমবায়ী, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দিবসটি পালনের মধ্য দিয়ে আদিতমারীতে সমবায় আন্দোলনকে আরও বেগবান করা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়।

পাইকগাছায় পুলিশের অভিযানে আটক ৭, কারাদণ্ড ৪ জনের

বার্তা বিভাগ
প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ৯:২০ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছায় পুলিশের অভিযানে আটক ৭, কারাদণ্ড ৪ জনের

ছবি যোগফল পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনার পাইকগাছা থানা পুলিশের পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ বিভিন্ন অপরাধে মোট ৭ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে মাদক মামলায় চারজনকে তিন মাস করে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ২২ পিস ইয়াবাসহ একজন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের পৃথক মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

পুলিশ জানায়, মাদকসংক্রান্ত সামারি ট্রায়াল মামলায় চারজনকে তিন মাস করে কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন-গড়ইখালী গ্রামের মৃত আইয়ুব আলী জোয়াদ্দারের ছেলে রুবেল জোয়াদ্দার, রেজাকপুর গ্রামের মৃত সিরাজ সরদারের ছেলে ইস্রাফিল সরদার, গড়ইখালী গ্রামের আজিজুল মল্লিকের ছেলে এনামুল মল্লিক এবং একই গ্রামের নজরুল ইসলাম গাজীর ছেলে ওবায়দুর রানা।

অন্যদিকে, শনিবার রাতে উপজেলার কপিলমুনি ইউনিয়নে অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হাসিবুর হোসেন ওরফে শিমুলকে (২০) গ্রেপ্তার করা হয়। তিনি কপিলমুনি গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে, মামলা নং- ৫, তারিখ ৮/১১।

এ ছাড়া চতুর্থ শ্রেণির ১০ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার আসামি আব্দুল আজিজকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা নং- ৪/১১। তিনি চাঁদখালী ইউনিয়নের কাটাবুনিয়া এলাকার মৃত হোসেন আলী সরদারের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী শিশু খাদিজা খাতুনের ২২ ধারায় জবানবন্দি গ্রহণের কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

একই রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় পাতড়াবুনিয়া গ্রামের মৃত কালীচরণ মণ্ডলের ছেলে দেবাশীষ মণ্ডলকে (৪১) গ্রেপ্তার করা হয়েছে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

সমবায়ের সম্ভাবনা ও সমস্যা নিয়ে নবাবগঞ্জে আলোচনা সভা

বার্তা বিভাগ
প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ৮:০৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সমবায়ের সম্ভাবনা ও সমস্যা নিয়ে নবাবগঞ্জে আলোচনা সভা

ছবি যোগফল নবাবগঞ্জ প্রতিনিধি

শোয়েব হোসেন ।। নবাবগঞ্জ প্রতিনিধি

‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে ঢাকার নবাবগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রোববার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা, বৃক্ষের চারা বিতরণ ও প্রীতিভোজের আয়োজন করা হয়।

সকালে নবাবগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য সমবায় র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. নুর-এ-এলাহী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা। আলোচনা সভায় সমবায় আন্দোলনের গুরুত্ব, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের আর্থসামাজিক অগ্রগতিতে সমবায়ের ভূমিকা তুলে ধরা হয়।

এ সময় বিভিন্ন সমবায়ী প্রতিষ্ঠানের উদ্যোক্তারা সমবায় খাতের ভবিষ্যৎ সম্ভাবনা, বিদ্যমান সমস্যা, সেগুলো সমাধানের উপায় এবং সমবায়ীদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন। তাঁরা সমবায় খাতের উন্নয়ন ও সমবায়ভিত্তিক উদ্যোগগুলোকে আরও কার্যকর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানের অংশ হিসেবে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি সমবায়ীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। প্রধান অতিথি ও সভার সভাপতি তাঁদের বক্তব্যে সমবায় কার্যক্রমকে আরও গতিশীল, সংগঠিত ও জনকল্যাণমুখী করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা, বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি, সমবায়ী উদ্যোক্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি শেষে দুপুরে প্রীতিভোজের আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ: গণতন্ত্র পুনরুদ্ধারে ইস্পাতকঠিন ঐক্যের ডাক

বার্তা বিভাগ
প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ৭:০৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ: গণতন্ত্র পুনরুদ্ধারে ইস্পাতকঠিন ঐক্যের ডাক

ছবি যোগফল কুড়িগ্রাম প্রতিনিধি

মোঃ হাসান মাহমুদ জয় ।।  কুড়িগ্রাম জেলা প্রতিনিধি 

কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ: গণতন্ত্র পুনরুদ্ধারে ইস্পাতকঠিন ঐক্যের ডাক ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সর্বস্তরের হাজারো নেতাকর্মী ও সাধারণ সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।   

র‍্যালি ও শোডাউন: বিকেল সাড়ে তিনটার দিকে ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বর্ণিল ও বিশাল র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এসে এক সমাবেশে মিলিত হয়। এ সময় পুরো পৌরশহর এলাকা নেতাকর্মীদের স্লোগানে ও মিছিলে মুখরিত হয়ে ওঠে।
   

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডলের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সুযোগ্য ও গতিশীল সদস্য সচিব মোঃ  শহিদুল ইসলাম আকন্দের সুনিপুণ ও প্রাণবন্ত সঞ্চালনায় সমাবেশটি এক জনসমুদ্রে রূপ নেয়। শহিদুল ইসলাম আকন্দের চমৎকার ও সুশৃঙ্খল সঞ্চালনা পুরো অনুষ্ঠানকে দারুণভাবে সফল করে তোলে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি তাঁর বক্তব্যে বলেন, "৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমেই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের পথ সুগম হয়েছিল। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশের মানুষের ভোটাধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে সকল ভেদাভেদ ভুলে ইস্পাতকঠিন ঐক্যের কোনো বিকল্প নেই।"

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু ও যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব। বক্তারা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের মৌলিক অধিকার রক্ষায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।

এদিনের এই বর্ণাঢ্য আয়োজনে ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদল ও যুবদল-এর নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত ও তাক লাগানো উপস্থিতি ছিল লক্ষণীয়। মিছিল ও সমাবেশে তরুণ নেতাকর্মীদের সরব অংশগ্রহণ পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য এডভোকেট বজলুর রশিদ (পিপি), জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াদুদ, যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন তৌহিদ, সদস্য নিজাম উদ্দিন, সাবেক সাব রেজিস্ট্রার রফিকুল ইসলাম এবং ভূরুঙ্গামারী উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির কল্যাণ এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করেন।