নেছারাবাদে জমি দখলের অভিযোগে জামায়াত নেতা পিটিয়ে জখম
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠীতে জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে মো. শফিকুল ইসলাম নামে জামায়াতে ইসলামীর এক নেতাকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আহত শফিকুল ইসলাম ওই ওয়ার্ড জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।
হাসপাতালে চিকিৎসাধীন শফিকুল ইসলামের অভিযোগ, শনিবার দুপুরে ইমরান খন্দকারের নেতৃত্বে মনোজ বিশ্বাস, জাকির খান, সুমন খান, সুমন আইচসহ ১২ থেকে ১৪ জন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাঁর বসতবাড়িতে প্রবেশ করেন। এ সময় মন্দির ভাঙা ও মন্দিরের জমি দখলের অভিযোগ তুলে তাঁর ওপর হামলা চালানো হয়।
তিনি আরও অভিযোগ করেন, তাঁর ভাই সিদ্দিকুর রহমান এগিয়ে এলে তাকেও লাঠি দিয়ে পেটানো হয়। সমুদয়কাঠী ইউনিয়নের টুটুল আইচের নির্দেশনায় এ হামলা চালানো হয়েছে বলেও দাবি করেন তিনি।
তবে অভিযোগ অস্বীকার করে টুটুল আইচ বলেন, শফিকুল ৫ আগস্টের পর শীতলা মন্দিরের কাজে ব্যবহৃত একটি জমি দখলে নিয়েছেন। এ জমি নিয়ে কয়েকজনের সঙ্গে তাঁর পূর্ববিরোধ রয়েছে। হামলার বিষয়ে তিনি কিছু জানতেন না। ঘটনার সময় তিনি ইউনিয়নের দুর্গাকাঠীতে একটি কাজে ব্যস্ত ছিলেন।
তিনি আরও বলেন, ইমরান খন্দকার ও শফিকুলের মধ্যে একটি সুপারি বাগান নিয়ে বিরোধের কথা শুনেছেন। ওই ঘটনায় তাঁদের মধ্যে হাতাহাতি হয়েছে বলে জেনেছেন।
অভিযুক্ত ইমরান খন্দকার বলেন, তিনি সমুদয়কাঠী ইউনিয়নের একটি পুকুরসহ ২৭ শতাংশ জমির সুপারি বাগান তিন বছরের জন্য লিজ নিয়েছেন। শনিবার বাগান থেকে সুপারি পাড়তে গেলে শফিকুল, তাঁর ভাই সিদ্দিকসহ কয়েকজন এসে সুপারি নিয়ে যান। এ বিষয়ে জানতে চাইলে তাঁরা তাঁদের ওপর হামলা চালান। পরে আত্মরক্ষার্থে তাঁরাও দু-চারটি কিল-ঘুষি দিয়েছেন বলে দাবি করেন তিনি।
নেছারাবাদ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রশিদ বলেন, শফিকুল সমুদয়কাঠী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আমির। শনিবার দুপুরে ইমরান, মনোজ, জাকিরসহ কয়েকজন তাঁর বাড়িতে প্রবেশ করে মন্দিরের জমি দখলের অভিযোগ তুলে অতর্কিত হামলা চালান।
এ বিষয়ে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, জমিসংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা শুনেছেন। একটি পক্ষ থানায় এসেছিল। তাঁদের আগে হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন