ঢাকায় পিটার হাস, ১৯ নভেম্বর পর্যন্ত থাকবেন বাংলাদেশে
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস এখন ঢাকায় অবস্থান করছেন। শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৩টার দিকে তিনি ঢাকার লা মেরিডিয়ান হোটেলে ওঠেন। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, আগামী ১৯ নভেম্বর বিকেল পর্যন্ত তিনি বাংলাদেশে থাকবেন।
বাংলাদেশে প্রায় তিন বছর দায়িত্ব পালনের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নেন পিটার হাস। এরপর তিনি যুক্তরাষ্ট্রের বেসরকারি জ্বালানি প্রতিষ্ঠান অ্যাকসিলারেট এনার্জিতে যোগ দেন। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির বাংলাদেশ প্রধান হিসেবে কৌশলগত উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।
পিটার হাসের এবারের ঢাকা সফর ব্যবসায়িক উদ্দেশ্যে, নাকি অন্য কোনো কারণে—সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
বাংলাদেশে দুটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালের ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত রয়েছে অ্যাকসিলারেট এনার্জি। এর একটির মালিক প্রতিষ্ঠানটি নিজেই। অন্যটি সামিট গ্রুপের কাছ থেকে ভাড়া নেওয়া। এ ছাড়া ২০২৬ সালের শুরু থেকে প্রতিষ্ঠানটির কাছ থেকে এলএনজি কেনার চুক্তিও রয়েছে সরকারের।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ জ্বালানি আমদানির একটি দীর্ঘমেয়াদি চুক্তি করেছে। এর আওতায় মার্কিন কোম্পানি অ্যাকসিলারেট এনার্জি আগামী ১৫ বছরে ধাপে ধাপে বাংলাদেশে ১ লাখ কোটি টাকার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ করবে।
রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের ওপর গুরুত্ব দিয়ে আসছিলেন পিটার হাস। এ লক্ষ্যে তিনি নির্বাচন কমিশন, সুশীল সমাজ, তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিরোধী দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন।
পিটার হাসের বিভিন্ন তৎপরতাকে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে প্রায়ই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কূটনৈতিক হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করা হতো। অন্যদিকে, বিএনপি ও জামায়াতসহ বিরোধী দলগুলোর কাছে তিনি বেশ গ্রহণযোগ্য ছিলেন।
২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পিটার হাস জানিয়েছিলেন, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়নি।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন