গুয়াহাটিতে চাঁদাবাজির অভিযোগে ২২ ট্রান্সজেন্ডার গ্রেপ্তার
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে চাঁদাবাজি, অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শন ও জনসমক্ষে অশালীন কর্মকাণ্ডের অভিযোগে ২২ জন ট্রান্সজেন্ডার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে গুয়াহাটির জয়েন্ট পুলিশ কমিশনার অঙ্কুর জৈন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, নগরীর বিভিন্ন ট্রাফিক মোড় ও জনসমাগমস্থলে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন এবং অশালীন কর্মকাণ্ডের অভিযোগে সাধারণ মানুষের কাছ থেকে একাধিক অভিযোগ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে সমন্বিত অভিযান পরিচালনা করা হয়।
নগরীর তিনটি পুলিশ জেলার ডেপুটি কমিশনার অব পুলিশের অধীনে গঠিত পৃথক দল এ অভিযানে অংশ নেয়।
অঙ্কুর জৈন বলেন, ভারতের সুপ্রিম কোর্টের বিভিন্ন রায় এবং ট্রান্সজেন্ডার ব্যক্তিদের বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ নির্দেশনা অনুসরণ করেই অভিযান পরিচালনা করা হয়েছে। কোনো ব্যক্তির লিঙ্গপরিচয় যা-ই হোক না কেন, অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ উপেক্ষা করা হবে না। অভিযানের সময় নির্ধারিত আইনি নির্দেশনাও অনুসরণ করা হয়েছে।
তিনি আরও জানান, ট্রান্সজেন্ডার ব্যক্তিদের সংশ্লিষ্ট মামলাগুলো পরিচালনার জন্য বিশেষ কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছিল। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিরা ট্রান্সজেন্ডার পুরুষ নাকি ট্রান্সজেন্ডার নারী, সেটিও বিবেচনায় রাখা হয়েছে।
অভিযানে আটক ২২ জনকে পরবর্তী সময়ে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন জয়েন্ট পুলিশ কমিশনার।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন