রাউজানে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত, আতঙ্কে বন্ধ দোকানপাট
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের রাউজানে নোয়াপাড়া আমির মার্কেটে প্রকাশ্যে এক ব্যবসায়ীকে উপর্যুপরি ছুরিকাঘাত করেছেন মোহাম্মদ সাব্বির (৩৩) নামে এক যুবক। এ সময় আশপাশে লোকজন উপস্থিত থাকলেও হামলাকারীর ভয়ে কেউ এগিয়ে আসার সাহস পাননি। পরে ছুরি হাতে উপস্থিত লোকজনকে ভয় দেখিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে ফেসবুকে নিজের ছবি পোস্ট করাকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীর নাম মোহাম্মদ মুরাদ (৩২)। তিনি নোয়াপাড়া ইউনিয়নের পটিয়াপাড়া এলাকার ১ নম্বর ওয়ার্ডের শামসুল আলম সদাগরের বাড়ির বাসিন্দা এবং নোয়াপাড়া আমির মার্কেটের ব্যবসায়ী।
অভিযুক্ত সাব্বির একই এলাকার শামসুল আলম সদাগরের বাড়ির মো. শফির ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন বিকেলে সাব্বির মার্কেটে এসে ফেসবুকে নিজের ছবি পোস্ট করাকে কেন্দ্র করে মুরাদের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন। এ সময় সাব্বির অভিযোগ করেন, মুরাদ ও তার বড় ভাই তাকে জেল খাটিয়েছেন এবং ফেসবুকে ছবি পোস্ট করে অপমান করেছেন।
একপর্যায়ে উত্তেজিত হয়ে সাব্বির প্রকাশ্যে ছুরি দিয়ে মুরাদকে উপর্যুপরি আঘাত করেন। আশপাশের লোকজন এগিয়ে আসার চেষ্টা করলেও ছুরির ভয়ে কেউ তাকে নিবৃত্ত করতে পারেননি। পরে ছুরি হাতে উপস্থিত লোকজনকে ভয় দেখিয়ে পালিয়ে যান তিনি।
গুরুতর আহত মুরাদকে উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পটিয়াপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ আজম বলেন, মুরাদ ও সাব্বির দুজনই একই এলাকার বাসিন্দা। তাদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। তারা একসঙ্গে লেখাপড়াও করেছেন।
এদিকে ঘটনার পর নোয়াপাড়া আমির মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক দোকানপাট বন্ধ হয়ে যায়। পুরো এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।
নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ আনিসুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে। তবে পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারী পালিয়ে যান। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন