খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

মধ্যনগর ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, নেপথ্যে যুবদল নেতা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ৬:২৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
মধ্যনগর ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, নেপথ্যে যুবদল নেতা

ছবিতে মধ্যনগর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা গোলাম ছারওয়ার

সুনামগঞ্জ প্রতিনিধি ।। যোগফল অনলাইন

সুনামগঞ্জের মধ্যনগর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা গোলাম ছারওয়ারের বিরুদ্ধে সরকারি বন্দোবস্ত পাওয়া এক শতাংশ জমি অবৈধভাবে বাতিল করে অন্য ব্যক্তির নামে বন্দোবস্ত দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় নিজের জমির দখল বজায় রাখা এবং নতুন বন্দোবস্তের আদেশ বাতিলের দাবি জানিয়ে সম্প্রতি জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন মো. সামছুল আলম নামের এক ব্যক্তি। মো. সামসুল আলম মধ্যনগর সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের মো. আব্দুল মোতালিবের ছেলে।

আবেদন সূত্রে জানা যায়, মধ্যনগর বাজারের এক শতাংশ বাজারভিটা সরকারি বিধি অনুযায়ী বন্দোবস্তের মাধ্যমে প্রাপ্ত ব্যক্তিদের কাছ থেকে জমিটি ক্রয় করেন সামছুল আলম। পরে নিজ খরচে জমিতে মাটি ভরাট করে দোকানঘর নির্মাণ করেন। দীর্ঘদিন ধরে সেখানে ব্যবসা পরিচালনা করে আসছিলেন তিনি। প্রায় তিন মাস আগে মধ্যনগর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা গোলাম ছারওয়ারের তাঁকে ফোন করে কার্যালয়ে ডেকে নেন। বকেয়া খাজনা পরিশোধের রসিদ সংগ্রহ এবং নথিতে সামসুল আলমের নাম অন্তর্ভুক্ত করার কথা বলে সামসুল আলমের কাছ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা নেন ভূমি কর্মকর্তা গোলাম ছারওয়ার।

তবে গত ৩ নভেম্বর সামসুল আলম ভূমি কার্যালয়ে গিয়ে গোলাম ছারওয়ারের কাছ থেকে জানতে পারেন তাঁর দখলে থাকা বন্দোবস্তকৃত জমির বন্দোবস্ত বাতিল করে মধ্যনগর উপজেলার চামরদানি ইউনিয়নের দুগনই গ্রামের মৃত সবুজ মিয়ার ছেলে এম শহীদের নামে নতুন বন্দোবস্ত দেওয়া হয়েছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, বিষয়টি নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেও কোনো প্রতিকার পাননি তিনি। পরে সামসুল আলম এম শহীদের সাথে যোগাযোগ করেন। 

কিন্তু তখন এম শহীদ সামসুল আলমকে জানান, এই জমির পেছনে এম শহীদের ১০ লাখ টাকা খরচ হয়েছে। এই ১০ লাখ টাকা নগদ পরিশোধ করলে সামসুল আলমকে জমি লিখে দেওয়া হবে। তা না হলে এম শহীদ যেকোনো সময় জমিটি জোরপূর্বক দখলের হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন সামছুল আলম।

সামছুল আলম বলেন, এম শহীদ জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হওয়ায় রাজনৈতিক পরিচয় ও প্রভাব ব্যবহার করে তাঁর (সামসুল) দখলীয় জমি জোরপূর্বক দখল করতে পারেন। এ ছাড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে দেওয়া দেড় লাখ টাকাও তিনি ফেরত পাননি। এ অবস্থায় জমি বাতিল করে অন্য ব্যক্তির নামে বন্দোবস্ত দেওয়ার আদেশ বাতিল ও নিজের দখল বজায় রাখা এবং অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।

জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এম শহীদ এর বক্তব্য নিতে একাধিক বার ফোন দিলে রিসিভ করে পরিচয় পেয়ে ফোন কেটে দেন ৷ পরে আর রিসিভ করেন নি এবং পরিবর্তিতে কলও করেন নি।

অভিযুক্ত ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা গোলাম ছারওয়ার তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, টাকা নেওয়াতো দূরের কথা অভিযোগকারীকে আমি চিনিই না। জায়গাটি অভিযোগকারীরও না। এই জায়গা দুইজন হিন্দু ব্যক্তির নামে বন্দোবস্ত ছিলো। তারা সরকারী খাজনা না দেওয়ায় তাদের বন্দোবস্ত বাতিল করে শাহাদাত হোসেন সাগর ও আনোয়ার হোসেন নামের দুইজনকে বন্দোবস্ত দেওয়া হয়েছে। সাগর ও আনোয়ার এম শহীদের আত্মীয়। পূর্বের দুই জনকে বাতিল করার আগে তাদের নোটিশ করেছেন কি না জানতে চাইলে তিনি বলেন, মাইকিং করা হয়েছে। এরপর তিনি বলেন, সরকারী রাজস্ব আদায়ের জন্য আমি পদক্ষেপ গ্রহণ করায় আমার বিরুদ্ধে অভিযোগ করাচ্ছে একটি পক্ষ।
advertisement
advertisement

রাজধানীর মোহাম্মদপুরে বিদেশি রি'ভ'ল'ভা'র, গু'লি ও মা'দ'ক'সহ গ্রে'প্তা'র ৪

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
রাজধানীর মোহাম্মদপুরে বিদেশি রি'ভ'ল'ভা'র, গু'লি ও মা'দ'ক'সহ গ্রে'প্তা'র ৪

ছবিতে গ্রেপ্তারকৃতরা

নিজস্ব প্রতিবেদক । যোগফল অনলাইন

দেশের রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে বিদেশি রিভলভার, ৬টি তাজা গুলি, ৩৬০ গ্রাম হেরোইন ও ৭৫০টি ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। 

রোববার ভোরে পাবনা হাউস গলি ও মুল্লুক চান সড়ক এলাকায় মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এসআরবির সিপিএসসি কোম্পানি, এসআরবি-২ এ অভিযান চালায়। কোম্পানি কমান্ডার হাসান মুহাম্মদ মুহতারিম পিপিএমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. হাবিবুল ইসলাম রানা (৩২), মো. নাইম কাজি (৩২), মো. সাইদুল ইসলাম রাব্বি (৩০) ও মো. তানজীন খান জিসান (৩২)।

অভিযানে হাবিবুল ইসলাম রানার কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও ৬টি তাজা গুলি উদ্ধার করা হয়। নাইম কাজির কাছ থেকে ৮০ গ্রাম হেরোইন এবং সাইদুল ইসলাম রাব্বির কাছ থেকে ২ হাজার ৭৫টি পুরিয়ায় ২৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তানজীন খান জিসানের কাছ থেকে জব্দ করা হয় ৭৫০টি ইয়াবা বড়ি।

এসআরবি জানায়, গ্রেপ্তার হাবিবুল ইসলাম রানার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। নাইম কাজির বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় একই আইনে মামলা রয়েছে।

উদ্ধার করা অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার চারজনকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি-২।

সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, সিসিটিভিতে শনাক্ত ৩ জন

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, সিসিটিভিতে শনাক্ত ৩ জন

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করেছে পুলিশ। এ ঘটনায় সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম বাদী হয়ে থানায় মামলা করেছেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাঁরা হলেন খাগড়াছড়ি জেলা সদরের উত্তর সবুজবাগ এলাকার মো. মুন্না ও মো. সাইফ এবং দীঘিনালা উপজেলার ওমর ফারুক। ফুটেজে দেখা যাওয়া চতুর্থ ব্যক্তিকে এখনো শনাক্ত করা যায়নি।

ওসি আরও জানান, সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম বাদী হয়ে শনাক্ত তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও সাতজনকে আসামি করে মামলা করেছেন।

এর আগে শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার নয়নপুর এলাকায় সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। পরে প্রতিবেশীদের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম জানান, গভীর রাতে ছাদের ওপর বিকট শব্দ শুনে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় দরজার সামনে কেরোসিন ও পেট্রলের মিশ্রণ পড়ে থাকতে দেখেন। পাশাপাশি রাস্তার পাশের জানালায় আগুন দেওয়ার চেষ্টার চিহ্নও পাওয়া যায়। প্রতিবেশীরা খবর পেয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন।

এদিকে অগ্নিসংযোগের চেষ্টার খবর পেয়ে রোববার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে বাড়িটি পরিদর্শন করেন সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের সদস্যরা।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

কুড়িগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৭ ভারতীয় গরু জব্দ বিজিবির

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কুড়িগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৭ ভারতীয় গরু জব্দ বিজিবির

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে সাতটি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

রোববার (২২ নভেম্বর) ভোরে উপজেলার সাহেবের আলগা বিওপির বিজিবি সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। জামালপুর ৩৫ বিজিবি এক খুদে বার্তায় বিষয়টি জানিয়েছে।

বিজিবির খুদে বার্তায় বলা হয়, নিজস্ব গোয়েন্দা তৎপরতার মাধ্যমে সীমান্তের ১০৪৭ নম্বর পিলারের কাছে মেকুর আলগা নামক স্থান দিয়ে ভারতীয় গরু চোরাচালানের তথ্য পায় বিজিবি। পরে ওই তথ্যের ভিত্তিতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন সাহেবের আলগা বিওপির সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় পরিত্যক্ত অবস্থায় সাতটি গরু জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা গরুগুলোর আনুমানিক মূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় গরু জব্দ করা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযানও অব্যাহত রয়েছে।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম