কবুতর চুরির অভিযোগে গণপিটুনি, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনিতে মো. সোহেল (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) সকালে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে রোববার (১৫ নভেম্বর) রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও নন্দীপুর এলাকায় গণপিটুনির শিকার হয়ে গুরুতর আহত হন তিনি। নিহত সোহেল বরিশাল জেলার বাসিন্দা। তিনি সোনারগাঁয়ের ভারগাঁও বেড়িবাঁধ এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে ভারগাঁও নন্দীপুর এলাকার মো. আলীর বাড়িতে কবুতর চুরির চেষ্টা করছিলেন সোহেল। বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক ‘চোর চোর’ বলে চিৎকার শুরু করেন। পরে আশপাশের লোকজন ছুটে এসে তাকে হাতেনাতে আটক করেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, উত্তেজিত জনতা সোহেলকে ধরে পাশের নন্দীপুর নতুন মসজিদ এলাকায় নিয়ে গণপিটুনি দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন