জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, টেকনাফের আবু তাহেরের ৬ বছরের কারাদণ্ড
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ প্রায় ২ কোটি ৯১ লাখ টাকার সম্পদ অর্জন এবং সম্পদ বিবরণীতে তথ্য গোপনের মামলায় কক্সবাজারের টেকনাফের মাদক কারবারি আবু তাহেরকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে তাকে ৩ কোটি ৭৭ লাখ ৭১ হাজার ২০৮ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও এক বছর কারাদণ্ড ভোগ করতে হবে।
সোমবার (১৬ নভেম্বর) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এনামুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, আবু তাহেরের বিরুদ্ধে ৩ কোটি ১৫ লাখ টাকার বেশি সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। এর বিপরীতে তার বৈধ ও গ্রহণযোগ্য আয় ছিল মাত্র ২৩ লাখ ৯০ হাজার টাকা। ফলে তার সম্পদ অর্জনের সঙ্গে বৈধ আয়ের অসংগতি পাওয়া যায় ২ কোটি ৯১ লাখ ১০ হাজার ২০৮ টাকার।
মামলার নথি অনুযায়ী, আবু তাহের দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ৩ কোটি ৫ লাখ ৭৪ হাজার ৪০০ টাকার সম্পদের ঘোষণা দেন। কিন্তু যাচাই-বাছাইয়ে তার নামে ৩ কোটি ৭ লাখ ৬০ হাজার ২০৮ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। এতে ১ লাখ ৮৫ হাজার ৮০৮ টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়।
এ ছাড়া ব্যবসা ও কৃষি খাত থেকে আবু তাহেরের বৈধ আয় ছিল ২৩ লাখ ৯০ হাজার টাকা। অন্যদিকে পারিবারিক ও অন্যান্য ব্যয় ছিল ৭ লাখ ৪০ হাজার টাকা। সব মিলিয়ে তার সম্পদ ও ব্যয়ের পরিমাণ দাঁড়ায় ৩ কোটি ১৫ লাখ ২০৮ টাকা। এর বিপরীতে বৈধ আয়ের সঙ্গে অসংগতি পাওয়া যায় ২ কোটি ৯১ লাখ ১০ হাজার ২০৮ টাকার।
দুদক জানায়, আবু তাহের ২০২০-২১ করবর্ষ থেকে আয়কর রিটার্ন দাখিল শুরু করেন। ওই রিটার্নে জমি, বাড়ি ও ফ্ল্যাট কেনার জন্য ২ কোটি ৪৭ লাখ ৯৮ হাজার ৭০০ টাকার সম্পদ অতীতের আয় হিসেবে দেখান। তবে এসব সম্পদের অর্থের উৎস হিসেবে ব্যবসার মূলধন, ব্যাংক লেনদেন, বিল-ভাউচার, চালান কিংবা আয়-ব্যয়ের কোনো গ্রহণযোগ্য নথি দুদকের অনুসন্ধানকারীদের দিতে পারেননি তিনি।
তার বিরুদ্ধে সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন থাকা অবস্থায় আয়কর রিটার্নে এসব সম্পদ অতীতের ব্যবসায়িক সঞ্চয় থেকে অর্জিত বলে উল্লেখ করা হয়। তবে দুদকের অনুসন্ধানে তার এ দাবির গ্রহণযোগ্যতা পাওয়া যায়নি।
দুদক আরও জানায়, ২০১৯ সালে মাদক ব্যবসার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আবু তাহেরসহ ৭৫ জনের বিরুদ্ধে অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হয়। ওই বছরের ৯ জুলাই দুদকের প্রধান কার্যালয় থেকে অনুসন্ধানের নির্দেশনা দেওয়া হয়। পরে আবু তাহেরের বিরুদ্ধে অনুসন্ধানের জন্য দুই সদস্যের একটি দল গঠন করা হয়।
অনুসন্ধানে প্রাথমিক সত্যতা পাওয়ার পর ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর আবু তাহেরকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়। ওই বছরের ৭ অক্টোবর তিনি নির্দেশনা গ্রহণ করেন। পরে সময় বাড়ানোর আবেদন করলে তাকে আরও ১৫ কার্যদিবস সময় দেওয়া হয়। ২৮ নভেম্বর তিনি দুদকে সম্পদ বিবরণী জমা দেন।
দীর্ঘ যাচাই-বাছাই শেষে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় তার বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দেয় দুদকের প্রধান কার্যালয়। ২০২৩ সালের ২৫ জুলাই কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়। পরে ২০২৫ সালের ২৯ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের তৎকালীন উপপরিচালক সুবেল আহমেদ।
দুদকের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এনামুল ইসলাম বলেন, আদালত দুর্নীতি দমন কমিশন আইনের ২৬(২) ধারায় এক বছর এবং ২৭(১) ধারায় পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি ৩ কোটি ৭৭ লাখ ৭১ হাজার ২০৮ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন