বগুড়ায় ছাত্রলীগ নেতা আটক, পুলিশে দিল কলেজ ছাত্রদল
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
বগুড়ায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে শহরের জহুরুলনগর এলাকার একটি মেস থেকে তাকে আটক করা হয়।
আটক মো. হৃদয় মিয়া জয়পুরহাট জেলার কালাই থানার একটি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বলে জানা গেছে। তিনি বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের অনার্সের শিক্ষার্থী। ছাত্রদল নেতাদের দাবি, তিনি আগে বগুড়ায় থাকলেও বর্তমানে জয়পুরহাটে অবস্থান করছিলেন।
জানা গেছে, সোমবার দিবাগত রাতে শহরের জহুরুলনগরের সন্ধ্যামালতী মেস থেকে হৃদয় মিয়াকে আটক করেন সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। পরে রাতেই তাকে বগুড়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাজিবুল ইসলাম শাকিল, জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব, সদস্য সচিব রাফিউল আল আমিনসহ কলেজ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, ছাত্রদলের পক্ষ থেকে আটক ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। নাশকতার মামলায় তাকে আদালতে পাঠানো হবে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন