২০২৭ সালের হজে নতুন নিবন্ধন শুরু, আবেদন চলবে ২২ নভেম্বর পর্যন্ত
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
২০২৭ সালের হজে গমনেচ্ছু বাংলাদেশি হজযাত্রীদের জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে। বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশের হজযাত্রী কোটা বাড়িয়েছে। বর্ধিত কোটা ও সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় নতুন করে হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের নির্দেশনা অনুসরণ করে গত ২৬ সেপ্টেম্বর ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়েছিল। সে সময় বাংলাদেশের জন্য মোট অনুমোদিত কোটা ছিল ৭৮ হাজার ৫০০ জন। পরবর্তী সময়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ আবেদনের পরিপ্রেক্ষিতে সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশের হজযাত্রী কোটা বৃদ্ধি করে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার (১৬ নভেম্বর) থেকে বর্ধিত ও অব্যবহৃত কোটায় হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে। এ কার্যক্রম চলবে আগামী ২২ নভেম্বর পর্যন্ত। তবে নির্ধারিত কোটা পূরণ হয়ে গেলে এর আগেই নিবন্ধন কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় আরও জানিয়েছে, প্রাথমিকভাবে নিবন্ধিত হজযাত্রীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন না করলে সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বাতিল বলে গণ্য হবে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন