খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

কুড়িগ্রামে রাজনৈতিক পটপরিবর্তনের পরও সক্রিয় বালু সিন্ডিকেট

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৪:২৬ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কুড়িগ্রামে রাজনৈতিক পটপরিবর্তনের পরও সক্রিয়   বালু সিন্ডিকেট
মোঃ হাসান মাহমুদ জয় ।। কুড়িগ্রাম জেলা সংবাদদাতা

দেশের রাজনৈতিক পটপরিবর্তন হলেও কুড়িগ্রামে বন্ধ হয়নি বালু ব্যবসার নিয়ন্ত্রণ ও দখলদারিত্ব। অভিযোগ উঠেছে, প্রভাবশালী একটি চক্র প্রশাসন ও রাজনৈতিক মহলের ছত্রছায়ায় এখনও জেলার বিভিন্ন বালুমহল ও পয়েন্ট একচ্ছত্রভাবে নিয়ন্ত্রণ করে আসছে। এই সিন্ডিকেটের মূল চালিকাশক্তি হিসেবে আওয়ামী যুবলীগের শহিদুল ইসলাম সৌরভ এবং স্বেচ্ছাসেবক লীগের মুকুল ইসলামের নাম জোরালোভাবে উঠে এসেছে।

অভিযোগ ও নিয়ন্ত্রণের নেপথ্য কাহিনি:
স্থানীয় বাসিন্দা ও অভিযোগকারীদের দাবি, ক্ষমতার পালাবদল ঘটলেও এই চক্রের ব্যবসায়িক কার্যক্রমে কোনো ভাটা পড়েনি; বরং নতুন কৌশলে তারা বহাল তবিয়তে ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

অভিযোগে আরও বলা হয়েছে, শহিদুল ইসলাম সৌরভের চাচা মো. নুরুজ্জামান উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে তার প্রভাবে বিভিন্ন বালু উত্তোলন পয়েন্টের ওয়ার্ক অর্ডার ও ইজারা এই সিন্ডিকেটের অনুকূলে কুক্ষিগত করা হতো। যদিও এসব প্রশাসনিক প্রভাবে কার্যকারিতা নিয়ে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।

রাজনৈতিক অর্থায়ন ও স্বার্থের যোগসাজশ:
কুড়িগ্রামের ধরলা নদীর পূর্বপাড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বালু উত্তোলন, পরিবহন এবং বিক্রির সিন্ডিকেটটি দারুণভাবে সক্রিয় রয়েছে। অভিযোগ রয়েছে, বালু ব্যবসা থেকে অর্জিত অর্থের একটি বড় অংশ বর্তমানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল-মিটিংসহ বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে অর্থায়ন করা হচ্ছে।

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, সাবেক আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক দলগুলোর (বিশেষ করে বিএনপির একটি অংশের) নেতাকর্মীদের সঙ্গেও এই সিন্ডিকেটের সুসম্পর্ক বা যোগসাজশ রয়েছে। রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হলেও সুবিধাবাদী এই চক্রটি নিজেদের আখের গোছাতে সমঝোতার রাজনীতি চালিয়ে যাচ্ছে।

সাধারণ ব্যবসায়ীদের ক্ষোভ ও পরিবেশগত বিপর্যয়:
সিন্ডিকেটের একাধিপত্যের কারণে স্থানীয় সৎ ও সাধারণ ব্যবসায়ীরা বাজারে কোনোভাবেই প্রতিযোগিতায় টিকতে পারছেন না। পাশাপাশি অবৈধ ও অপরিকল্পিত বালু
 
উত্তোলনের ফলে মারাত্মক হুমকির মুখে পড়েছে কুড়িগ্রামের জনপদ ও প্রকৃতি:
নদীভাঙন তীব্র আকার ধারণ করা: অপরিকল্পিতভাবে ড্রেজার ও মেশিনের সাহায্যে বালু উত্তোলনের কারণে ধরলাসহ বিভিন্ন নদীর তীর ভেঙে বিলীন হচ্ছে শত শত বিঘা ফসলি জমি ও বসতভিটা।

পরিবেশের ভারসাম্য নষ্ট: নদীর জীববৈচিত্র্য ধ্বংসের পাশাপাশি গ্রামীণ সড়কগুলো দিয়ে অতিরিক্ত ভারী ট্রাক ও ট্রাক্টর চলাচল করায় রাস্তাঘাট ভেঙে সাধারণ মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। সরকার রাজস্ব হারাচ্ছে: ইজারার শর্ত ভঙ্গ করে অতিরিক্ত গভীরতা থেকে ও নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলনের ফলে কোটি কোটি টাকার সরকারি রাজস্ব হারাচ্ছে রাষ্ট্র।

স্থানীয়দের দাবি ও প্রত্যাশা  কুড়িগ্রামের সচেতন মহল ও ক্ষতিগ্রস্ত এলাকাবাসী অবিলম্বে এই অবৈধ বালু সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন। তাদের প্রধান দাবিগুলো হলো:  নিরপেক্ষ তদন্ত: বিগত ও বর্তমান সময়ে বালুমহালের ইজারা, ওয়ার্ক অর্ডার প্রদান এবং আর্থিক লেনদেনের উৎস খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন। আইনানুগ ব্যবস্থা: অভিযুক্ত শহিদুল ইসলাম সৌরভ, মুকুল ইসলাম এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগের সত্যতা যাচাই করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ।  প্রশাসনিক স্বচ্ছতা: নদী রক্ষা এবং সরকারি রাজস্ব সুরক্ষায় প্রশাসনকে রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থেকে কঠোর নজরদারি বজায় রাখা।
advertisement
advertisement

রাজধানীর মোহাম্মদপুরে বিদেশি রি'ভ'ল'ভা'র, গু'লি ও মা'দ'ক'সহ গ্রে'প্তা'র ৪

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
রাজধানীর মোহাম্মদপুরে বিদেশি রি'ভ'ল'ভা'র, গু'লি ও মা'দ'ক'সহ গ্রে'প্তা'র ৪

ছবিতে গ্রেপ্তারকৃতরা

নিজস্ব প্রতিবেদক । যোগফল অনলাইন

দেশের রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে বিদেশি রিভলভার, ৬টি তাজা গুলি, ৩৬০ গ্রাম হেরোইন ও ৭৫০টি ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। 

রোববার ভোরে পাবনা হাউস গলি ও মুল্লুক চান সড়ক এলাকায় মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এসআরবির সিপিএসসি কোম্পানি, এসআরবি-২ এ অভিযান চালায়। কোম্পানি কমান্ডার হাসান মুহাম্মদ মুহতারিম পিপিএমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. হাবিবুল ইসলাম রানা (৩২), মো. নাইম কাজি (৩২), মো. সাইদুল ইসলাম রাব্বি (৩০) ও মো. তানজীন খান জিসান (৩২)।

অভিযানে হাবিবুল ইসলাম রানার কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও ৬টি তাজা গুলি উদ্ধার করা হয়। নাইম কাজির কাছ থেকে ৮০ গ্রাম হেরোইন এবং সাইদুল ইসলাম রাব্বির কাছ থেকে ২ হাজার ৭৫টি পুরিয়ায় ২৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তানজীন খান জিসানের কাছ থেকে জব্দ করা হয় ৭৫০টি ইয়াবা বড়ি।

এসআরবি জানায়, গ্রেপ্তার হাবিবুল ইসলাম রানার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। নাইম কাজির বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় একই আইনে মামলা রয়েছে।

উদ্ধার করা অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার চারজনকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি-২।

সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, সিসিটিভিতে শনাক্ত ৩ জন

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, সিসিটিভিতে শনাক্ত ৩ জন

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করেছে পুলিশ। এ ঘটনায় সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম বাদী হয়ে থানায় মামলা করেছেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাঁরা হলেন খাগড়াছড়ি জেলা সদরের উত্তর সবুজবাগ এলাকার মো. মুন্না ও মো. সাইফ এবং দীঘিনালা উপজেলার ওমর ফারুক। ফুটেজে দেখা যাওয়া চতুর্থ ব্যক্তিকে এখনো শনাক্ত করা যায়নি।

ওসি আরও জানান, সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম বাদী হয়ে শনাক্ত তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও সাতজনকে আসামি করে মামলা করেছেন।

এর আগে শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার নয়নপুর এলাকায় সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। পরে প্রতিবেশীদের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম জানান, গভীর রাতে ছাদের ওপর বিকট শব্দ শুনে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় দরজার সামনে কেরোসিন ও পেট্রলের মিশ্রণ পড়ে থাকতে দেখেন। পাশাপাশি রাস্তার পাশের জানালায় আগুন দেওয়ার চেষ্টার চিহ্নও পাওয়া যায়। প্রতিবেশীরা খবর পেয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন।

এদিকে অগ্নিসংযোগের চেষ্টার খবর পেয়ে রোববার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে বাড়িটি পরিদর্শন করেন সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের সদস্যরা।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

কুড়িগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৭ ভারতীয় গরু জব্দ বিজিবির

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কুড়িগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৭ ভারতীয় গরু জব্দ বিজিবির

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে সাতটি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

রোববার (২২ নভেম্বর) ভোরে উপজেলার সাহেবের আলগা বিওপির বিজিবি সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। জামালপুর ৩৫ বিজিবি এক খুদে বার্তায় বিষয়টি জানিয়েছে।

বিজিবির খুদে বার্তায় বলা হয়, নিজস্ব গোয়েন্দা তৎপরতার মাধ্যমে সীমান্তের ১০৪৭ নম্বর পিলারের কাছে মেকুর আলগা নামক স্থান দিয়ে ভারতীয় গরু চোরাচালানের তথ্য পায় বিজিবি। পরে ওই তথ্যের ভিত্তিতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন সাহেবের আলগা বিওপির সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় পরিত্যক্ত অবস্থায় সাতটি গরু জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা গরুগুলোর আনুমানিক মূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় গরু জব্দ করা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযানও অব্যাহত রয়েছে।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম