গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের ব্যারিকেডে আগুন
যোগফল প্রতিবেদক:
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে জয়দেবপুর, চান্দনা চৌরাস্তা, ভোগড়া, সাইনবোর্ড ও নাওজোড় এলাকায় সড়কে অবস্থান নেন শ্রমিকেরা।
এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। একপর্যায়ে পুলিশের ব্যারিকেডে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। এসব ঘটনায় সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে গাজীপুর মহানগরের জয়দেবপুর ও চান্দনা চৌরাস্তা এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে শত শত শ্রমিক জড়ো হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, জয়দেবপুর সড়ক ও ভোগড়া বাইপাস অবরোধ করেন।
শ্রমিকদের অবরোধের কারণে গুরুত্বপূর্ণ এসব সড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে বিভিন্ন স্থানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, সকাল থেকেই শ্রমিকেরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে সড়কে নেমেছেন। তাঁদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন রাখা হয়েছে।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন