‘টনিক ২’-এ দেবের নতুন নায়িকা কি সোহিনী গুহ রায়?
যোগফল প্রতিবেদক:
টালিউড অভিনেতা দেবের পরবর্তী সিনেমা ‘টনিক ২’-এ নতুন নায়িকা হিসেবে দেখা যেতে পারে অভিনেত্রী সোহিনী গুহ রায়কে। সম্প্রতি কালীপূজা ও দীপাবলি উদ্যাপনে দেবের সঙ্গে সোহিনীর উপস্থিতি ঘিরে এমনই গুঞ্জন ছড়িয়েছে টালিউডে। যদিও বিষয়টি এখনো নিশ্চিত করেননি অভিনেত্রী।
দীপাবলিতে দেবের সঙ্গে একসঙ্গে বাজি পোড়ানোর মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন সোহিনী। এরপর থেকেই প্রশ্ন উঠেছে, তবে কি নতুন সিনেমায় জুটি বাঁধতে যাচ্ছেন তারা?
গত পূজায় মুক্তি পেয়েছে দেব অভিনীত সিনেমা ‘দেশু ৭’। সিনেমাটির প্রচারণা শেষে নরওয়ে ঘুরতে যান এই অভিনেতা। সেখানে মেরুজ্যোতির ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। দেশে ফিরে ‘দেশু ৭’-এর বিশেষ প্রদর্শনীতে অংশ নিয়ে দেব জানান, তার পরবর্তী সিনেমা ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’র প্রচারের পরিকল্পনা চলছে। এরপরই শুরু হবে ‘টনিক ২’-এর কাজ।
সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পাওয়া ‘মৃগয়া ১.৫’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে উপস্থিত হয়েছিলেন সোহিনী। সিনেমাটিতে অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।
সেখানে দেবের সঙ্গে দীপাবলি উদ্যাপন এবং নতুন সিনেমায় জুটি বাঁধার সম্ভাবনা নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার ডটকমের পক্ষ থেকে প্রশ্ন করা হয় সোহিনীকে।
জবাবে অভিনেত্রী বলেন, ‘আমরা একসঙ্গে দীপাবলি উদ্যাপন করেছি। তারই একটা মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলাম। তার মানে এই নয় যে আমরা একসঙ্গে কাজ করছি। এমনটা নাও হতে পারে, আবার হতেও পারে। কে বলতে পারে? সময় সবকিছুর উত্তর দেয়, আশা করি এটাও সময় বলবে।’
দেবের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে সোহিনী আরও বলেন, ‘যদি সত্যিই কাজ করতে পারি, তবে খুবই উচ্ছ্বসিত হব। দেব সবার পছন্দের তারকা, দেখা যাক কী হয়।’
সোহিনীর এমন বক্তব্যের পর নতুন সিনেমায় দেবের বিপরীতে তার অভিনয়ের সম্ভাবনা নিয়ে জল্পনা আরও বেড়েছে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো অভিনেত্রীর নাম ঘোষণা করা হয়নি।
জানা গেছে, ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ সিনেমার প্রচার ও মুক্তির পর নিজের জন্মদিন উদ্যাপন শেষে নতুন বছরে ‘টনিক ২’-এর শুটিং শুরু করতে পারেন দেব। এখন দেখার বিষয়, দেব ও পরাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই সিনেমায় সোহিনী গুহ রায়কে দেখা যায় কি না।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন