সঞ্জীব চৌধুরীর স্মরণে ঢাকায় বসছে ট্রিবিউট কনসার্ট ‘হেঁটে গেছি বিরান পথে’
যোগফল প্রতিবেদক:
কিংবদন্তি সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার সঞ্জীব চৌধুরীর স্মরণে রাজধানী ঢাকায় আয়োজন করা হচ্ছে ট্রিবিউট কনসার্ট ‘হেঁটে গেছি বিরান পথে’। আজব কারখানার উদ্যোগে আগামী শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বনানীর বাটারনোট জ্যাজ ক্যাফেতে অনুষ্ঠিত হবে এ কনসার্ট।
২০০৭ সালের ১৯ নভেম্বর মারা যান সঞ্জীব চৌধুরী। তাঁর ১৯তম মৃত্যুবার্ষিকীর পরদিন আয়োজিত এ কনসার্টে সংগীত পরিবেশন করবেন চার শিল্পী—সভ্যতা, সাহস মোস্তাফিজ, ইলা লালালালা ও অনিন্দ্য বিশ্বাস। তাঁরা সঞ্জীব চৌধুরীর জনপ্রিয় গানের পাশাপাশি নিজেদের মৌলিক গানও পরিবেশন করবেন।
আয়োজকদের ভাষ্য, সঞ্জীব চৌধুরীর গান ও সংগীতভাবনার প্রতি শ্রদ্ধা জানানো এবং তাঁর সৃষ্টিকে নতুন করে স্মরণ করে বিভিন্ন প্রজন্মের শ্রোতার কাছে পৌঁছে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
বাংলা গানের জগতে সঞ্জীব চৌধুরী ছিলেন এক স্বতন্ত্র ও স্মরণীয় নাম। দলছুট ব্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা ও ভোকালিস্ট হিসেবে বাংলা ব্যান্ড সংগীতে তিনি গড়ে তুলেছিলেন নিজস্ব পরিচিতি। তাঁর অনন্য কণ্ঠের পাশাপাশি গীতিকার হিসেবেও ছিল স্বতন্ত্র অবস্থান।
তাঁর লেখা ও কণ্ঠে গাওয়া ‘আমি তোমাকেই বলে দেব’, ‘স্বপ্নবাজি’, ‘সমুদ্রসন্তান’, ‘আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ’ ও ‘কথা বলব না’ গানগুলো এখনো শ্রোতাদের কাছে সমান জনপ্রিয়।
শহুরে তরুণ শ্রোতাদের মধ্যে বাংলা লোকগান জনপ্রিয় করে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। দলছুটের পরিবেশনায় শাহ আবদুল করিমের ‘গাড়ি চলে না’ এবং ‘তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ’ গান দুটি নতুন প্রজন্মের কাছেও ব্যাপক পরিচিতি পায়। লোকগান ও আধুনিক সংগীতের মেলবন্ধনে তাঁর অবদান বাংলা সংগীতে বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে।
কনসার্টে অংশ নিতে আর্লি বার্ড টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা এবং অনুষ্ঠানস্থলে টিকিটের মূল্য ১ হাজার টাকা। বিকাশের মেক পেমেন্টের মাধ্যমে ০১৫১১২৫৯৫২৫ অথবা ০১৩৩৯৭৬২১৭০ নম্বরে টাকা পাঠিয়ে টিকিট সংগ্রহ করা যাবে। এ ক্ষেত্রে রেফারেন্সে নিজের নাম ও অনুষ্ঠানের তারিখ উল্লেখ করতে হবে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন