খুঁজুন
advertisement
advertisement
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ, ১৪৩৩

সিলেটের হোটেল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক, মোটরসাইকেলে আগুন

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সিলেটের হোটেল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক, মোটরসাইকেলে আগুন

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

সিলেট নগরীর একটি হোটেলে অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ও জেলা যুবলীগের এক নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন। একপর্যায়ে উত্তেজিত নেতাকর্মীরা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে নগরীর আম্বরখানা এলাকার হোটেল পলাশে এ অভিযান চালানো হয়। আটক অন্য দুজন হলেন হোটেলটির ম্যানেজার শাহীন মিয়া (৪৩) এবং কর্মী শামসুল আমিন।

আটক দেলোয়ার হোসেন গোয়াইনঘাট উপজেলার জাঙ্গাইল তোয়াক্কুল গ্রামের আব্দুল হামিদের ছেলে। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এবং বর্তমানে সিলেট জেলা যুবলীগের নেতা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আম্বরখানার হোটেল পলাশের একটি কক্ষে দেলোয়ার হোসেন অবস্থান করছেন—এমন খবর ছড়িয়ে পড়ে। পরে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর নেতৃত্বে বিএনপি, ছাত্রদল ও যুবদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হোটেলটির সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন।

খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ সেখানে যায়। পরে পুলিশ হোটেলের একটি কক্ষে তল্লাশি চালিয়ে দেলোয়ার হোসেনকে আটক করে। এ সময় হোটেলজুড়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে উত্তেজিত নেতাকর্মীরা এয়ারপোর্ট-আম্বরখানা সড়কে বিক্ষোভ করেন এবং দেলোয়ারের পালসার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ও এলাকাবাসী যৌথভাবে হোটেলটিতে অভিযান চালায়। এ সময় হোটেল ম্যানেজার সেখানে ছাত্রলীগ নেতা নেই বলে জানান। পরে তল্লাশি চালিয়ে দেলোয়ারকে আটক করে এয়ারপোর্ট থানায় নেওয়া হয়।

তিনি বলেন, ছাত্রলীগ নেতার অবস্থান সম্পর্কে পুলিশকে ভুল তথ্য দিয়ে অসহযোগিতা করার অভিযোগে হোটেল ম্যানেজার এবং তল্লাশিতে বাধা দেওয়ায় আরেক কর্মীকে থানায় নেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে তাঁদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, আটক দেলোয়ারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সাম্প্রতিক একটি ঘটনাতেও তাঁর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এসব বিষয় পর্যালোচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাঁকে বুধবার (১৮ নভেম্বর) আদালতে সোপর্দ করা হবে।

মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে বলেও জানান তিনি।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

হিজলায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রাষ্ট্রবিরোধী ফেসবুক পোস্ট, সমালোচনার ঝড়

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
হিজলায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রাষ্ট্রবিরোধী ফেসবুক পোস্ট, সমালোচনার ঝড়

ছবিতে প্রধান শিক্ষক নুর মোহাম্মদ আকন

এস এম মনির হোসাইন | হিজলা (বরিশাল) সংবাদদাতা 

বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ আকনের বিরুদ্ধে তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে রাষ্ট্রবিরোধী ও উস্কানিমূলক পোস্ট করার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সচেতন মহলে তীব্র আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

​অভিযুক্ত প্রধান শিক্ষক নুর মোহাম্মদ আকন উপজেলার বড়জালিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের রশিদ আকনের ছেলে।

​স্থানীয় ও ফেসবুক সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে তিনি তাঁর ফেসবুক আইডিতে লেখেন— "শেখ হাসিনা আসবে রাজপথ কাঁপবে, ইনশাআল্লাহ, দেশের জনগণ শান্তিতে নেই, প্রশাসন ও কথা শোনে না আমাদের। প্রশাসন ও বিএনপির দালালী করে।" এরপর গত ১৭ নভেম্বর মঙ্গলবার রাতে তিনি আবারও পোস্ট করেন— "আলহামদুলিল্লাহ গোপালগঞ্জ স্বাধীন, এক এক করে সব দখল করে নিব। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।"

​এছাড়াও তাঁর ফেসবুক আইডি ঘুরে দেখা যায়, নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন উস্কানিমূলক শত শত পোস্ট তিনি শেয়ার করেছেন। ​একজন দায়িত্বশীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম ও মূল্যবোধের শিক্ষা দিয়ে থাকেন। অথচ তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে এমন রাষ্ট্রবিরোধী ও দলীয় প্রোপাগান্ডামূলক বক্তব্যে সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০২৬ সালের জুনে শিক্ষকদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতামূলক নির্দেশনা জারি করলেও তিনি তা তোয়াক্কা করছেন না। 

এ বিষয়ে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস সিকদার বলেন, "বিষয়টি অনেকেই আমাকে অবহিত করেছেন। তবে ওই শিক্ষককে মোবাইল ফোনে পাওয়া যায়নি, তাঁর কাছে সংবাদ পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।"​উপজেলা শিক্ষা কর্মকর্তা জানান, বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই তাঁকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) পাঠানো হয়েছে এবং তাঁর বিরুদ্ধে আইসিটি আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, "আমি পোস্টগুলো দেখেছি। যেহেতু ওই শিক্ষক একটি সরকারি দপ্তরের অধীনে কর্মরত আছেন, তাই সংশ্লিষ্ট দপ্তর যদি আইনগত সহায়তার আবেদন করে, তবে সে অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।"

পীরগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পীরগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

ছবিতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

মো. আরফান আলী : পীরগঞ্জ (ঠাকূরগাঁও) সংবাদদাতা 

ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক উপজেলা  চত্বরে ১৮ নভেম্বর বুধবার  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

 উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান এর  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) এন এম ইশফাকুল কবীর, 

 বক্তারা বলেন,  বিদেশ থেকে  তেল আমদানী  উপর নির্ভরতা কমাতে এবং সরিষার উৎপাদন বাড়াতে সরকারের এই উদ্যোগ সফল করতে হবে। যারা প্রনোদণা পাবেন তা আবাদ করতে হবে, কোন ব্যবসা করা যাবে না, 

 অনুষ্ঠানে আরো  উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইশরাত জাহান লিমা,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম,  উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার, প্রাণী সম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা লতিফুল হাসান পীরগঞ্জ প্রেস ক্লাব এর সভাপতি জেড এ বাবুল প্রমুখ।

 উল্লেখ্য, ২০২৬-২০২৭ অর্থবছরের প্রণোদনা কর্মসূচীর আওতায় সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ উপজেলায় মোট ৩  হাজার ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে প্রণোদনা হিসেবে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডেপ, ১০ কেজি পটাশ সার প্রদান করা হয়েছে।

ইসলাম ধর্মে সবচেয়ে ভালো কাজ: আধ্যাত্মিকতা ও মানবতার এক অনন্য সমন্বয়

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ইসলাম ধর্মে সবচেয়ে ভালো কাজ: আধ্যাত্মিকতা ও মানবতার এক অনন্য সমন্বয়

সুফি চিন্তক ও আধ্যাত্মিক গবেষক: মোঃ মাহাবুবুর রহমান

সুফি চিন্তক ও আধ্যাত্মিক গবেষক: মোঃ মাহাবুবুর রহমান

ইসলাম কেবল কিছু আনুষ্ঠানিক আচার-অনুষ্ঠানের নাম নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ, ভারসাম্যপূর্ণ ও শাশ্বত জীবন ব্যবস্থা। ইসলামে 'ভালো কাজ' বা 'নেক আমল'-এর পরিধি অত্যন্ত ব্যাপক। এখানে ভালো কাজ বলতে শুধু মসজিদে গিয়ে নামাজ পড়া কিংবা রমজানে রোজা রাখাকেই বোঝায় না; বরং জীবনের প্রতিটি পদক্ষেপে এমন প্রতিটি কাজকে বোঝায়, যা মহান সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালাকে সন্তুষ্ট করে এবং তাঁর সৃষ্টির—বিশেষ করে মানুষের কল্যাণে আসে।

ইসলামের মূল দর্শন অনুযায়ী, মানুষের করণীয় ভালো কাজগুলোকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়েছে। এক, হাক্কুল্লাহ বা আল্লাহর হক। দুই, হাক্কুল ইবাদ বা বান্দার হক। একজন পরিপূর্ণ ও আদর্শ মানুষ হয়ে উঠতে হলে এই দুই হকের মধ্যে সঠিক সমন্বয় সাধন করা অপরিহার্য।

১. হাক্কুল্লাহ বা আল্লাহর হক:
ইসলামে সবচেয়ে বড় এবং মৌলিক ভালো কাজ হলো নিজের ঈমানকে খাঁটি রাখা, মহান আল্লাহর একত্বে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা এবং সকল প্রকার শিরক ও কুসংস্কার থেকে নিজেকে মুক্ত রাখা। ঈমানের পরই আসে ফরজ ইবাদতসমূহের স্থান। যেমন—দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ সময়মতো আদায় করা, পবিত্র রমজান মাসের রোজা রাখা, সামর্থ্য অনুযায়ী নিসাব পরিমাণ সম্পদের যাকাত প্রদান করা এবং জীবনে একবার পবিত্র হজ পালন করা। সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, মহান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সঠিক সময়ে নামাজ আদায় করা। এই ইবাদতগুলো মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে এবং স্রষ্টার সাথে বান্দার নিবিড় সম্পর্ক গড়ে তোলে।

২. হাক্কুল ইবাদ বা বান্দার হক — যা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ:
আধ্যাত্মিকতার প্রকৃত সৌন্দর্য ফুটে ওঠে মানুষের প্রতি মানুষের আচরণে। আজ আমাদের আত্মসমালোচনার সময় এসেছে। আমরা এতদিন যেভাবে স্বার্থপরের মতো চলছিলাম, সেভাবে আর চলা যাবে না। আমাদের নিজেদের চিন্তা ও আচরণকে আমূল পাল্টাতে হবে। সমাজের সাধারণ মানুষকে কষ্ট দিয়ে, ক্ষমতার ভয় দেখিয়ে কিংবা দুর্বলের অধিকার কেড়ে নিয়ে কপালে সেজদার দাগ ফেললেও কখনো প্রকৃত ভালো মুসলমান হওয়া যায় না। কারণ, আল্লাহ তায়ালা তাঁর নিজের হক ক্ষমা করলেও বান্দার হক ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবেন না, যতক্ষণ না সেই ভুক্তভোগী বান্দা ক্ষমা করে।

ইসলামের দৃষ্টিতে বান্দার হকের ক্ষেত্রে সর্বোত্তম কাজগুলো হলো—
- জন্মদাতা পিতা-মাতার সাথে সর্বোচ্চ শ্রদ্ধা, ভালোবাসা ও উত্তম ব্যবহার করা এবং তাঁদের সেবায় নিজেকে নিয়োজিত রাখা।
- বাড়ির পাশের অসহায় ও দরিদ্র প্রতিবেশী, যে হয়তো লোকলজ্জার ভয়ে মুখ ফুটে কিছু বলতে পারে না অথচ তিনবেলা ঠিকমতো খেতে পারে না, নীরবে তার খোঁজ নেওয়া এবং সাধ্যমতো সহায়তা করা।
- পাশের বাড়ির কোনো বৃদ্ধ বা বৃদ্ধা যখন অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে থাকেন, তখন মানবিক দায়িত্ববোধ থেকে তাঁর চিকিৎসা ও সেবায় এগিয়ে আসা।
- ক্ষুধার্ত মানুষকে অন্ন দান করা, বিপদগ্রস্ত ও ঋণগ্রস্ত মানুষকে ঋণের বোঝা থেকে মুক্ত করতে সাহায্য করা এবং পিতৃহীন এতিম শিশুর মাথায় পরম মমতায় হাত বুলিয়ে দেওয়া।

মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ (সা.) অত্যন্ত স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, "তোমাদের মধ্যে সেই ব্যক্তিই সর্বোত্তম, যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী।"

৩. মেধা, জ্ঞান ও চিন্তার সঠিক ব্যবহার:
মহান সৃষ্টিকর্তা মানুষকে যে অমূল্য মেধা, বুদ্ধি ও চিন্তাশক্তি দান করেছেন, তার সঠিক ও কল্যাণকর ব্যবহারই হলো অন্যতম শ্রেষ্ঠ ইবাদত। বর্তমান যুগে তথ্য ও প্রযুক্তির প্রসারের সাথে সাথে মেধার অপব্যবহারও আশঙ্কাজনকভাবে বেড়েছে। ভুল, বানোয়াট ও মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়ে কাউকে বিপদে ফেলা, কারো সম্মানহানি করা কিংবা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা—এগুলো মেধার চরম অপব্যবহার ও জঘন্য পাপ। অন্যদিকে, সঠিক, সত্য ও কল্যাণকর তথ্য দিয়ে মানুষকে সচেতন করা এবং সমাজের মঙ্গল সাধন করাই হলো মেধার প্রকৃত সার্থকতা। মনে রাখতে হবে, মেধার অপব্যবহার যেমন একটি সাজানো জীবনকে ধ্বংস করে দিতে পারে, তেমনি মেধার সঠিক ব্যবহার একটি জীবনকে করে তুলতে পারে সুন্দর, সুশৃঙ্খল ও আনন্দময়।

৪. উত্তম চরিত্রই প্রকৃত মানুষের আসল পরিচয়:
ইসলামে নৈতিকতা ও উত্তম চরিত্রের গুরুত্ব অপরিসীম। হাদিসের ভাষ্যমতে, কিয়ামতের কঠিন দিনে মিজানের পাল্লায় যে আমলটি সবচেয়ে বেশি ভারী হবে, তা হলো বান্দার 'উত্তম চরিত্র'। সর্বদা সত্য কথা বলা, মানুষের গচ্ছিত আমানত রক্ষা করা, নিজের রাগ ও ক্রোধকে নিয়ন্ত্রণ করা, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমা করে দেওয়া, পরনিন্দা বা গীবত এবং অহংকার থেকে নিজেকে দূরে রাখা—এগুলোই একজন প্রকৃত ভালো মানুষ ও খাঁটি মুমিনের আসল পরিচয়।

আমাদের প্রতিটি প্রকাশ্য ও গোপন কাজ মহান আল্লাহ তায়ালা সূক্ষ্মভাবে দেখছেন। চূড়ান্ত বিচারের দিন তাঁর আদালতেই আমাদের সকলকে দাঁড়াতে হবে এবং প্রতিটি কাজের পাই টু পাই হিসাব দিতে হবে। এই চিরন্তন সত্য জানার পরও কেন আমরা অন্যায় ও অবিচারের সাথে জড়াবো? কেন সামান্য স্বার্থের জন্য সহজ-সরল মানুষের হৃদয়ে কষ্ট দেব?

উপসংহার:
আসুন, সময় ফুরিয়ে যাওয়ার আগেই আমরা নিজেদের বদলে ফেলি। মহান স্রষ্টার দেওয়া মেধা, সম্পদ ও আমলকে এমনভাবে ব্যবহার করি, যাতে আমাদের দ্বারা প্রতিটি মানুষ উপকৃত হয়, কেউ যেন বিন্দুমাত্র ক্ষতিগ্রস্ত না হয়। সমাজের যেসব মানুষ প্রকৃত সুন্দর মনের অধিকারী, নির্লোভ ও সাদা-সিধে—আসুন আমরা তাঁদের প্রাপ্য সম্মান ও মর্যাদা দেই। মানুষের চোখের পানি মুছে দেওয়ার মাঝেই প্রকৃত ইবাদতের প্রশান্তি নিহিত। আর এটাই ইসলামের সবচেয়ে ভালো কাজ, এটাই মহান সৃষ্টিকর্তার দিকে শান্তিপূর্ণ ও নিরাপদভাবে ফিরে যাওয়ার একমাত্র পথ।