সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানা
ছবি: সংগৃহীত
যোগফল প্রতিবেদক:
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চট্টগ্রামের বিভাগীয় স্পেশাল জজ আদালত এ রায় ঘোষণা করেন।
রায়ে মামলার ৩৬ আসামির মধ্যে ১৭ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সাইফুজ্জামান চৌধুরী জাবেদের স্ত্রী ও ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান রুখমিলা জামান, ব্যাংকটির সাবেক পরিচালক ও কর্মকর্তা এবং আরামিট গ্রুপের কর্মকর্তারা। বাকি ১৯ আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ না পাওয়ায় তাদের খালাস দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এ মামলায় যুক্তিতর্ক শেষে বৃহস্পতিবার রায়ের দিন ধার্য ছিল। মামলায় মোট ৫৬ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। রায় ঘোষণার সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন চার আসামি। তারা হলেন আরামিট গ্রুপের এজিএম আব্দুল আজিজ, উৎপল পাল, এজিএম জাহাঙ্গীর ও কর্মচারী সুমন।
মামলার অভিযোগপত্রে বলা হয়, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান আরামিট গ্রুপের প্রটোকল অফিসার মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরীকে নামসর্বস্ব প্রতিষ্ঠান ‘ভিশন ট্রেডিং’-এর মালিক দেখিয়ে ইউসিবিএল থেকে ২৫ কোটি টাকার ঋণ অনুমোদন নেওয়া হয়।
পরে ওই অর্থ জাবেদ তার কর্মচারীদের মাধ্যমে উত্তোলন করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করেন এবং বিদেশে সম্পদ কেনার কাজে ব্যবহার করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। ২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে এ ঘটনা ঘটে বলে তদন্তে উঠে আসে।
২০২৫ সালের ২৪ জুলাই দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান বাদী হয়ে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী ও ভাইবোনসহ ৩১ জনের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা কার্যালয়ে মামলাটি করেন।
তদন্ত শেষে গত ৫ জানুয়ারি তদন্ত কর্মকর্তা মো. মশিউর রহমান ৩৬ জনকে আসামি করে চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মোকাররম হোসেন বলেন, বাংলাদেশের কোনো আদালতে দুর্নীতি দমন কমিশন অর্থ পাচারের অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং আদালত সেই মর্মে রায় দিয়েছেন। সাবেক মন্ত্রী দেশের শত শত কোটি টাকা বিদেশে পাচার করেছেন। পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে এ রায় মাইলফলক হিসেবে ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী প্রকৃতি চৌধুরী বলেন, এ রায়ে তারা সন্তুষ্ট হতে পারেননি। ন্যায়বিচার পাওয়ার জন্য তারা উচ্চ আদালতে আপিল করবেন।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন