ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
ছবি: সংগৃহীত
যোগফল প্রতিবেদক:
আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদ জনগণকে সঙ্গে নিয়ে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তিনি বলেছেন, এ জন্য জাতীয় ঐক্য প্রয়োজন। গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। সরকার কিংবা বিরোধী দল নয়, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টায় মুক্তিযুদ্ধের নবম সেক্টর কমান্ডার মেজর এম এ জলিলের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।
রাশেদ প্রধান বলেন, স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দি ছিলেন মেজর এম এ জলিল। তাঁর একমাত্র অপরাধ ছিল, তিনি হিন্দুস্তানের লুটেরা সেনাবাহিনীকে বাংলার সম্পদ লুটপাটে বাধা দিয়েছিলেন। সদ্য স্বাধীন দেশের একজন সেক্টর কমান্ডারকে গ্রেপ্তার করতে তৎকালীন মুজিব সরকারের বিন্দুমাত্র দ্বিধা হয়নি। কারণ, শেখ মুজিব বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা চাননি। তিনি দেশকে পাকিস্তানের বদলে ভারতে পরিণত করেছিলেন বলে মন্তব্য করেন রাশেদ প্রধান।
তিনি আরও বলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন অবস্থান নেওয়ায় মুক্তিযুদ্ধের অন্য সেক্টর কমান্ডারদের ‘বীর উত্তম’ খেতাব দেওয়া হলেও মেজর এম এ জলিলকে সেই সম্মাননা থেকে বঞ্চিত করা হয়েছিল।
জাগপার এই মুখপাত্র বলেন, হিন্দুস্তান ও আওয়ামী লীগের পুরোনো ষড়যন্ত্র এখনো বহাল রয়েছে। জুলাইকে ধারণ করেই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। একই সঙ্গে সব ষড়যন্ত্রের নীলনকশা বাংলার মাটিতে কবর দিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান এবং যুব জাগপা ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক রাকিব হাসানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন