কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন তিন বিভাগ
ছবি: সংগৃহীত
যোগফল প্রতিবেদক:
কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে নতুন তিনটি বিভাগ চালুর চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। অনুমোদিত বিভাগগুলো হলো অর্থনীতি, আইন এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই)। চলতি শিক্ষাবর্ষ থেকেই বিভাগগুলোর একাডেমিক কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে।
নতুন বিভাগগুলোর জন্য ১৮ জন শিক্ষক ও ৬ জন কর্মচারীসহ মোট ২৪টি পদের অনুমোদন দেওয়া হয়েছে।
শুক্রবার বিকেলে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় এ তথ্য জানান ইউজিসির সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল-মামুন।
তিনি জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন তিনটি বিভাগ চালুর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। আধুনিক বিশ্বের চাহিদা বিবেচনায় বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি অর্থনীতি ও আইন বিভাগেরও অনুমোদন দেওয়া হয়েছে।
অধ্যাপক ড. আবদুল্লাহ আল-মামুন আরও জানান, নতুন তিনটি বিভাগের অনুমোদনসংক্রান্ত খসড়ায় আগের দিনই স্বাক্ষর করা হয়েছে। শুক্রবার কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে এসে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
নতুন তিনটি বিভাগ চালু হলে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে বিভাগের সংখ্যা বেড়ে দাঁড়াবে সাতটিতে। এতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিসর সম্প্রসারিত হওয়ার পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি, সামাজিক বিজ্ঞান ও আইন শিক্ষায় উচ্চশিক্ষার নতুন সুযোগ তৈরি হবে।
এদিকে, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার জন্য জমি অধিগ্রহণের সময়সীমাও ঘোষণা করেছেন ইউজিসির এই সদস্য। তিনি জানান, আগামী তিন মাসের মধ্যে স্থায়ী ক্যাম্পাসের জন্য জমি অধিগ্রহণের কার্যক্রম সম্পন্ন করা হবে। এ জন্য মোট ৯৯ একর জমি অধিগ্রহণের পরিকল্পনা রয়েছে।
নতুন তিনটি বিভাগের চূড়ান্ত অনুমোদন এবং স্থায়ী ক্যাম্পাসের জমি অধিগ্রহণের সময়সীমা ঘোষণাকে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন