চুয়াডাঙ্গায় সাংবাদিকের গাড়িতে হামলা-ভাঙচুর, থানায় জিডি
ছবি: সংগৃহীত
যোগফল প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় সাংবাদিক হুসাইন মালিক ও তাঁর পরিবারের সদস্যদের বহনকারী প্রাইভেটকারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের দৌলতদিয়াড় এলাকায় বঙ্গজ লিমিটেডের কাছাকাছি এ ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবারের কেউ আহত না হলেও গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক হুসাইন মালিক।
হুসাইন মালিক বাংলাদেশ সাংবাদিক সমিতির চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক। তিনি বাংলাদেশ বেতার, স্যাটেলাইট টেলিভিশন দীপ্ত এবং জাতীয় অনলাইন সংবাদমাধ্যম জাগো নিউজ টোয়েন্টিফোরের চুয়াডাঙ্গা প্রতিনিধি হিসেবে কর্মরত।
সাংবাদিকের বড় ভাই ও সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান মালিক জানান, তাঁর ভাইয়ের ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সাংবাদিক হুসাইন মালিক, তিনি নিজে এবং পরিবারের কয়েকজন সদস্য প্রাইভেটকারে আলমডাঙ্গা উপজেলার রামদিয়া গ্রামে গিয়েছিলেন।
ফেরার পথে বঙ্গজ লিমিটেডের সামনে পৌঁছালে অজ্ঞাত ব্যক্তিরা গাড়িটির গতিরোধ করে অতর্কিত হামলা চালায়। এ সময় প্রাইভেটকারটি ভাঙচুর করা হয়।
হাসান মালিক বলেন, তিনি রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও ওই সড়কে তাঁর নিয়মিত যাতায়াত নেই। তবে তাঁর ধারণা, সাংবাদিক হুসাইন মালিককে লক্ষ্য করেই এ হামলা হয়ে থাকতে পারে।
চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক মনিরুজ্জামান জানান, হামলার বিষয়টি তিনি অবগত হয়েছেন। এ ঘটনায় সাংবাদিক হুসাইন মালিক থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন