সহিংসতা কমেছে, দেশজুড়ে জোরদার গ্রেপ্তার অভিযান
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী সর্বাত্মক লকডাউন কার্যক্রম ঘিরে কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ, সড়ক অবরোধ, আগুন-ভাঙচুরের মতো সহিংসতা। এর মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মস্থান গোপালগঞ্জে সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটে; বিএনপির তিন সংসদ সদস্যের বাড়িসহ থানায় আগুন দেওয়ার মতো ঘটনা ঘটে। গোপালগঞ্জের এ উত্তাপ ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন স্থানেও। আর এসব সহিংসতার ঘটনায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠের নেতাকর্মীদের গ্রেপ্তারও করা হচ্ছে।
গত ১৯ নভেম্বর লকডাউনের দিনে গোপালগঞ্জসহ দেশের ১৮ জেলায় সহিংসতার ঘটনা ঘটে। এদিন আওয়ামী লীগের সাবেক মন্ত্রীসহ বেশকিছু নেতাকর্মীকে গ্রেপ্তারও করা হয়। লকডাউন কার্যক্রমের আগের দিন ১৮ নভেম্বর সহিংসতা হয় ২২ জেলায়। তবে লকডাউনের পরের দিনে গতকাল শুক্রবার কম জেলায় সহিংস ঘটনা ঘটেছে। সহিংসতার মাত্রাও ছিল তুলনামূলক কম। তবে সহিংসতার তুলনায় এদিন সারা দেশে গ্রেপ্তারের ঘটনা বেশি ছিল।
কয়েক দিনের অস্থিরতার পর গতকাল সকাল থেকে গোপালগঞ্জের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করে। এদিন জেলায় নতুন করে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।
এদিকে কয়েকদিনের হামলা-অগ্নিসংযোগের পর গতকাল গোপালগঞ্জ পরিদর্শন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক।
৩৬ ঘণ্টা পর গোপালগঞ্জ হয়ে যান চলাচল শুরু: মহাসড়কে অবরোধ ও সহিংসতার ঘটনায় আতঙ্কে গোপালগঞ্জ হয়ে চলাচলকারী দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার যানবাহন কার্যত প্রায় ৩৬ ঘণ্টা বন্ধ ছিল। শুক্রবার সকাল থেকে গোপালগঞ্জ হয়ে দেশের দক্ষিণাঞ্চলের চার জেলার যান চলাচল শুরু হয়েছে। এতে স্বস্তি এসেছে পরিবহন মালিক, শ্রমিক ও যাত্রীদের মধ্যে।
পরিবহন মালিক ও শ্রমিকরা বলেন, প্রায় ৩৬ ঘণ্টা বন্ধ থাকার পর গতকাল সকাল ৬টা থেকে আবারও যান চলাচল শুরু হয়েছে। এর আগে মহাসড়কে অবরোধ ও প্রতিবন্ধকতা তৈরির জন্য ফেলে রাখা গাছ সরিয়ে ফেলা হয়।
গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা: গোপালগঞ্জে গতকাল সহিংসতার ঘটনা না ঘটলেও গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) গত দুদিনে নামফলক ভাঙচুর, নামসংবলিত ব্যানার টানানো, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধের ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।
এমন পরিস্থিতিতেও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান উপস্থিতি দেখা যায়নি। তাই নিরাপত্তাহীনতার আশঙ্কায় শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়ে যাচ্ছেন।
এদিকে গোপালগঞ্জে সহিংসতার ঘটনা না ঘটলেও দেশের কয়েকটি জেলায় সহিংসতার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাত পর্যন্ত ৯ জেলায় সহিংসতার খবর পাওয়া গেছে।
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে আগুন: সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের বাসার গলির প্রবেশপথের একটি গেটে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত ৩টা থেকে ৪টার মধ্যে দাড়িয়াপাড়া এলাকায় হুমায়ুন কবিরের বাসার গলিতে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা গেটে কাপড় বা কাগজজাতীয় কোনো বস্তু ঝুলিয়ে তাতে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়।
এ ঘটনায় গতকাল দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরসহ প্রশাসনের কর্মকর্তা ও বিএনপি নেতারা। এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, জেলা প্রশাসক আব্দুল আল মামুন, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনসহ বিএনপি নেতারা।
এদিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মকাণ্ড এবং গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আগুন, নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালন করে বিএনপি। জুমার নামাজের পর সিলেট জেলা ও মহানগর বিএনপির যৌথ আয়োজনে এই বিক্ষোভ মিছিল হয়। এতে নেতৃত্ব দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
নওগাঁয় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির কার্যালয়ে আগুন: নওগাঁর পোরশা উপজেলায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা জড়িত বলে দাবি করেছে পুলিশ। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ১টা থেকে ২টার মধ্যে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সহরন্দ গ্রামে এ ঘটনা ঘটে।
নোয়াখালীতে আওয়ামী লীগের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকে আগুন: নোয়াখালীর বেগমগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল পৌনে ৩টার দিকে চৌমুহনী কাচারি বাড়ির সামনে থেকে নাপিতের পোল এলাকা পর্যন্ত মিছিল করেন দলটির নেতাকর্মীরা।
মিছিলকারীরা একপর্যায়ে নাপিতের পোল এলাকায় গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসের ভবনের সামনের দরজায় পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেন। এ সময় ভবনের দুটি জানালার থাই গ্লাস ভাঙচুর করা হয়। হামলাকারীরা সেখানে প্রায় পাঁচ মিনিট অবস্থান করে চলে যান। তাৎক্ষণিকভাবে ব্যাংকের ভেতরে থাকা কর্মচারীরা বের হয়ে আগুন নিভিয়ে ফেলেন।
চাঁদপুরে বিএনপি কার্যালয়ে আগুন: চাঁদপুরের মতলব উত্তরে আবারও বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের দরজা, মেঝের কিছু অংশ এবং বাইরে থাকা ব্যানারের একাংশ পুড়ে গেছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার ষাটনল ইউনিয়নের পশ্চিম লালপুর গ্রামের বেড়িবাঁধের ওপর অবস্থিত ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের কার্যালয়ে এ আগুনের ঘটনা ঘটে। এর আগে ফতেপুর পূর্ব ইউনিয়নের একটি ওয়ার্ড কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা।
জামালগঞ্জে যুবদল নেতার মার্কেটে আগুন: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সদরে যুবদলের কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমানের ফার্নিচার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১টার দিকে দুর্বৃত্তরা আগুন দেয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নরসিংদীতে গ্রামীণ ব্যাংকের ২ শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ: নরসিংদীতে গ্রামীণ ব্যাংকের দুটি শাখা কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের দেওয়া এ আগুনে ব্যাংকের একটি বাইসাইকেল ও কিছু কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলার বেলাব উপজেলার গাংকুলপাড়া গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয় ও পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নে বাড়াচর গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে এ ঘটনা ঘটে।
বাঁশখালীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল: চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। একই দিন সকালে উপজেলার একটি সরকারি বিদ্যালয়ের নামফলক ঢেকে সেখানে ‘বাঁশখালী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়’ লেখা ব্যানার লাগানো হয়েছে।
শুক্রবার উপজেলার মহাজনঘাটা এলাকায় মিছিল এবং শীলকূপ ইউনিয়নে বিদ্যালয়ের নামফলক পরিবর্তনের ঘটনা ঘটে। দুটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
পঞ্চগড় ডিসি কার্যালয়ে দিনভর বোমা আতঙ্কের পর মিলল আওয়ামী লীগের ৮ দফা স্মারকলিপি: পঞ্চগড় জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় চত্বর থেকে উদ্ধার হওয়া লাল টেপে মোড়ানো বোমাসদৃশ একটি টিফিন বক্স প্রায় ১৬ ঘণ্টা পর খুলেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) বম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে সেটি জেলা প্রশাসকের কার্যালয়ের মাঠে একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পরে টিফিন বক্সটি ধ্বংস করতে গিয়ে লাল টেপ সরিয়ে বক্সটি খুলতেই ভেতরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কমিটির লোগোযুক্ত আট দফা দাবির একটি স্মারকলিপি পাওয়া যায়। এতে দলীয় নেতাকর্মীদের নামে করা মামলা প্রত্যাহার ও পুলিশি হয়রানি বন্ধসহ নানা দাবি লেখা ছিল।
এর আগে বৃহস্পতিবার সকাল ৬টার পর জেলা প্রশাসকের কার্যালয়ের হেল্প ডেস্কের পাশে লাল টেপে মোড়ানো বস্তুটি দেখতে পান কার্যালয়ের কর্মচারীরা।
সীতাকুণ্ডের সাবেক এমপি মামুনের বাড়িতে আগুন: চট্টগ্রামের সীতাকুণ্ডে সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম আল মামুনের বাড়িতে হামলা-ভাঙচুর শেষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। শুক্রবার ফেসবুকে পোস্ট দিয়ে এ তথ্য প্রকাশ করেন আল মামুনের ব্যক্তিগত সহকারী সাইদুর রহমান মারুফ।
সহিংসতার ঘটনা কমলেও তুলনামূলক বেড়েছে গ্রেপ্তারের ঘটনা। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাত পর্যন্ত রাজধানী ঢাকাসহ বেশ কয়েকটি জেলায় নাশকতার অভিযোগে আওয়ামী লীগ ও
অঙ্গ-সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে।
রাজধানীতে আওয়ামী লীগের ১২৪ নেতাকর্মী গ্রেপ্তার: এক দিনে ঢাকায় ৪৭৪ জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ, যাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১২৪ জন রয়েছেন।
শুক্রবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। ডিএমপির তথ্য অনুযায়ী, ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
ডেমরায় পেট্রোলভর্তি পলিথিনের গোলাসহ গ্রেপ্তার ৩: রাজধানীর ডেমরায় নাশকতার চেষ্টার অভিযোগে পেট্রোল ও পেট্রোলভর্তি পলিথিনের গোলাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ইলিয়াছ মিয়া, মো. হানিফ হাওলাদার ও মো. সাইফুল ইসলাম ওরফে রিয়াজ।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডেমরা থানার কোনাপাড়া এলাকা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
সাবেক এমপি দোলন ও অভিনেতা তমালসহ ৩ জন রিমান্ডে: রাজধানীর ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন, অভিনেতা মো. আরিফ মাহমুদ তমাল ও সাবেক সচিব মো. মিজানুর রহমানকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত এ আদেশ দেন।
মায়ের কবর জিয়ারত করতে গিয়ে রাসিকের সাবেক কাউন্সিলর গ্রেপ্তার: রাজশাহীতে মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তার হয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান টুকু। শুক্রবার নগরের মহিষবাথান কবরস্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নুরুজ্জামান টুকু জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী। তার একটি পা স্বাভাবিক নয়। শারীরিক প্রতিবন্ধকতা নিয়েই দীর্ঘদিন ধরে তিনি এলাকায় বসবাসের পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পরও তিনি নিজ এলাকায় অবস্থান করছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
পুঠিয়ায় বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা আটক: রাজশাহীর পুঠিয়ায় বিএনপি নেতা ও পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আল মামুন খানের শ্বশুরবাড়ি থেকে মো. হাবিবুর রহমান নামে এক যুবলীগ নেতাকে আটক করেছেন স্থানীয় লোকজন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক হাবিবুর রহমান নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বলে জানা গেছে।
বাবুগঞ্জে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার: বরিশালের বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার দেহেরগতি ইউনিয়নে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কামাল হোসেনকে বরিশাল বিমানবন্দর থানায় করা নাশকতার অভিযোগ-সংক্রান্ত একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
ধুনটে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার: বগুড়ার ধুনটে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে করা মামলায় পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জহুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে ধুনট থানা থেকে তাকে বগুড়া আদালতে পাঠানো হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নবীনগরে জুমার নামাজ শেষে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি ওমর ফারুককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার নিজ গ্রাম আলমনগরে জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।
লালপুরে আওয়ামী লীগ ও যুবলীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার: নাটোরের লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের পৃথক দুটি মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নেতাকর্মীরা হলেন—আড়বাব ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, গোপালপুর পৌর যুবলীগের সাবেক সদস্য মো. আনোয়ারুল আজিম বাপ্পি, উপজেলা যুবলীগের সদস্য মো. শামীম আহমেদ ও বালিতিতা মহেশপুর গ্রামের মো. ইব্রাহিম সরদার শুকুর।
বগুড়ায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার: বগুড়ার শেরপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নেতারা হলেন—শেরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সদস্য ইস্তিয়াক রনি, উপজেলার সুঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সেলিম রেজা ও মির্জাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদ রানা।
সরিষাবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার: জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের মামলায় মো. ইলিয়াছ ওরফে ইলি নামে এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রায়দেরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইলিয়াছ উপজেলার ডোয়াইল ইউনিয়নের রায়দেরপাড়া এলাকার বাসিন্দা এবং ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
আদমদীঘিতে আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার: বগুড়ার আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নিসরুল হামিদ ফুতু ও উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মুন্টিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় তাদের নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গাইবান্ধায় যুবলীগ নেতা গ্রেপ্তার: গাইবান্ধার সাঘাটায় যুবলীগের সাবেক নেতা নুরনবী বেপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
নুরনবী বেপারী উপজেলার ঝরা বর্ষা গ্রামের বাসিন্দা। তিনি ছাত্রলীগের গাইবান্ধা সরকারি কলেজ শাখার সাবেক সহসভাপতি এবং ঘুড়িদহ ইউনিয়ন যুবলীগের সাবেক সহসভাপতি ছিলেন।
সিলেটে আওয়ামী লীগের ২ কর্মী গ্রেপ্তার: সিলেট নগরের চালিবন্দর এলাকায় চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় আওয়ামী লীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার নগরের ছড়ারপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানা-পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নগরের ছড়ারপাড় এলাকার (সুগন্ধা-৬২) মো. মাছুম আহমেদ ও কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের নাসিমুর রহমান ওরফে নাসিম। নাসিমুর বর্তমানে ছড়ারপাড়ের বউবাজার এলাকায় বসবাস করেন।
ময়মনসিংহে ‘১০০ টাকায়’ আওয়ামী লীগের মিছিলে, ৬ কিশোর আটক: ময়মনসিংহে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ছয় কিশোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে নগরের কাশর বোররচর ভবনের সামনে তিন রাস্তার মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশের দাবি, মিছিলে অংশ নেওয়ার জন্য প্রত্যেক কিশোরকে ১০০ টাকা করে দেওয়া হয়েছিল।
আটক কিশোরদের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে। তাদের মধ্যে দুজন দশম ও নবম শ্রেণির শিক্ষার্থী। অন্যরা মোবাইল ফোন মেরামত, অটোরিকশা মেরামত, বাসের চালকের সহকারী ও জুতার দোকানের কর্মী।
[তথ্য দিয়েছেন কালবেলা প্রতিবেদক (ঢাকা), সিলেট, রাজশাহী, নোয়াখালী, নরসিংদী, সুনামগঞ্জ, পঞ্চগড়, বগুড়া, ধুনট ও আদমদীঘি, সীতাকুণ্ড (চট্টগ্রাম), বাবুগঞ্জ (বরিশাল), নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া), লালপুর (নাটোর), সরিষাবাড়ী (জামালপুর) এবং গোবিপ্রবি প্রতিনিধি]
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোগফল. কম



আপনার মতামত লিখুন