খুঁজুন
advertisement
advertisement
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ, ১৪৩৩

বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে আটকা, ট্রলারে ফিরছেন সাড়ে ৩০০ পর্যটক

বার্তা বিভাগ
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ৭:১৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিন দ্বীপে আটকে পড়া পর্যটকদের মধ্যে সাড়ে ৩০০ জন ট্রলারে করে কক্সবাজারের টেকনাফে ফিরছেন। শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ১০টি ট্রলারে করে তারা দ্বীপ ছেড়েছেন। তবে ট্রলারের সংকট থাকায় এখনো অনেক পর্যটক জেটিঘাটে অপেক্ষা করছেন।

বৈরী আবহাওয়ার কারণে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। এতে কক্সবাজার থেকে জাহাজে দ্বীপ ভ্রমণে গিয়ে প্রায় এক হাজার পর্যটক আটকা পড়েন।

টেকনাফ-সেন্টমার্টিন ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ শনিবার দুপুরে বলেন, বৈরী আবহাওয়ায় অনেক পর্যটক দ্বীপে আটকা পড়েছেন। এতে কেউ কেউ আর্থিক সংকটে পড়েছেন। তাদের কথা বিবেচনা করে স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে সকাল থেকে ট্রলারে পর্যটকদের ফিরিয়ে নেওয়া হচ্ছে।

তিনি জানান, প্রতিটি ট্রলারে ৩০ থেকে ৩৫ জন করে মোট সাড়ে ৩০০ পর্যটক টেকনাফের উদ্দেশে রওনা হয়েছেন। ট্রলারের সংকট থাকায় আরও অনেক পর্যটক সেন্টমার্টিন জেটিঘাটে অপেক্ষা করছেন।

রাজশাহী থেকে পরিবারের সদস্যদের নিয়ে দ্বীপে বেড়াতে আসা পর্যটক খলিলুর রহমান জানান, পরিবারের নয় সদস্যকে নিয়ে আনন্দ ভ্রমণে সেন্টমার্টিনে এসেছিলেন। কিন্তু আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তারা আটকা পড়েছেন। আনন্দ ভ্রমণ এখন দুর্ভোগে পরিণত হয়েছে। ভ্রমণের বাজেটও শেষ হয়ে গেছে। তাই যেকোনো উপায়ে দ্বীপ ছেড়ে ফিরতে চান। বর্তমানে ট্রলারের জন্য অপেক্ষা করছেন তারা।

সেন্টমার্টিনের সৈকতকর্মী নুরুল আমিন বলেন, দ্বীপে আটকা পড়া পর্যটকদের অনেকে শনিবার সকাল থেকে ট্রলারে করে টেকনাফের উদ্দেশে রওনা হয়েছেন। এরই মধ্যে ১০টি ট্রলার দ্বীপ ছেড়েছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, বৈরী আবহাওয়ায় আটকা পড়া পর্যটকদের মধ্যে যারা ফিরতে চান, তারা ট্রলারে করে টেকনাফে চলে যাচ্ছেন। সেন্টমার্টিন জেটিঘাট থেকে ট্রলারে উঠে তারা টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাটে পৌঁছাবেন। যারা দ্বীপে থাকতে চান, তারা অবস্থান করছেন। কক্সবাজার থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হলে অবশিষ্ট পর্যটকেরা জাহাজে করে ফিরবেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী বলেন, বৈরী আবহাওয়ার কারণে দ্বীপে আটকা পড়া পর্যটকদের মধ্যে বিশেষ জরুরি প্রয়োজন ও আর্থিক সংকটে থাকা কিছু পর্যটক সেন্টমার্টিন থেকে টেকনাফে ফিরছেন। দ্বীপে অবস্থানরত পর্যটকদের খোঁজখবর রাখা হচ্ছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি বছরের ৫ নভেম্বর থেকে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়। এ মৌসুমে এ রুটে পাঁচটি জাহাজ চলাচলের অনুমতি পেয়েছে। মৌসুম শুরুর পর পর্যটকের সংখ্যা বাড়তে থাকে। গত ১৩ নভেম্বর চারটি জাহাজে করে সেন্টমার্টিন ভ্রমণ করেন ১ হাজার ৭৫৪ জন পর্যটক, যা মৌসুম শুরুর পর এক দিনে সর্বোচ্চ যাতায়াত। বুধবারও চারটি জাহাজে করে দ্বীপে যান ১ হাজার ২৪১ জন পর্যটক। এর মধ্যে এমভি বারো আউলিয়ায় ৪৭২, কর্ণফুলী এক্সপ্রেসে ৩৭২, এমভি টেকনাফে ১৪৫ এবং এমভি মালঞ্চে ২৫২ জন ছিলেন।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের ১ নভেম্বর থেকে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত সেন্টমার্টিনে পর্যটকদের যাতায়াতের সুযোগ রয়েছে। এ সময় পর্যটকেরা দ্বীপে ভ্রমণের পাশাপাশি রাত্রিযাপনও করতে পারবেন। প্রত্যেক পর্যটককে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি দিতে হচ্ছে। ভ্রমণের জন্য ট্রাভেল পাস ও কিউআর কোডযুক্ত টিকিট বাধ্যতামূলক করা হয়েছে।

দ্বীপের ভঙ্গুর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটকদের জন্য একাধিক বিধিনিষেধ রয়েছে। রাতে সৈকত ও আশপাশের এলাকায় আলো জ্বালানো, উচ্চ শব্দ সৃষ্টি এবং বারবিকিউ পার্টির আয়োজন নিষিদ্ধ। এ ছাড়া সৈকতে মোটরসাইকেল ও সি-বাইক চলাচল এবং দ্বীপের প্রাকৃতিক সম্পদ সংগ্রহেও নিষেধাজ্ঞা রয়েছে।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

advertisement
advertisement

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বাউবিতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

বার্তা বিভাগ
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বাউবিতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

ছবি বাউবি মসজিদ

যোগফল প্রতিবেদন | অনলাইন 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 

গত ২০ নভেম্বর ২০২৬ তারিখ শুক্রবার বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ মূল ক্যাম্পাসের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বাউবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের নির্দেশক্রমে যুগ্ম পরিচালক ও উপাচার্যের দপ্তরের একান্ত সচিব মো. আশরাফুল ইসলাম দোয়া মোনাজাত অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে বাস্তবায়নে জোরালো ভূমিকা রাখেন।

এতে অংশ নেন বিভিন্ন স্কুলের শিক্ষক, বিভাগের পরিচালক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীসহ কয়েক শতাধিক মুসল্লি।
দোয়া ও মোনাজাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

উল্লেখ্য, তারেক রহমান ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান।

কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন

বার্তা বিভাগ
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন

ছবিতে মনোনীত মাওলানা সালমান আহমদ সুজন

আমির হোসাইন | সুনামগঞ্জ জেলা সংবাদদাতা 

কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা সালমান আহমদ সুজন।

আগামী ২১ নভেম্বর ২০২৬ ইং তারিখে জেলা পর্যায়ের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে কওমী ইয়ুথ ক্লাবের পক্ষ থেকে তাঁকে এ দায়িত্বে অন্তর্ভুক্তির বিষয়ে সম্মতি জানানো হয়।

মাওলানা সালমান আহমদ সুজন বর্তমানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দীর্ঘদিন ধরে দ্বীনি, সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

তাঁর এ মনোনয়নে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সংগঠনের সংশ্লিষ্ট ব্যক্তিরা আশাবাদ ব্যক্ত করেছেন যে, তাঁর অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও কর্মতৎপরতা কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা শাখার কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।

নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্য মাওলানা সালমান আহমদ সুজন তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সকলের দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করেছেন।

নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিতন

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১:০৫ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
নরসিংদীতে  নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিতন
আবু নাঈম রিপন | নরসিংদী জেলা সংবাদদাতা 

নরসিংদী জেলায় ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা ,অক্টোবর,-২০২৬ এর মাঠ পর্যায়ের কার্যক্রম অত্যন্ত সুশৃঙ্খল, অবাধ ও স্বচ্ছতার সাথে সম্পন্ন করার লক্ষ্যে দায়িত্বরত পুলিশ অফিসার ও ফোর্সদের নিয়ে এক বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

 ২১ নভেম্বর, ২০২৬ (শনিবার) নরসিংদী পুলিশ লাইন্সে আয়োজিত এই ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন নরসিংদী জেলার পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক, বিপিএম-সেবা ।

ব্রিফিংকালে পুলিশ সুপার বলেন, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। 

নিয়োগ কার্যক্রমে কোন ধরনের অনিয়ম বা স্বজনপ্রীতির কোন  সুযোগ নেই। তিনি মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকারী প্রত্যেক অফিসার ও ফোর্সকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান।

উক্ত ব্রিফিং প্যারেডে  নরসিংদী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ নিয়োগ ডিউটিতে নিয়োজিত সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন।