নড়াইলে দুই শতাধিক হিন্দু বাড়িতে হামলার খবর গুজব, পুলিশের দাবি
ছবি: সংগৃহীত
যোগফল প্রতিবেদক:
নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা নিহতের ঘটনার জেরে সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়িসহ অন্তত ১৫ থেকে ১৬টি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে হিন্দুদের বাড়িঘরসহ দুই শতাধিক স্থাপনায় হামলা, ভাঙচুর ও লুটপাটের যে খবর ছড়িয়েছে, তা ভিত্তিহীন বলে দাবি করেছে জেলা পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) নড়াইল জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কালিয়া পৌরসভার বেন্দারচর এলাকায় কোনো হিন্দু বসতি নেই। সেখানে কোনো হিন্দু পরিবার বা ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটেনি।
পুলিশের দাবি, দেশ-বিদেশে সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা পূর্বপরিকল্পিতভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিওসহ বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৮ নভেম্বর সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে কালিয়া থানার বেন্দারচর সুইচগেটসংলগ্ন বটতলা এলাকায় বিএনপির একটি মিছিলে হামলার ঘটনা ঘটে। এতে কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন শেখ (৪৫) এবং কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যা (৪০) নিহত হন।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাৎক্ষণিক অভিযান চালিয়ে বেন্দারচর গ্রামের দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাস (২১) নামের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
জোড়া হত্যাকাণ্ডের জেরে শুক্রবার (২০ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে নিহতদের বিক্ষুব্ধ স্বজন ও উত্তেজিত লোকজন বেন্দারচর গ্রামে জড়ো হন। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি বাড়িতে হামলার ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
খবর পেয়ে কালিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন