সিপিডির মজুরি প্রস্তাবে বিজিএমইএর ৬ আপত্তি, সামনে আনল ২৮৭ কারখানা বন্ধের তথ্য
বার্তা বিভাগ
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ৭:১৬ অপরাহ্ণ
প্রতিবেদকের সকল নিউজ
ছবি সংগৃহীত
যোগফল ।। জেলা সংবাদদাতা
র্তৈর্রির্পোশাক খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এর প্রস্তাবের ৬টি বিষয়ে আপত্তি জানিয়েছে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।
গত ১৮ নভেম্বর সিপিডি প্রস্তাব দেয়, আলোচনার মাধ্যমে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে নির্ধারণ করা হোক।
সিপিডির হিসাবে, মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করলে ২০২৩ সালে নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকার ন্যূনতম মজুরি বর্তমানে ১৬ হাজার ৩৫১ টাকার সমান। অন্যদিকে, চার সদস্যের একটি পরিবারকে দারিদ্র্যসীমার ওপরে রাখতে মাসে প্রয়োজন ১৮ হাজার ৫৭৮ টাকা। আর ন্যূনতম মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য প্রয়োজন ২৪ হাজার ২০৪ টাকা।
সিপিডির এই প্রস্তাবের ওপর গত ১৯ নভেম্বর সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদের কাছে চিঠি পাঠিয়ে নিজেদের পর্যবেক্ষণ ও পাল্টা পরিসংখ্যান তুলে ধরেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। চিঠিতে সংগঠনটি সিপিডির গবেষণা উদ্যোগকে স্বাগত জানালেও তথ্য ও হিসাব পদ্ধতির কয়েকটি বিষয়ে ব্যাখ্যা চেয়েছে।
১. পরিবারের সদস্য ও উপার্জনক্ষম ব্যক্তির সংখ্যা নিয়ে প্রশ্ন
সিপিডি পাঁচটি গবেষণা প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে একটি পোশাক শ্রমিক পরিবারের মধ্যক (মিডিয়ান) সদস্যসংখ্যা চারজন এবং উপার্জনক্ষম সদস্য ১ দশমিক ৫৮ জন নির্ধারণ করেছে।
বিজিএমইএর মতে, এ ক্ষেত্রে মধ্যকের পরিবর্তে গড় হিসাব ব্যবহার করা হলে বিভিন্ন গবেষণার তথ্য আরও যথাযথভাবে প্রতিফলিত হতো। সংগঠনটি বলেছে, সিপিডির নিজস্ব ২০২৩ সালের পোশাক শ্রমিক জরিপে একটি পরিবারের গড় সদস্যসংখ্যা ছিল ৩ দশমিক ৭ জন। উপার্জনক্ষম সদস্য ছিলেন দুজন। অথচ নতুন গবেষণায় তিন বছরের ব্যবধানে পরিবারের সদস্যসংখ্যা বেড়ে চারজন এবং উপার্জনক্ষম সদস্য কমে ১ দশমিক ৫৮ জন হয়েছে। এই পরিবর্তনের পেছনে কী কারণ রয়েছে, তা স্পষ্ট হওয়া প্রয়োজন।
২. ঢাকা-আরবান এলাকার দারিদ্র্যসীমা দিয়ে পুরো দেশের হিসাব নিয়ে আপত্তি
পুরো পোশাক শিল্পের জন্য শুধু ঢাকা-আরবান এলাকার দারিদ্র্যসীমা বিবেচনা করা যৌক্তিক নয় বলে মনে করে বিজিএমইএ। কারণ, তাদের হিসাবে ঢাকা-আরবান এলাকার কারখানা থেকে দেশের মোট পোশাক রপ্তানির মাত্র ৯ শতাংশ আসে।
৩. আবাসন ব্যয় দুবার গণনার আশঙ্কা
বিজিএমইএর ভাষ্য, সিপিডি এনকার পদ্ধতিতে খাদ্য ব্যয়ের ০.৮৬৬৭ গুণ হারে খাদ্যবহির্ভূত ব্যয় নির্ধারণ করেছে। এর সঙ্গে আলাদাভাবে আবাসন ব্যয় হিসেবে ১০ হাজার টাকা যোগ করা হয়েছে।
বিজিএমইএর দাবি, খানা আয়-ব্যয় জরিপ ২০২২-এর খাদ্যবহির্ভূত ব্যয়ের মধ্যেই আবাসন খরচ অন্তর্ভুক্ত রয়েছে। ফলে আলাদাভাবে আবাসন ব্যয় যোগ করলে একই খরচ দুবার হিসাব করার আশঙ্কা তৈরি হয়। এ কারণে সিপিডির হিসাব পদ্ধতি আরও স্পষ্ট করার দাবি জানিয়েছে সংগঠনটি।
৪. উৎপাদন ব্যয় বেড়েছে, রপ্তানি মূল্য কমেছে
বিজিএমইএর দাবি, গত ৩ বছরে উৎপাদন ব্যয় বেড়েছে ২৫ থেকে ৩০ শতাংশ। অথচ একই সময়ে রপ্তানি মূল্য কমেছে ২ দশমিক ৬ শতাংশ। অন্যদিকে ব্যাংক ঋণের সুদের হার বেড়ে দাঁড়িয়েছে ১২ থেকে ১৬ শতাংশে। কমেছে রপ্তানি প্রণোদনাও। সংগঠনটির হিসাবে রপ্তানি প্রণোদনা কমেছে প্রায় ৭০ শতাংশ।
৫. গত ৩ বছরে ২৮৭টি কারখানা বন্ধ
এসব চাপের মধ্যে গত ৩ বছরে ২৮৭টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে বিজিএমইএ। আরও অনেক কারখানা আর্থিক ঝুঁকিতে রয়েছে বলে জানায় সংগঠনটি।
এ প্রসঙ্গে উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর বাণিজ্যমন্ত্রী সংসদে জানিয়েছিলেন, ২০২৩ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত মোট ৪০২টি পোশাক কারখানা বন্ধ হয়েছে। এর মধ্যে বিজিএমইএর সদস্য ২৮২টি এবং বিকেএমইএর সদস্য ১২০টি কারখানা রয়েছে।
৬. প্রতিযোগী দেশের তুলনায় বাংলাদেশে মজুরি বেশি বেড়েছে
বিজিএমইএ জানায়, ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে বাংলাদেশে ন্যূনতম মজুরি বেড়েছে ১৩৬ শতাংশ। যেখানে ভারত, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় বেড়েছে যথাক্রমে ৫৯, ৫৪ ও ৫০ শতাংশ।
বিজিএমইএর মতে, মজুরি নির্ধারণে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ের পাশাপাশি শিল্পের সক্ষমতা, আন্তর্জাতিক প্রতিযোগিতা ও সামগ্রিক ব্যবসায়িক পরিস্থিতিও বিবেচনায় নেওয়া প্রয়োজন।
চিঠিতে ২০২৩ সালে নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরির পরবর্তী ইনক্রিমেন্ট এবং ২০২৪ সালে দেওয়া ৯ শতাংশ ইনক্রিমেন্ট বিবেচনায় নেওয়ার বিষয়টিও তুলে ধরেছে সংগঠনটি।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল . কম



আপনার মতামত লিখুন