ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানালেন শামীম ওসমান
যোগফল প্রতিবেদক:
ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা এ কে এম শামীম ওসমান। নিজের অসুস্থতার কথা জানিয়ে তিনি বলেছেন, তার ক্যানসার চতুর্থ পর্যায়ে রয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ‘নেত্রীর ফেরা ও আমাদের মুক্তির সংগ্রাম’ নামের একটি ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচারে যুক্ত হয়ে নিজের শারীরিক অবস্থার কথা জানান তিনি।
ভিডিওতে সঞ্চালক শাহাদাত রাসএলকে শামীম ওসমান বলেন, ‘আমি আপনার সঙ্গে কথা বলছি, আমি যখন চিকিৎসারত অবস্থায় আছি। আমার ক্যানসার হয়েছে। আল্লাহ যা করেন নিশ্চয়ই ভালো করেন। আমি এতে ভয় পাই না। আমি ভয় পাওয়ার লোক না।’
এ সময় তিনি ‘টিম ৭১’ নামে একটি দলের প্রসঙ্গ তুলে বলেন, তিনি ওই টিমের অন্যতম সদস্য ছিলেন। তবে নিজেকে কখনো নেতা হিসেবে দাবি করেননি বলেও উল্লেখ করেন।
শামীম ওসমান বলেন, ‘আমার আফসোস, ওই টিমটা (৭১) থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে যে আমার ক্যানসার। আমার ক্যানসার বলা হচ্ছে ফোর্থ স্টেজ। আমি ভয় পাই না। আমি বোমা হামলায় ভয় পাই নাই। আমাকে বহুবার মারার চেষ্টা করছে। আমি ভয় পাই না। এবং আমার আল্লাহর ওপর বিশ্বাস আছে।’
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন