ঝিনাইদহে বিএনপি কার্যালয়ে আগুন, পুড়েছে আসবাবপত্র
ছবির ক্যাপশন
যোগফল প্রতিবেদক:
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির একটি কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার হাসিলবাগ গ্রামে বারবাজার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।
এতে কার্যালয়ে থাকা টেলিভিশন, ফ্যান, চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে।
স্থানীয় ছাত্রদল কর্মী শাকিল খান বলেন, রাত ২টার দিকে এক নারী বিএনপির কার্যালয়ে আগুন দেখতে পান। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় কার্যালয়ের আসবাবপত্র পুড়ে যায়।
কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি অভিযোগ করে বলেন, বৈরী আবহাওয়ার মধ্যে আওয়ামী লীগের নেতারা হাসিলবাগ গ্রামের বিএনপি কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছেন। এতে কার্যালয়ের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে অচিরেই কালীগঞ্জে ঐক্যবদ্ধভাবে মাঠে নামবে বিএনপি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, উপজেলার হাসিলবাগ গ্রামে কে বা কারা বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন