ফুলপুরে নিখোঁজের দুই দিন পর কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার, আটক ৩
ছবির ক্যাপশন
যোগফল প্রতিবেদক:
ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের দুই দিন পর সাম্মত আলী (৬৯) নামে এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের চকঢাকিয়া কান্দা গ্রামে নিজ বাড়ির পেছনের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে গ্রামের একটি মসজিদে ওয়াজ মাহফিল শুনতে বাড়ি থেকে বের হন সাম্মত আলী। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
শনিবার সকালে বাড়ির আঙিনার পেছনে ডোবার জঙ্গলের মধ্যে তার গলাকাটা মরদেহ দেখতে পান পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের ছেলে আবদুর রহমান জানান, প্রতিবেশী আজিজুল হক ও তার স্বজনদের সঙ্গে জমি নিয়ে সাম্মত আলীর দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা চলছিল। এ বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করে থাকতে পারেন বলে পরিবারের সদস্যরা সন্দেহ করছেন।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। জমি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে নিহতের দীর্ঘদিনের বিরোধের বিষয়টি প্রাথমিকভাবে জানা গেছে। পরিবারের পক্ষ থেকেও প্রতিপক্ষের বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করা হয়েছে। তবে হত্যাকাণ্ডে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন