ইসলামী ব্যাংকে ৬ হাজার কোটি টাকা বিনিয়োগের খবরের ভিত্তি নেই
ছবি: সংগৃহীত
যোগফল প্রতিবেদক:
ইসলামী ব্যাংক বাংলাদেশে ৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করে ৭৮ দশমিক ৮ শতাংশ মালিকানা নেওয়ার বিষয়ে সরকারের কোনো আনুষ্ঠানিক উদ্যোগের তথ্য তাদের কাছে নেই বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
রোববার (২২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ।
ব্যাংকটিতে ৬ হাজার কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে ৭৮ দশমিক ৮ শতাংশ মালিকানা নেওয়ার সরকারের প্রস্তাবসংক্রান্ত একটি অনলাইন সংবাদ প্রকাশিত হয় গত ১৭ নভেম্বর। ওই সংবাদে বলা হয়েছিল, ব্যাংকটির বড় অংশের মালিকানা নিতে পারে সরকার।
এ বিষয়ে ব্যাখ্যা জানতে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের কাছে প্রশ্ন পাঠায় ডিএসই। জবাবে ব্যাংকটি জানায়, সরকারের পক্ষ থেকে ব্যাংকের মালিকানায় অংশ নিতে বিনিয়োগের কোনো আগ্রহ বা উদ্যোগের তথ্য তাদের কাছে নেই।
তবে ভবিষ্যতে এ ধরনের কোনো আনুষ্ঠানিক প্রস্তাব বা আগ্রহ পাওয়া গেলে নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান অনুসরণ করে প্রয়োজনীয় তথ্য জানানো হবে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন