কয়রায় পুকুরের পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু
ছবির ক্যাপশন
যোগফল প্রতিবেদক:
খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে জান্নাতি নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বতুল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জান্নাতি বতুল বাজার গ্রামের বাসিন্দা মুকুল সানার মেয়ে।
উত্তর বেদকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম শিশুটির পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর আনুমানিক ১টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির উঠানে খেলছিল জান্নাতি। একপর্যায়ে সবার অজান্তে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছু সময় পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে খোঁজ করে তাকে পানির নিচ থেকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর পরিবারের সদস্যরা শিশুটিকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
স্থানীয়রা জানান, বাড়ির আশপাশে পুকুর থাকায় ছোট শিশুদের ক্ষেত্রে এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। মর্মান্তিক এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে বতুল বাজার ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন