খুঁজুন
advertisement
advertisement
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ, ১৪৩৩

অস্ট্রেলিয়ায় ১২ লাখ কর্মীর চাহিদা, বাংলাদেশিদের জন্য নতুন সম্ভাবনা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ৮:০৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
অস্ট্রেলিয়ায় ১২ লাখ কর্মীর চাহিদা, বাংলাদেশিদের জন্য নতুন সম্ভাবনা

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

আগামী চার বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় প্রায় ১২ লাখ নতুন কর্মীর প্রয়োজন হবে। দেশটির বিভিন্ন খাতে শ্রমিক সংকটের কারণে তৈরি হয়েছে বিপুল কর্মসংস্থানের সুযোগ। এ চাহিদা পূরণে বিদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগের পরিকল্পনা করছে অস্ট্রেলিয়া সরকার। ফলে বাংলাদেশের কর্মীদের জন্যও দেশটির শ্রমবাজারে প্রবেশের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এ সুযোগ কাজে লাগাতে দক্ষ জনশক্তি তৈরি, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ এবং সরকারি উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অস্ট্রেলিয়ায় বর্তমানে বিশেষ করে নার্স, প্রকৌশলী, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ, কৃষি খাতের কর্মীসহ বিভিন্ন পেশাজীবীর চাহিদা রয়েছে। বাংলাদেশের কর্মীরা প্রয়োজনীয় দক্ষতা ও যোগ্যতা অর্জন করতে পারলে এ শ্রমবাজারে নিজেদের অবস্থান তৈরি করতে পারবেন।

শ্রমিক সংকট মোকাবিলায় গত সেপ্টেম্বর মাসে স্থায়ী অভিবাসীর সংখ্যা বাড়ানোর ঘোষণা দেয় অস্ট্রেলিয়া সরকার। চলতি অর্থবছরে দেশটিতে স্থায়ী অভিবাসীর বার্ষিক কোটা ৩৫ হাজার বাড়িয়ে ১ লাখ ৯৫ হাজার করা হয়েছে। এর আগে বছরে সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার স্থায়ী অভিবাসী নেওয়ার সুযোগ ছিল।

ক্যানবেরায় ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত সরকারের জবস অ্যান্ড স্কিলস সামিটে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্লেয়ার ও'নিল বলেন, শ্রমিক সংকটের কারণে অস্ট্রেলিয়ার ব্যবসাপ্রতিষ্ঠানগুলো চাপের মুখে রয়েছে। এ পরিস্থিতিতে নার্স, প্রকৌশলী ও কৃষি খাতের কর্মী নিয়োগের মাধ্যমে সংকট মোকাবিলার চেষ্টা করা হচ্ছে। ব্লুমবার্গের বরাত দিয়ে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

তিনি বলেন, অস্ট্রেলিয়ার অগ্রাধিকার সব সময় দেশটির নাগরিকদের কর্মসংস্থান নিশ্চিত করা। তবে করোনাভাইরাসের প্রভাব এতটাই ব্যাপক ছিল যে, অন্য সব সম্ভাবনা কাজে লাগানোর পরও স্বল্প মেয়াদে দেশটিতে হাজার হাজার কর্মীর ঘাটতি থেকে যাবে।

দক্ষ কর্মী পাঠাতে বাংলাদেশের উদ্যোগ প্রয়োজন

অস্ট্রেলিয়ার শ্রমবাজারে বাংলাদেশের সম্ভাবনা কাজে লাগাতে সরকারের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্ব দিয়েছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষক ড. আবুল হাসনাত মিল্টন।

তিনি বলেন, অস্ট্রেলিয়ায় কর্মীর সংকটকে কাজে লাগাতে বাংলাদেশ সরকারের উদ্যোগ নেওয়া উচিত। বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে আলোচনা করে বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর ব্যবস্থা করতে পারে।

তিনি জানান, আগে বাংলাদেশ থেকে এক বছরের কর্মভিসায় অস্ট্রেলিয়ায় যাওয়ার সুযোগ ছিল। তবে অনেকেই ভিসার মেয়াদ শেষে দেশে ফিরে না আসায় পরবর্তী সময়ে অস্ট্রেলিয়া সরকার এ সুযোগ বন্ধ করে দেয়।

ফিলিপাইনের উদাহরণ টেনে তিনি বলেন, দেশটিতে নিয়োগকারী প্রতিষ্ঠানের মাধ্যমে অস্ট্রেলিয়ার মান অনুযায়ী কর্মীদের দক্ষতা যাচাইয়ের কেন্দ্র রয়েছে। বাংলাদেশেও এ ধরনের দক্ষতা যাচাই কেন্দ্র প্রতিষ্ঠা করা গেলে কর্মীদের যোগ্যতা যাচাই এবং অস্ট্রেলিয়ার শ্রমবাজারে প্রবেশ সহজ হবে।

কোন পথে অস্ট্রেলিয়ায় যাওয়ার সুযোগ

অভিবাসন আইনজীবী ও পরামর্শক প্রতিষ্ঠান স্টাডি সলিউশনের প্রধান নির্বাহী ব্যারিস্টার এরশাদ আহমেদ নিশান বলেন, বর্তমানে বাংলাদেশিদের জন্য অস্ট্রেলিয়ায় যাওয়ার প্রধান তিনটি পথ রয়েছে। এগুলো হলো শিক্ষার্থী ভিসা, পরিবারের সদস্যদের সঙ্গে যাওয়ার জন্য নির্ভরশীল বা ডিপেনডেন্ট ভিসা এবং দক্ষ কর্মীদের জন্য ওয়ার্ক ভিসা।

তিনি বলেন, অস্ট্রেলিয়া দীর্ঘদিন ধরেই শিক্ষার্থী অভিবাসনের মাধ্যমে কর্মীর চাহিদা পূরণের বিষয়টিকে গুরুত্ব দিয়ে আসছে। দেশটিতে পড়তে যাওয়া শিক্ষার্থীদের পরবর্তী সময়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। মেলবোর্ন ও সিডনির বাইরের শহরগুলোতে পড়াশোনা শেষে পাঁচ বছর পর্যন্ত কাজের সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

নিশান জানান, বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী যাওয়ার সংখ্যাও সম্প্রতি বেড়েছে। তার প্রতিষ্ঠানের মাধ্যমে আটজন শিক্ষার্থী স্নাতক, স্নাতকোত্তর ও ডিপ্লোমা পর্যায়ে পড়তে দেশটিতে গেছেন। বাংলাদেশের জন্য ভিসা পাওয়ার প্রক্রিয়াও আগের তুলনায় সহজ হয়েছে বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, বাংলাদেশ এখন কম ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রয়েছে।

তথ্যপ্রযুক্তি খাতে বড় সম্ভাবনা

অস্ট্রেলিয়ার শ্রমবাজারে তথ্যপ্রযুক্তি খাতে উল্লেখযোগ্য কর্মী সংকটের পূর্বাভাস রয়েছে। ফাইন্যান্সিয়াল রিভিউয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী চার বছরে দেশটিতে ১২ লাখ নতুন কর্মীর প্রয়োজন হবে। এর মধ্যে ৯৮ হাজার ৬০০-এর বেশি প্রযুক্তি বিশেষজ্ঞ, ২০ হাজার ৪০০ আইনজীবী এবং ৭ হাজার ৭০০ নিরীক্ষকের চাহিদা রয়েছে।

এসব পেশায় কর্মসংস্থান প্রায় ২ লাখ ৬ হাজার ৬০০টি বাড়তে পারে, যা বর্তমানের তুলনায় প্রায় ১৭ শতাংশ বেশি।

তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ করে আইটি সাপোর্ট ও সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ারদের চাহিদা বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এ খাতে কর্মসংস্থান ৪৩ দশমিক ৭ শতাংশ বেড়ে ১ লাখ ৫৭ হাজারে পৌঁছাতে পারে। এ ছাড়া ডেটাবেজ ও সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর এবং আইটি সাপোর্ট কর্মীদের চাহিদা ৩৫ শতাংশের বেশি বাড়ার সম্ভাবনা রয়েছে।

ইতোমধ্যে অস্ট্রেলিয়ার কয়েকটি প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ নিয়োগ শুরু করেছে। বিশেষ করে পেগা ডেভেলপার ও ইঞ্জিনিয়ার, পিএইচপি ও সিম্ফনি ডেভেলপার, সেলসফোর্স ডেভেলপার এবং ডটনেট ডেভেলপার নিয়োগে আগ্রহ দেখা যাচ্ছে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে এসব নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ভিসা নিয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার পরামর্শ

অস্ট্রেলিয়ায় কর্মীর চাহিদা বাড়ার খবর ছড়িয়ে পড়ার পর একশ্রেণির প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। আকর্ষণীয় বিজ্ঞাপন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালিয়ে অনেককে ভিসার প্রলোভন দেখানো হচ্ছে।

সিডনিতে বসবাসরত বাংলাদেশি অভিবাসন আইনজীবী ও সাংবাদিক কাওসার খান তার সাম্প্রতিক এক নিবন্ধে সতর্ক করে বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই এমন ভিডিও ছড়ানো হয়, যেখানে দাবি করা হয় স্পনসর বা ইংরেজি ভাষার দক্ষতা ছাড়াই শুধু আবেদন করে অস্ট্রেলিয়ার ভিসা পাওয়া সম্ভব। মূলত দর্শক আকৃষ্ট করতে এসব বিভ্রান্তিকর প্রচারণা চালানো হয়। অনেক ভিডিওতে ভিসার শর্ত সম্পর্কেও ভুল তথ্য দেওয়া হয়।

তিনি বলেন, ওয়ার্কিং হলিডে ভিসাকেও অনেক সময় আকর্ষণীয় সুযোগ হিসেবে তুলে ধরা হয়। এ ভিসায় এক বছর অস্ট্রেলিয়ায় অবস্থান ও খণ্ডকালীন কাজের সুযোগ রয়েছে। তবে এ ভিসা কেবল ১৯টি দেশের নাগরিকদের দেওয়া হয়। বাংলাদেশ এমনকি ভারতও এ তালিকায় নেই।

ব্যারিস্টার এরশাদ আহমেদ নিশানও এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তার মতে, মানুষকে প্রতারিত করার জন্য সব সময়ই কিছু অসাধু ব্যক্তি সক্রিয় থাকে। তাই অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে ভিসার নিয়মকানুন সম্পর্কে সঠিক তথ্য জানা এবং প্রতারণার বিষয়ে সচেতন হওয়া জরুরি।

দূতাবাসের সহযোগিতার আশ্বাস

অস্ট্রেলিয়ায় বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর ও প্রথম সচিব মো. সালাহউদ্দিন বলেন, দেশটিতে জনবল সংকটের বিষয়টি বাংলাদেশ সরকার অবগত রয়েছে। যারা স্থায়ীভাবে বসবাসের সুযোগ বা পিআর পেতে চান, তারা প্রচলিত নিয়মে আবেদন করতে পারেন। প্রয়োজন হলে দূতাবাস থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

advertisement
advertisement

চৌদ্দগ্রামে এনসিপি নেতার ব্যানার লাগাতে গিয়ে তিনতলা থেকে পড়ে যুবক আহত

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ৭:৫০ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
চৌদ্দগ্রামে এনসিপি নেতার ব্যানার লাগাতে গিয়ে তিনতলা থেকে পড়ে যুবক আহত

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিবের ব্যানার লাগাতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মো. হোসেন নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ধোড়করা বাজারের কাজী শহীদ মার্কেটে এ দুর্ঘটনা ঘটে। আহত হোসেন পাশের নোয়াপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ধোড়করা বাজারের চিওড়া-ঢালুয়া সড়কের পাশে অবস্থিত কাজী শহীদ মার্কেটের তৃতীয় তলায় রশি দিয়ে এনসিপি নেতা সালাউদ্দিন খান রাজিবের একটি ব্যানার লাগানোর চেষ্টা করছিলেন হোসেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে তিনি নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

এ বিষয়ে বুধবার চৌদ্দগ্রাম উপজেলা এনসিপির সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব বলেন, ‘আমি ঘটনাস্থলে ছিলাম না। দুর্ঘটনার খবর পাওয়ার পর দ্রুত তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তাকে ঢাকার জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা চলছে।’

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

মেহেরপুর সীমান্তে তিন মাসে সাড়ে ৫ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ৭:৪৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
মেহেরপুর সীমান্তে তিন মাসে সাড়ে ৫ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনী সীমান্তে মাত্র তিন মাসে ৫ কোটি ৭৯ লাখ ৫০ হাজার ৬১ টাকা মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে ১৭ জনকে আটক করা হয়েছে।

বিজিবির যশোর রিজিয়নের আওতাধীন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) গত সেপ্টেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত প্রায় তিন মাসে মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্ত এলাকায় বিভিন্ন অভিযান চালিয়ে এসব মাদক ও চোরাচালানি পণ্য আটক করে।

আটক মালামালের মধ্যে রয়েছে ৯৪ দশমিক ২৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি, দুটি আগ্নেয়াস্ত্র, দুটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলি। এ ছাড়া ৯৩৪ বোতল বিদেশি মদ, ৯৪০ বোতল ফেনসিডিল, ১১২ কেজি ৬০৮ গ্রাম গাঁজা, ১২ গ্রাম হেরোইন, ১১৯ পিস ইয়াবা এবং ১ লাখ ৩২ হাজার ১৩ পিস বিভিন্ন ধরনের নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। একই অভিযানে ৯ হাজার ২৫০ কেজি সারসহ অন্যান্য চোরাচালানি পণ্য আটক করা হয়।

বিজিবি জানায়, সীমান্ত দিয়ে মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মানবপাচার ও অবৈধ পারাপার প্রতিরোধে টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ নজরদারির পাশাপাশি স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্তবর্তী জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বাড়াতে নিয়মিত মতবিনিময় ও জনসচেতনতামূলক কার্যক্রমও চালানো হচ্ছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে ব্যাটালিয়নের সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার ও চোরাচালানসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সবসময় প্রস্তুত রয়েছে। সীমান্ত অপরাধ দমনে স্থানীয় জনগণ, প্রশাসন ও সাংবাদিক সমাজের সহযোগিতাও কামনা করেন তিনি।

এদিকে, বুধবার (২৫ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গত সেপ্টেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত যশোর বিজিবি রিজিয়নের কুষ্টিয়া ও খুলনা সেক্টরের সাতটি ব্যাটালিয়ন সীমান্তে অভিযান চালিয়ে ১৫৯ জন আসামিসহ ৯০ কোটি ৬৯ লাখ ৭৭ হাজার ৭৭৮ টাকা মূল্যের মাদক ও চোরাচালানি মালামাল আটক করেছে।

আটক মালামালের মধ্যে রয়েছে ৯ দশমিক ৫৩৮৮ কেজি স্বর্ণ, পাঁচটি আগ্নেয়াস্ত্র, ছয় রাউন্ড গুলি, ৯৪ দশমিক ২৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি, ৩ হাজার ৭০৮ বোতল বিদেশি মদ, ৮ দশমিক ৭৭১ কেজি হেরোইন, ২১৮ দশমিক ৮৯ কেজি গাঁজা, ৭৭ হাজার ৫২৮ পিস ইয়াবা, ১ হাজার ৬০৩ বোতল ফেনসিডিল, ৭ দশমিক ০৯৭ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২২ হাজার ৯৬২ বোতল নেশাজাতীয় সিরাপ এবং ৩ লাখ ২৭ হাজার ৯২৫ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট।

বিজিবি আরও জানায়, কুষ্টিয়া থেকে সাতক্ষীরার সুন্দরবন পর্যন্ত প্রায় ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় মাদক পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সাতটি ব্যাটালিয়নের সদস্যরা সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ৭:৪৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

ছবি সুনামগঞ্জ জেলা সংবাদদাতা

আমির হোসাইন । সুনামগঞ্জ জেলা সংবাদদাতা

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তাহিরপুর উপজেলা শাখার যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর ২০২৬) বেলা ২টায় তাহিরপুর বাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তাহিরপুর উপজেলা শাখার সভাপতি এইচ কে এম মুহিবুর রহমান মহিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ সামছুজ্জামান তালুকদারের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি হাফিজ শেখ রফিকুল ইসলাম হাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাহিরপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক কে এম মামুনুর রশীদ।

সম্মেলনে বক্তারা যুবসমাজকে ইসলামী আদর্শ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সম্মেলনের শেষ পর্যায়ে প্রধান অতিথি ২০২৭-২০২৮ সেশনের জন্য ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তাহিরপুর উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করেন। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে হাফেজ সামছুজ্জামান তালুকদার, সহ-সভাপতি হিসেবে হাফেজ কবিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সম্পাদক হিসেবে কে এম মাজহারুল ইসলাম মাজহারকে দায়িত্ব প্রদান করা হয়।

নতুন কমিটির নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়ন এবং তাহিরপুর উপজেলার যুবসমাজকে ইসলামী মূল্যবোধে উজ্জীবিত করতে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।