নতুন আলুর বাজার চড়া
ছবি: সংগৃহীত
যোগফল প্রতিবেদক:
শীতের আগাম সবজি বাজারে আসতে শুরু করলেও নতুন আলুর দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি নতুন আলু ১৫০ থেকে ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। চাহিদা বেশি থাকলেও চড়া দামের কারণে বিপাকে পড়েছেন ক্রেতারা।
বাজারে শীতের বিভিন্ন ধরনের সবজি সহজলভ্য হলেও দামের দিক থেকে সবার ওপরে রয়েছে নতুন আলু। কৃষক থেকে শুরু করে খুচরা বিক্রেতা পর্যন্ত বিভিন্ন পর্যায়ে দাম বাড়তে থাকায় ক্রেতাদের বেশি টাকা গুনতে হচ্ছে।
বগুড়া ও দিনাজপুরের কৃষকরা আগাম জাতের আলু মানভেদে মাঠ থেকেই প্রতি কেজি ৫০ থেকে ৭০ টাকা দরে বিক্রি করছেন। অথচ রাজধানীর খুচরা বাজারে সেই আলু বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত। ফলে কৃষকের বিক্রয়মূল্য ও খুচরা বাজারের দামের মধ্যে প্রতি কেজিতে ব্যবধান দাঁড়াচ্ছে ৮০ থেকে ১০০ টাকা।
রাজধানীর কারওয়ান বাজারে পাইকারি পর্যায়ে প্রতি কেজি নতুন আলু ১২৫ থেকে ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে খুচরা বাজারে একই আলুর দাম উঠছে ২০০ টাকা পর্যন্ত।
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষকরা আগাম জাতের কারেজ ও সেভেন আলু উত্তোলন করছেন। মাত্র ৫৫ দিনের মাথায় এসব আলু তুলে প্রতি কেজি ৫০ থেকে ৭০ টাকা দরে বিক্রি করছেন তারা। পাইকাররা সরাসরি কৃষকের ক্ষেত থেকে এসব আলু কিনে নিয়ে যাচ্ছেন।
অন্যদিকে গত মৌসুমে উৎপাদিত পুরোনো আলু বর্তমানে প্রতি কেজি ২২ থেকে ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
নতুন আলুর সরবরাহ বাড়লে বাজারে দাম কমতে পারে বলে আশা করছেন ক্রেতারা।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন