ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
যোগফল প্রতিবেদক:
রাজধানীর কেরাণীগঞ্জে অভিযান চালিয়ে লুণ্ঠিত মালামাল ও দেশীয় অস্ত্রসহ আন্তজেলা ডাকাত দলের আট সদস্যকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (২৫ নভেম্বর) সকাল ৭টার দিকে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ধলেশ্বরী টোলপ্লাজা এলাকায় অস্থায়ী তল্লাশিচৌকি বসিয়ে একটি পণ্যবাহী গাড়িতে তল্লাশি চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
সংশ্লিষ্ট বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দক্ষিণ কেরাণীগঞ্জের বিভিন্ন এলাকায় অবস্থান করে মাদারীপুর, শরীয়তপুর ও বরিশালের বিভিন্ন স্থানে ডাকাতি করতেন। তাঁরা সড়কে গাছ কেটে প্রতিবন্ধকতা তৈরি করে যানবাহনে ডাকাতি করতেন।
গত মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে কেরাণীগঞ্জ মডেল থানার কদমতলী এলাকায় একত্রিত হয়ে একটি পণ্যবাহী গাড়িতে ডাকাতির উদ্দেশ্যে বরিশালে যান তাঁরা। সেখানে সুবিধা করতে না পেরে শরীয়তপুর ও মাদারীপুরের বিভিন্ন এলাকায় ডাকাতি করে ফেরার পথে ধলেশ্বরী টোলপ্লাজা এলাকায় আটক হন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জাকির হোসেন (২৫), জাহিদুল ইসলাম সাগর (৩২), মো. হেলাল (৪৫), কালাম খাঁ (৩৭), মো. লিমন, মো. শওকত আলী শিকদার, আলআমিন (৩৮) ও মুন্না।
তাঁদের মধ্যে জাকির হোসেনের বিরুদ্ধে ডাকাতিসহ মোট চারটি মামলা রয়েছে। কালাম খাঁর বিরুদ্ধে একটি মাদক মামলা, জাহিদুল ইসলাম সাগরের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা এবং মো. হেলালের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির একটি মামলা রয়েছে।
অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পণ্যবাহী গাড়ি, ১০টি দেশীয় ধারালো অস্ত্র, একটি করাত, একটি লোহার শাবল, সাতটি আলোকযন্ত্র, পাঁচটি গামছা, একটি মুখোশসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ ছাড়া লুণ্ঠিত ২০টি মুঠোফোন, একটি ল্যাপটপ, এক জোড়া স্বর্ণের কানের দুল, একটি ভ্রমণ নথি, একটি জাতীয় পরিচয়পত্র, পাঁচটি বিদেশি হাতঘড়ি, পাঁচটি মানিব্যাগ, একটি চেক বই, বিদেশি মুদ্রা, নগদ ৫৭ হাজার টাকা ও বিদেশি চকলেট জব্দ করা হয়েছে।
এদিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ইজিবাইক চালক হত্যার ঘটনায় গত রোববার (২২ নভেম্বর) রাতে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. জুয়েল (৩৯), হারুন মিয়া (৪৪) ও সোহেল রানা (৩৮)। রাত সাড়ে ৮টার দিকে হাসানাবাদ এলাকা থেকে জুয়েল, পৌনে ১০টার দিকে কালিগঞ্জ থেকে হারুন মিয়া এবং রাত সাড়ে ১১টার দিকে খালপাড়া থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন