খুঁজুন
advertisement
advertisement
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩

ফ্যামিলি কার্ড পাচ্ছে ৭৪ হাজার পরিবার, তালিকায় আসছে ৪ কোটি ১০ লাখ পরিবার

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ৭:১০ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ফ্যামিলি কার্ড পাচ্ছে ৭৪ হাজার পরিবার, তালিকায় আসছে ৪ কোটি ১০ লাখ পরিবার

ছবির ক্যাপশন

যোগফল প্রতিবেদক:

পরীক্ষামূলক পর্যায় শেষে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় এখন পর্যন্ত ৭৪ হাজার ২৫৯টি পরিবার ভাতা পাচ্ছে। পর্যায়ক্রমে দেশের প্রায় ৪ কোটি ১০ লাখ পরিবারকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে দেশজুড়ে পরিবারের তথ্য সংগ্রহ চলছে। গত ২৩ নভেম্বর পর্যন্ত ৫৯ লাখ ১৬ হাজার ৭৯৬টি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। একই সঙ্গে ফ্যামিলি কার্ডের উপকারভোগী নির্বাচনে প্রকৃত দরিদ্র ও অসহায় পরিবারকে অগ্রাধিকার এবং অর্থ বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে সংসদীয় কমিটি।

বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে ফ্যামিলি কার্ড চালু করেছে সরকার। নিম্ন আয়ের ও দরিদ্র পরিবারকে সরাসরি আর্থিক সহায়তা দেওয়াই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। এর আওতায় প্রতিটি পরিবারের নারী সদস্যকে মাসে আড়াই হাজার টাকা করে দেওয়া হচ্ছে। গত ১০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন। সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্মসূচিটি বাস্তবায়ন করছে।

পাইলট প্রকল্পে ৭৪ হাজার ২৫৯ পরিবার ভাতার আওতায়

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত পাইলটিং পর্যায়ে দেশের আট বিভাগের ৪২টি জেলার ৫৫টি ওয়ার্ডে ১ লাখ ১২ হাজার ৯৪টি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়।

এর মধ্যে পরিবারের আর্থসামাজিক অবস্থা যাচাইয়ের পদ্ধতি প্রক্সি মিনস টেস্ট (পিএমটি) স্কোরের ভিত্তিতে ৭৭ হাজার ৮৯৪ জন নারীকে ফ্যামিলি কার্ডের জন্য নির্বাচিত করা হয়। পরে মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৭৪ হাজার ২৫৯টি পরিবার ভাতার আওতায় এসেছে।

দেশজুড়ে তথ্য সংগ্রহ চলছে

২০২৬-২৭ অর্থবছরে দেশব্যাপী মূল কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গত ১২ অক্টোবর থেকে সব পরিবারের তথ্য সংগ্রহ শুরু হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে এ কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।

এ কাজে প্রায় ৭০ হাজার তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের জন্য সরবরাহ করা হয়েছে ৬৬ হাজার ৮১৫টি ট্যাব।

ব্যাংক ও মোবাইল ওয়ালেটে পৌঁছাবে ভাতার টাকা

ফ্যামিলি কার্ডের ভাতার অর্থ সরাসরি উপকারভোগীর মোবাইল ওয়ালেট অথবা ব্যাংক হিসাবে পাঠানো হচ্ছে। ব্যাংকের এটিএম বুথ, পয়েন্ট অব সেলস (পিওএস) মেশিন এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের (এমএফএস) এজেন্টের মাধ্যমে এসব অর্থ উত্তোলন ও লেনদেন করা যাবে।

এ কর্মসূচির সঙ্গে সোনালী, জনতা, কৃষি ও পূবালী ব্যাংককে যুক্ত করা হয়েছে। এসব ব্যাংকের মাধ্যমে উপকারভোগীদের ব্যাংক হিসাব খোলা, কার্ড তৈরি ও ব্যাংকিং সেবা দেওয়া হবে।

এ ছাড়া ভাতার অর্থ লেনদেন সহজ করতে বাংলাদেশ ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক ও এমএফএস অপারেটরগুলোর মধ্যে আন্তঃসংযোগ স্থাপনের কাজ চলছে।

উপকারভোগীদের সিমকার্ড সরবরাহ, ইন্টারনেট সেবা এবং ডিভাইসের নিরাপত্তা নিশ্চিত করতে গ্রামীণফোন ও রবিকে কর্মএলাকা ভাগ করে দেওয়া হয়েছে।

স্বচ্ছতা নিশ্চিত করতে তদন্ত ও গণশুনানির উদ্যোগ

সংসদীয় কমিটির বৈঠক শেষে সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফ্যামিলি কার্ডের প্রকৃত উপকারভোগী নির্বাচন, তথ্য যাচাই ও অর্থ বিতরণের প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করার সিদ্ধান্ত হয়েছে।

প্রকৃত উপকারভোগী শনাক্ত করতে প্রয়োজনে একাধিকবার তদন্ত, যাচাই-বাছাই ও গণশুনানির ব্যবস্থাও রয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটিকে জানানো হয়েছে।

বৈঠকে মন্ত্রণালয়ের চলমান প্রকল্পগুলোর অগ্রগতি নিয়মিত পর্যালোচনা এবং পিছিয়ে থাকা প্রকল্পের কাজ দ্রুত শেষ করার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সমাজসেবা অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কার্যক্রম নিয়মিত পরিদর্শন এবং সেবা প্রদানে অনিয়ম বা অব্যবস্থাপনা পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি।

কমিটির সভাপতি মো. শাহজাহান প্রথম আলোকে বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়নের কথা বলা হয়েছে। ধর্ম-বর্ণনির্বিশেষে যাঁরা প্রকৃতপক্ষে কার্ড পাওয়ার যোগ্য, তাঁদের হাতে যেন কার্ড পৌঁছায়, তা নিশ্চিত করতে বলা হয়েছে।

মো. শাহজাহানের সভাপতিত্বে বৈঠকে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনসহ কমিটির অন্যান্য সদস্য অংশ নেন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

advertisement
advertisement

গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় এবার বিজিবির মামলা, আসামি ৫০০৮ জন

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ৬:৪৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় এবার বিজিবির মামলা, আসামি ৫০০৮ জন

ফাইল ফটো

সাইফুল ইসলাম ।। গোপালগঞ্জ জেলা সিংবাদদাতা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) টহলদলের ওপর হামলা, সরকারি যানবাহনে অগ্নিসংযোগ, গোলাবারুদ ধ্বংস ও সরঞ্জাম লুটের অভিযোগে মামলা করা হয়েছে। 

মামলায় নিষিদ্ধ গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লাকে প্রধান আসামি করা হয়েছে। তিনি ছাড়াও গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন খোকন,  উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি শামছুল হক, সহসভাপতি রিপন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন বিশ্বাস (কালু) সহ মোট ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া এ মামলায় অজ্ঞাত ৫ হাজার জনকে আসামি করা হয়েছে।

গত ২৩ নভেম্বর খুলনা থানায় উপস্থিত হয়ে বিজিবির খুলনা সেক্টর সদর দপ্তরের নায়েব সুবেদার মো. শওকত আলী বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলাটি দায়ের করেন।

বৃহস্পতিবার রাতে এতথ্য নিশ্চিত করেছেন গোপালগঞ্জের পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু। 

এজাহার সূত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেসামরিক প্রশাসনকে সহযোগিতার অংশ হিসেবে পুলিশ, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিহাব ইমামের সঙ্গে টহল দিচ্ছিলো বিজিবি। তখন টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পয়ে রওনা দিয়ে উপজেলার নিলফা বাজারে পৌঁছালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কে গাছ ফেলে পথ রোধ করে। তখন বিজিবির পক্ষ থেকে তাদের সরে যাওয়ার অনুরোধ করা হয়। 
একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলা চালিয়ে ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা। এসময় বিজিবির একটি এপিসি ও একটি জিপ গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে বাধা দিতে গেলে বিজিবির নায়েক মো. মনির হোসেন, আসাদুজ্জামান, ফারুক হোসেন ও সহকারী পরিচালক মো. সাইফিয়ার রহমান হামলার শিকার হয়ে গুরুতর আহত হন।

মামলায় আরও উল্লেখ করা হয়, হামলায় বিজিবির একটি পাজেরো জিপ ও একটি এপিসি কোবরা সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া জিপে থাকা ৯০ রাউন্ড গুলিসহ তিনটি এসএমজির ম্যাগাজিনও পুড়ে ভস্মীভূত হয়। অপর একটি এপিসির টায়ার, ফগ লাইট ও পিকআপের উইন্ডশিল্ড ক্ষতিগ্রস্ত হয়। 
এ ছাড়া বিজিবির গাড়িতে থাকা একটি সরকারি এইচপি ল্যাপটপ, ওয়াকিটকি সেট, ব্যাটারি ও চার্জার লুট করা হয়। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির আনুমানিক মূল্য ৬ কোটি ৫১ লাখ টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

গোপালগঞ্জের পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু বলেন, বিজিবির গাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় বিজিবির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। তবে এ মামলায় এখন পর্যন্ত কোনো গ্রেফতার নেই।

শার্শায় বিশেষ অভিযানে যুবলীগ নেতা পলাশ গ্রেপ্তার

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ৭:০০ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
শার্শায় বিশেষ অভিযানে যুবলীগ নেতা পলাশ গ্রেপ্তার

ছবির ক্যাপশন

যোগফল প্রতিবেদক:

যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ডিহি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান পলাশকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) রাতে শার্শা থানাধীন তেবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার মোস্তাফিজুর রহমান পলাশ তেবাড়িয়া গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে। তিনি শার্শা উপজেলার ডিহি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।

শার্শা থানা পুলিশ সূত্রে জানা যায়, থানার উপপরিদর্শক (এসআই) শেখ মো. জাহিদুল আলম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় শার্শা থানায় দায়ের করা একটি মামলার আসামি হিসেবে পলাশকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মামলাটি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং বিস্ফোরকদ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় দায়ের করা হয়েছে।

ওসি শামিনুল হক বলেন, গ্রেপ্তার আসামিকে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে। শার্শা সীমান্ত ও থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

ফটিকছড়িতে শীর্ষ সন্ত্রাসী রায়হানের আস্তানায় অভিযান, পিস্তল উদ্ধার; গ্রেপ্তার ৬

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ৮:৪৭ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ফটিকছড়িতে শীর্ষ সন্ত্রাসী রায়হানের আস্তানায় অভিযান, পিস্তল উদ্ধার; গ্রেপ্তার ৬

ছবির ক্যাপশন

যোগফল প্রতিবেদক:

চট্টগ্রামের ফটিকছড়িতে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মো. রায়হানের আস্তানায় অভিযান চালিয়ে তার ব্যবহৃত ইতালির তৈরি একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রায়হানের ছয় সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযানের সময় রায়হান পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. এমরান হোসেন মাসুদ, কাজী মো. সাইদুল ইসলাম সৌরভ, মো. ইকতিয়ার ফরহাদ, মো. মহররম আলী, জনার্ধন দে ও মো. জাবেদ হোসেন।

পুলিশ জানায়, গত ২২ নভেম্বর ফটিকছড়ির ভূজপুর থানার সুয়াবিল এলাকায় রায়হানের অবস্থানের তথ্য পেয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশ অভিযান শুরু করে। হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার তারেক আজিজের নেতৃত্বে কোদালিয়া এলাকার দুর্গম পাহাড়ে অভিযান চালানো হয়। এ সময় একটি উঁচু টিলায় থাকা টিনের ঘর ঘিরে ফেলে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে রায়হান ও তার সহযোগীরা পালিয়ে যায়। পরে ঘরটি তল্লাশি করে অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, পাহাড়ে ওঠার একমাত্র পথ দিয়ে পুলিশের দল যাওয়ার সময় সন্ত্রাসীরা তাদের দেখে পালিয়ে যায়। ঘরটি তল্লাশি করে অস্ত্র তৈরির সরঞ্জাম পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, সেখানে দীর্ঘদিন ধরে নির্বিঘ্নে অস্ত্র তৈরির কাজ চলছিল। পরে তারা পাশের দুর্গম পাহাড়ি বনাঞ্চলে পালিয়ে যায়।

তিনি আরও জানান, পরদিন ২৩ নভেম্বর সন্ধ্যায় পাহাড় থেকে নেমে এলাকা ছাড়ার চেষ্টা করেন রায়হান ও তার সহযোগীরা। চুরখাঁরহাট বাজারে একটি সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলে যাওয়ার সময় স্থানীয়রা তাদের আটকানোর চেষ্টা করেন। এ সময় তারা শর্টগান দিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যান। এতে ছয়জন আহত হন। পরে সিএনজিচালিত অটোরিকশার চালক জাবেদকে স্থানীয়রা আটক করেন।

পুলিশ সুপার বলেন, রায়হান তার অবস্থান পুলিশের জানা হয়ে গেছে বুঝতে পেরে পাহাড় থেকে নেমে আসেন। স্থানীয়রা তাদের আটকানোর চেষ্টা করলে ধরা পড়ার আশঙ্কায় গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালানোর চেষ্টা করেন।

এদিকে রায়হানকে গ্রেপ্তারে ভূজপুর, ফটিকছড়ি, হাটহাজারী ও রাউজানের বিভিন্ন এলাকায় অভিযান, তল্লাশি এবং চেকপোস্ট বসায় পুলিশ।

এর মধ্যে ২৫ নভেম্বর গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, রায়হান ও তার আশ্রয়দাতা এজাহার মিয়া খাগড়াছড়ি থেকে গুলি সংগ্রহের চেষ্টা করছেন। পরে সন্ধ্যায় কাজীরহাট সংলগ্ন কালাইয়ারটেক এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল ও ১০ রাউন্ড শটগানের কার্তুজসহ রায়হানের দুই সহযোগী মো. এমরান হোসেন মাসুদ (২০) ও কাজী মো. সাইদুল ইসলাম সৌরভকে (২১) গ্রেপ্তার করা হয়।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরখাঁরহাট বাজারের হাজী নুর আহমেদ সওদাগর বাড়িতে অভিযান চালিয়ে মো. ইকতিয়ার ফরহাদকে (২০) গ্রেপ্তার করা হয়। তার শোবার ঘর থেকে একটি একনলা বন্দুক ও চার রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে জানান, বন্দুকটি এজাহার মিয়ার এবং গুলিগুলো রায়হানের।

পরে পুলিশের কাছে তথ্য আসে, রায়হান সুয়াবিল ইউনিয়নের বেতুয়ারকুল বড় বিল এলাকার দুর্গম পাহাড়ে সহযোগী মো. মহররম আলীর (২৮) বাড়িতে আত্মগোপন করেছেন। সেখানে অভিযান চালিয়ে মহররম আলীকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী, বাড়ি থেকে রায়হানের ব্যবহৃত ইতালির তৈরি ৭.৬৫ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, ২৪ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত ওই বাড়িতে অবস্থান করছিলেন রায়হান। পরে পালিয়ে যাওয়ার সময় পিস্তল ও গুলি মহররম আলীর কাছে রেখে যান তিনি।

এ ছাড়া কাজীরহাট এলাকায় অভিযান চালিয়ে রায়হানের আরেক সহযোগী জনার্ধন দে (৬৫)-কে গ্রেপ্তার করা হয়। তার কাছে আরও একটি পিস্তল থাকার তথ্য পেলেও অস্ত্রটি অন্যত্র সরিয়ে ফেলায় উদ্ধার করা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, অভিযানে একটি ইতালির তৈরি পিস্তল, দুটি ম্যাগাজিন, ২২ রাউন্ড পিস্তলের গুলি, একটি একনলা বন্দুক, ১২ রাউন্ড শটগানের কার্তুজ, দুটি খালি খোসা, অস্ত্র তৈরির সরঞ্জাম ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম