আকিজ এভিয়েশনের বাণিজ্যিক হেলিকপ্টার সেবা চালু
ছবি: সংগৃহীত
দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ গ্রুপ এবার এভিয়েশন খাতে যাত্রা শুরু করেছে। গ্রুপটির সহযোগী প্রতিষ্ঠান আকিজ এভিয়েশন লিমিটেড কর্পোরেট, ব্যবসায়িক সফর, পর্যটন, ব্যক্তিগত যাতায়াত এবং জরুরি চিকিৎসাসেবার জন্য বাণিজ্যিক হেলিকপ্টার সেবা চালু করেছে।
প্রতিষ্ঠানটির দাবি, এই সেবার মাধ্যমে যাত্রীরা দ্রুত গন্তব্যে পৌঁছানোর পাশাপাশি আধুনিক, নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা পাবেন। অভিজ্ঞ পাইলট ও দক্ষ এভিয়েশন টিমের তত্ত্বাবধানে পরিচালিত হওয়ায় সর্বোচ্চ নিরাপত্তাও নিশ্চিত করা হবে।
আকিজ এভিয়েশন জানিয়েছে, প্রাথমিকভাবে তিনটি হেলিকপ্টার নিয়ে কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে রোগী পরিবহনের জন্য একটি বেল-৫০৫ এবং যাত্রী পরিবহনের জন্য দুটি রবিনসন-৬৬ মডেলের হেলিকপ্টার যুক্ত করা হয়েছে।
এছাড়া খুলনা বিভাগের দরিদ্র ও অসহায় মানুষের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিনামূল্যে ফ্রি এয়ার অ্যাম্বুলেন্স সেবা চালু রয়েছে। আদ-দ্বীন ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালিত এই সেবায় আকিজ এভিয়েশন প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, জরুরি ভ্রমণ, রোগী পরিবহন, উদ্ধার কার্যক্রম, চলচ্চিত্র ও নাটকের শুটিং, রাজনৈতিক সফর, বিয়ের অনুষ্ঠানসহ বিভিন্ন প্রয়োজনে দেশে হেলিকপ্টারের ব্যবহার ও চাহিদা ক্রমেই বাড়ছে। সেই চাহিদা পূরণে নিরাপদ, নির্ভরযোগ্য ও সময়-সাশ্রয়ী সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ আকিজ এভিয়েশন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন