স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য সংসদে দুই হাত তুলে দোয়া করলেন জামায়াত আমির
যোগফল প্রতিবেদক:
এসআরবি বিল নিয়ে আলোচনার সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ইতিবাচক অবস্থানের প্রশংসা করে তার জন্য দোয়া করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
জাতীয় সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের জন্য দুই হাত তুলে দোয়া করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ‘এসআরবি বিল ২০২৬’ নিয়ে আলোচনার সময় এ ঘটনা ঘটে। বিলটির রিপোর্ট প্রদানের সময় বাড়ানোর বিষয়কে কেন্দ্র করে বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ইতিবাচক অবস্থানের প্রশংসা করেন জামায়াত আমির।
বক্তব্যের শুরুতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের প্রশংসা করে শফিকুর রহমান বলেন, ‘আপনার মধ্যে একটা রুহানি তাজল্লি আছে।’
এরপর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উদ্দেশে তিনি বলেন, ‘সাগর যেমন মহান, উদার এবং বিশাল—উনি আলহামদুলিল্লাহ, এর কিছু আসর পড়ার কারণে উনি দুই দিন থেকে চার দিন, পাঁচ দিন পর্যন্ত এগিয়ে গেছেন, এজন্য উনাকে মোবারকবাদ।’
একপর্যায়ে দুই হাত তুলে মোনাজাতের ভঙ্গিতে জামায়াত আমির বলেন, ‘হে রাব্বুল আলামিন, তুমি উনার দিলটাকে অনেক বড় করে দাও। আল্লাহ তায়ালা, জাতির স্বার্থেই বড় করে দিন।’
এ সময় সংসদের নিজ আসনে বসে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ‘আমিন’ বলে মুখে হাত বুলাতে দেখা যায়।
বিশেষায়িত বাহিনী গঠনে শর্তসাপেক্ষে সমর্থন
বক্তব্যে র্যাব বিলুপ্তির পর নতুন কোনো বিশেষায়িত বাহিনী বা ব্যুরো গঠন করা হলে এ বিষয়ে বিরোধী দলের অবস্থানও স্পষ্ট করেন জামায়াত আমির।
তিনি বলেন, ‘যদি এই ধরনের কোনো স্পেশালাইজড ফোর্স গঠন করার জাতির স্বার্থে প্রয়োজন হয়, আমরা বাধা দেব না, ইনশাআল্লাহ।’
তবে এ ধরনের বাহিনী গঠনের আগে বিষয়টি নিয়ে যথাযথভাবে পর্যালোচনা ও সমঝোতার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
শফিকুর রহমান বলেন, ‘একবার আমাদের চুন খেয়ে গাল ঘা হয়েছে, এখন দই দেখলেও ভয় লাগে। সে ভয়ের জায়গাটা শুধু বিরোধী দলের না, গোটা জাতির। জাতি ট্রমাটাইজড।’
র্যাবের মানবাধিকার লঙ্ঘনের প্রসঙ্গ
অতীতে র্যাবের বিরুদ্ধে ওঠা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের প্রসঙ্গও তুলে ধরেন বিরোধীদলীয় নেতা।
স্বরাষ্ট্রমন্ত্রী ও স্পিকারের উদ্দেশে তিনি বলেন, ‘র্যাবের দ্বারা মানবাধিকারের চরম লঙ্ঘন হয়েছে। নারায়ণগঞ্জের আট খুনের মামলা এর জ্বলন্ত প্রমাণ। আরও যে কত কাণ্ড ঘটেছে এর ভুক্তভোগী আমরা সবাই।’
তিনি বিলটি আরও পর্যালোচনা করে পরবর্তী সময়ে সংসদে আনার আহ্বান জানান।
শফিকুর রহমান বলেন, ‘প্রাগম্যাটিক্যালি, বাস্তবধর্মীভাবে, ব্যবহারিক দিক বিবেচনা করে এটাকে আরেকটু ডেফার করে, আরেকটু স্টাডি করে এই বিলটাকে আগামী সপ্তাহে আনুন।’
তিনি আরও বলেন, ‘এই সংসদে বিল যদি পাশ না-ও হয়, আমরা কনভিন্স হয়ে আগামীতে আরও ভালো কিছু করতে পারব, আমি আশাবাদী।’
‘মজলুমের সংসদ’ উল্লেখ করে আবেগঘন বক্তব্য
বক্তব্যে অতীতে নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের প্রসঙ্গও তুলে ধরেন জামায়াত আমির।
তিনি বলেন, ‘এই সংসদ মজলুমের সংসদ, মজলুমরা বড় ভয় পায়। জুলুমের কথা স্মরণ হলে এখনো অনেকে ঘুমাতে পারে না।’
সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, আরমানের সন্তানরা তার ফিরে আসার পরও প্রায় এক বছর পর্যন্ত তার কাছে আসতে ভয় পেত। একই ধরনের পরিস্থিতির শিকার আরও অনেকে হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদেরের প্রসঙ্গও বক্তব্যে উল্লেখ করেন শফিকুর রহমান।
সবশেষে আবারও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের জন্য দোয়া করে তিনি বলেন, ‘হে রাব্বুল আলামিন, তুমি তার দিলটাকে বড় করে দাও।’
বিরোধীদলীয় নেতার বক্তব্যের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হাসিমুখে প্রতিক্রিয়া জানান এবং বিরোধীদলীয় নেতার আবেগ ও অনুভূতিকে ধারণ করার কথা জানান।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন