খুঁজুন
advertisement
advertisement
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ২২ ভাদ্র, ১৪৩৩

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, পলিগ্রাফে ৫০ মার্কিন কর্মকর্তা

বার্তা বিভাগ
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৬, ৫:৫৭ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ইরান যুদ্ধের তথ্য ফাঁস, পলিগ্রাফে ৫০ মার্কিন কর্মকর্তা

 যোগফল প্রতিবেদক:

ইরান যুদ্ধকে ঘিরে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ও যুদ্ধাস্ত্রের মজুত কমে যাওয়ার তথ্য গণমাধ্যমে প্রকাশের পর বিষয়টি নিয়ে ওয়াশিংটনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। গোপন তথ্য কীভাবে সাংবাদিকদের কাছে পৌঁছেছে, তা খুঁজে বের করতে মার্কিন সামরিক বাহিনীর ৫০ জন শীর্ষ কর্মকর্তার পলিগ্রাফ পরীক্ষা নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উঠে এসেছে।

‘দ্য নিউইয়র্ক টাইমস’-এর প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, আগস্ট মাসে পেন্টাগনের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের এই পরীক্ষার মুখোমুখি করা হয়। তথ্য ফাঁসের সঙ্গে কারা জড়িত, তা শনাক্ত করার পাশাপাশি ভবিষ্যতে গোপন তথ্য প্রকাশে অন্যদের নিরুৎসাহিত করাও এর অন্যতম উদ্দেশ্য ছিল বলে জানা যায়।

দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অস্ত্রের মজুত কমে যাওয়ার বিষয়ে একাধিক প্রতিবেদন প্রকাশের পর পেন্টাগন এ বিষয়ে কঠোর অবস্থান নেয়।

পেন্টাগনের মুখপাত্র শিন পারনেল বলেন, জাতীয় নিরাপত্তাসংক্রান্ত গোপন তথ্য অননুমোদিতভাবে প্রকাশ করাকে অত্যন্ত গুরুতর বিষয় হিসেবে দেখা হয়।

এদিকে যুক্তরাষ্ট্রের অস্ত্রের ঘাটতি নিয়ে প্রকাশিত প্রতিবেদন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি এ ধরনের খবরকে ‘শতভাগ মিথ্যা’ বলে দাবি করেন এবং তথ্য ফাঁসকারীদের ‘দেশদ্রোহী’ হিসেবে উল্লেখ করেন।

ট্রাম্প আরও দাবি করেন, চলমান যুদ্ধ কিংবা ভবিষ্যতে সম্ভাব্য যেকোনো সংঘাত মোকাবিলায় যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত ও প্রায় সীমাহীন অস্ত্রের মজুত রয়েছে। একই সঙ্গে দেশটি ইতিহাসের অন্য যেকোনো সময়ের তুলনায় দ্রুতগতিতে নতুন যুদ্ধাস্ত্র উৎপাদন করছে বলেও দাবি করেন তিনি।

তথ্য ফাঁসের ঘটনায় পলিগ্রাফ পরীক্ষা নেওয়ার এই উদ্যোগ মার্কিন প্রতিরক্ষা দপ্তরের গোপন তথ্য ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

১০ টাকায় ৪৮ ঘণ্টার মধ্যে পৌঁছে যাবে পার্সেল, জানুন বিস্তারিত

বার্তা বিভাগ
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
১০ টাকায় ৪৮ ঘণ্টার মধ্যে পৌঁছে যাবে পার্সেল, জানুন বিস্তারিত

 যোগফল প্রতিবেদক:

কম খরচে দ্রুত দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পার্সেল পাঠানোর সুযোগ দিচ্ছে বাংলাদেশ ডাক বিভাগের ‘স্পিডপোস্ট’ সেবা। এ সেবায় প্রথম ১ কেজি পার্সেল পাঠাতে খরচ মাত্র ১০ টাকা। এরপর অতিরিক্ত প্রতি কেজির জন্য দিতে হবে ৫ টাকা। একটি পার্সেলের সর্বোচ্চ ওজন নির্ধারণ করা হয়েছে ৩০ কেজি।

ডাক বিভাগের তথ্য অনুযায়ী, জেলা শহর থেকে ঢাকায় সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে এবং এক জেলা শহর থেকে অন্য জেলা শহরে সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে পার্সেল পৌঁছানোর কথা। তবে প্রত্যন্ত ও দুর্গম এলাকায় পার্সেল পৌঁছাতে সর্বোচ্চ ৯৬ ঘণ্টা সময় লাগতে পারে।

স্পিডপোস্টের মাধ্যমে শুকনা খাবার, মধু, তেলসহ বিভিন্ন ধরনের পণ্য পাঠানো যায়। দেশের সব জিপিও, প্রধান ডাকঘর, উপজেলা ডাকঘর, টাউন সাব-পোস্ট অফিস, সাব-পোস্ট অফিস, আরএমএস বুকিং কাউন্টার এবং ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস থেকে এ সেবায় পার্সেল বুকিং করা যায়।

যেভাবে পার্সেল পাঠাবেন

স্পিডপোস্টে পার্সেল পাঠাতে নিকটস্থ ডাকঘরে গিয়ে পণ্যটি নিরাপদভাবে প্যাকেজিং করতে হবে। এরপর প্রাপকের নাম, ঠিকানা ও প্রয়োজনীয় তথ্য দিয়ে নির্ধারিত মাশুল পরিশোধ করতে হবে।

বুকিংয়ের পর ট্র্যাকিং নম্বরসহ রসিদ দেওয়া হবে। ওই নম্বর ব্যবহার করে অনলাইনে পার্সেলের অবস্থান জানা যাবে। পার্সেল ট্র্যাক করতে এখানে ক্লিক করুন

বুকিংয়ের আগে সম্ভাব্য খরচ হিসাব করে নিতে ডাক বিভাগের অনলাইন মাশুল ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। মাশুল ক্যালকুলেটর দেখতে এখানে ক্লিক করুন

ডাক বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, প্রতি শুক্রবার স্পিডপোস্টের বুকিং ও ইস্যু কার্যক্রম বন্ধ থাকে। রাজধানীতে ঢাকা জিপিওসহ ২১টি সাব-পোস্ট অফিসে সরাসরি পার্সেল ডেলিভারি নেওয়ার ব্যবস্থাও রয়েছে।

পার্সেল সেবা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট  www.bdpost.gov.bd -এ পাওয়া যাবে। বাংলাদেশ পোস্ট অফিসের অফিসিয়াল ফেসবুক পেজেও বিভিন্ন তথ্য দেওয়া হয়।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

মায়ের হাত ধরে হাঁটছিল শিশু, বেপরোয়া ট্রলির ধাক্কায় প্রাণ গেল

বার্তা বিভাগ
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৬, ৬:০৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
মায়ের হাত ধরে হাঁটছিল শিশু, বেপরোয়া ট্রলির ধাক্কায় প্রাণ গেল

 যোগফল প্রতিবেদক:

চাঁদপুরের মতলব উত্তরে মায়ের হাত ধরে সড়ক দিয়ে যাওয়ার সময় ইঞ্জিনচালিত ট্রলির ধাক্কায় ফারিয়া নামে তিন বছরের এক শিশু নিহত হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মতলব উত্তর থানার পূর্ব পাশে সুরুজ প্লাজার সামনে পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারিয়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের বেপারী বাড়ির কাউসার বেপারীর মেয়ে। তার মায়ের নাম ফারজানা আক্তার।

নিহত শিশুর মা ফারজানা আক্তার বলেন, মেয়েকে নিয়ে তিনি রাস্তা দিয়ে হাঁটছিলেন। এ সময় হঠাৎ একটি ট্রলি এসে ফারিয়াকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফারজানা আক্তার বলেন, ‘যারা বেপরোয়া গাড়ি চালায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। আর কোনো মায়ের বুক যেন এভাবে খালি না হয়।’

স্থানীয়রা অভিযোগ করেন, মতলব উত্তরের বিভিন্ন সড়কে দীর্ঘদিন ধরে ইঞ্জিনচালিত অবৈধ ট্রলি ও টমটম চলাচল করছে। এসব যানবাহন অনেক সময় বেপরোয়া গতিতে চলাচল করায় পথচারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

শিশু ফারিয়ার মৃত্যুর ঘটনায় এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়রা অবৈধ ট্রলি চলাচল বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, সুরুজ প্লাজার সামনে ট্রলির ধাক্কায় তিন বছরের একটি শিশু নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনাকবলিত ট্রলিটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তাকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

বার্তা বিভাগ
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

 যোগফল প্রতিবেদক:

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২০ হাজার পিস ইয়াবা ও মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে রাখা বিভিন্ন ধরনের ওষুধসহ তিনজনকে আটক করা হয়েছে। কোস্ট গার্ড জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে দুজন মিয়ানমারের নাগরিক এবং একজন বাংলাদেশি।

রোববার (৬ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে টেকনাফ থানাধীন নাইট্যংপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, অভিযানের সময় একটি সন্দেহজনক বসতবাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা এবং মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে রাখা বিভিন্ন ধরনের ওষুধ উদ্ধার করা হয়। এ সময় দুজন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দাবি করেছেন, তারা মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে সাঁতার কেটে বাংলাদেশে প্রবেশ করেন। পরে ওই বাড়িতে অবস্থান করে ইয়াবা বাংলাদেশে আনা এবং বাংলাদেশ থেকে অবৈধভাবে ওষুধ মিয়ানমারে পাচারের পরিকল্পনা করা হচ্ছিল।

পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির মালিক ও কথিত বাংলাদেশি মাদক কারবারিকেও আটক করা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার করা ইয়াবা ও ওষুধ এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম