খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১০ কার্তিক, ১৪৩৩

বাউফলে বস্তাবন্দি মরদেহ, নিখোঁজ আলমের বলে সন্দেহ পরিবারের

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ২:৩৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বাউফলে বস্তাবন্দি মরদেহ, নিখোঁজ আলমের বলে সন্দেহ পরিবারের

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

পটুয়াখালীর বাউফল পৌর শহরে খাল থেকে উদ্ধার হওয়া বস্তাবন্দি অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহটি নিখোঁজ আলম গাজীর (৫৫) হতে পারে বলে সন্দেহ করছেন তার পরিবারের সদস্যরা। তবে এখনো মরদেহটির পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) জুমার নামাজের পর বাউফল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার জামে মসজিদের ঘাটসংলগ্ন খাল থেকে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

অন্যদিকে, গত বুধবার (২১ অক্টোবর) থেকে নিখোঁজ রয়েছেন বাউফল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলম গাজী। তার বাবার নাম মজিবুর রহমান গাজী এবং মায়ের নাম জুলেখা বেগম।

নিখোঁজ আলম গাজীর বড় ছেলে সাইফুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া মরদেহের পরনে থাকা লুঙ্গি ও গেঞ্জি তার বাবার পোশাকের মতো মনে হয়েছে। মরদেহটির হাত-পা বাঁধা ছিল। একটি বস্তার ভেতরে ২০ থেকে ২৫টি ইট রাখা হয়েছিল। বস্তার মুখ রশি দিয়ে বাঁধা ছিল এবং রশির আরেকটি অংশ মরদেহের কোমরের সঙ্গে বাঁধা ছিল।

সাইফুল ইসলাম আরও বলেন, মরদেহটি তার বাবার হতে পারে বলে সন্দেহ হওয়ায় তিনি ও তার মা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন। পুলিশ তাদের জানিয়েছে, পরিচয় শনাক্ত না হওয়ায় মরদেহটি অজ্ঞাতপরিচয় হিসেবে পটুয়াখালীতে দাফনের ব্যবস্থা করা হয়েছে। পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেওয়া হচ্ছে।

আলম গাজীর প্রথম স্ত্রী পিয়ারা বেগমের অভিযোগ, প্রায় ৩৮ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের এক ছেলে ও তিন মেয়ে রয়েছে। তবে আলম গাজী স্ত্রী-সন্তানদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন না। মাঝেমধ্যে তাদের কাছে আসতেন। তিনি মূলত তার ছোট স্ত্রীর সঙ্গে থাকতেন। ছোট স্ত্রী তাদের সঙ্গে যোগাযোগ করতে দিতেন না বলেও অভিযোগ করেন পিয়ারা বেগম।

পিয়ারা বেগমের দাবি, তার স্বামীর সঙ্গে ছোট স্ত্রীর প্রায়ই ঝগড়াঝাঁটি হতো এবং তাকে মারধরও করা হতো। আলম গাজীর নিখোঁজ হওয়ার খবর জানার পর ছোট স্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সন্তোষজনক উত্তর পাননি তিনি। এসব কারণে তার সন্দেহ আরও বেড়েছে। উদ্ধার হওয়া মরদেহটি তার স্বামীর হতে পারে এবং তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

পারিবারিক সূত্রে জানা গেছে, আলম গাজীর দ্বিতীয় স্ত্রী কমলা বেগম গলাচিপা উপজেলার পাতাবুনিয়া গ্রামে থাকেন। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। প্রায় ১৫ বছর আগে তাদের বিয়ে হয়। তবে গত আট থেকে ১০ বছর ধরে তাদের মধ্যে যোগাযোগ ছিল না বলে জানা গেছে।

অন্যদিকে, আলম গাজী তার ছোট স্ত্রী ফারজানা বেগমের সঙ্গে বাউফলের দাসপাড়া বাসস্ট্যান্ড এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ফারজানা বেগমের কোনো সন্তান নেই।

স্থানীয় সূত্রে জানা গেছে, বগা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের এক হিন্দু নারীকে ধর্মান্তরিত করে বিয়ে করেছিলেন আলম গাজী। পরে তার নাম রাখা হয় ফারজানা বেগম।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজুল ইসলাম বলেন, ‘আলম গাজীর নিখোঁজ হওয়ার বিষয়টি পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ পটুয়াখালীতে দাফনের ব্যবস্থা করা হয়েছে। তবে ডিএনএ পরীক্ষার জন্য মৃত ব্যক্তির মাথার চুলসহ প্রয়োজনীয় আলামত সংরক্ষণ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ডিএনএ পরীক্ষার পরই নিশ্চিত হওয়া যাবে, উদ্ধার হওয়া মরদেহটি নিখোঁজ আলম গাজীর কি না। পরিচয় নিশ্চিত করতে পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে।’

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

ব্রাহ্মণপাড়ায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ৪:৪৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ব্রাহ্মণপাড়ায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে হাসান (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জুন) বেলা ১১টার দিকে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাটেরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান উপজেলার শশীদল ইউনিয়নের তেঁতাভূমির অনুতপুরা এলাকার সাদ্দাম হোসেনের ছেলে। তার নানাবাড়ি সাহেবাবাদ ইউনিয়নের টাটেরা গ্রামে।

পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে আসে হাসান। শনিবার সকালে বাড়ির আঙিনায় খেলছিল সে। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে আঙিনা থেকে বের হয়ে যায় শিশুটি। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে স্বজনরা বাড়ির আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।

খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে হাসানকে ভাসতে দেখেন স্বজনরা। পরে দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তানভীর হোসেন বলেন, পানিতে ডুবে যাওয়া শিশুটিকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত পাওয়া যায়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। পরে শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

কারিনা কায়সারের স্মৃতিতে বিশেষ সম্মাননা দেবে চরকি

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ৪:৪৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কারিনা কায়সারের স্মৃতিতে বিশেষ সম্মাননা দেবে চরকি

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

তরুণ কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের অকালমৃত্যুতে শোকাহত হয়েছিল দেশের শোবিজ অঙ্গন। এবার তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ সম্মাননা দেওয়ার ঘোষণা দিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি।

প্রতিষ্ঠানটির পাঁচ বছর পূর্তি উপলক্ষে আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হবে ‘চরকি কার্নিভ্যাল’। এ আয়োজনে ২০২৩ ও ২০২৪ সালে চরকিতে মুক্তি পাওয়া কনটেন্টের সেরাদের পুরস্কৃত করা হবে। একই অনুষ্ঠানে প্রয়াত কারিনা কায়সারকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।

ইতোমধ্যে ২০২৪ সালের সাবস্ক্রাইবারস চয়েস বিভাগের মনোনয়ন তালিকা প্রকাশ করেছে চরকি। ‘৩৬-২৪-৩৬’ ওয়েব ফিল্মে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছিলেন কারিনা। তবে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবার তাকে প্রতিযোগিতার বাইরে রাখা হয়েছে।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ‘কারিনার অসাধারণ কাজগুলো আমাদের মাঝে রয়ে গেছে। কিন্তু তিনি আজ সব প্রতিযোগিতার ঊর্ধ্বে। তাই তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাকে এ বিভাগে প্রতিযোগিতার বাইরে রাখা হয়েছে। তার অবদান স্মরণে এবারের চরকি অ্যাওয়ার্ডসে বিশেষ সম্মাননা দেওয়া হবে।’

গত ১৬ মে অসুস্থতার কারণে মৃত্যুবরণ করেন কারিনা কায়সার। তার মৃত্যুতে সহকর্মী, ভক্ত ও শোবিজ অঙ্গনের বিভিন্ন ব্যক্তি গভীর শোক প্রকাশ করেন।

এদিকে, ২০২৪ সালের সাবস্ক্রাইবারস চয়েস বিভাগে সেরা চলচ্চিত্রের মনোনয়ন পেয়েছে ‘কাছের মানুষ দূরে থুইয়া’, ‘তুফান’, ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’ ও ‘৩৬-২৪-৩৬’। এ ছাড়া সেরা অভিনেতা-অভিনেত্রী, সিরিজ ও গানসহ বিভিন্ন বিভাগে ভোট দিতে পারবেন চরকির গ্রাহকেরা।

চরকির সাবস্ক্রাইবারদের ভোটগ্রহণ ইতোমধ্যে শুরু হয়েছে। শিগগিরই সমালোচক বিভাগ এবং ২০২৩ সালের কনটেন্টভিত্তিক মনোনয়ন তালিকাও প্রকাশ করা হবে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

হজযাত্রীর লাগেজ হারানো নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষ, আহত ৫০

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ৪:৪৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
হজযাত্রীর লাগেজ হারানো নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষ, আহত ৫০

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক হজযাত্রীর হারিয়ে যাওয়া লাগেজকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। সংঘর্ষের কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

শনিবার (১৩ জুন) কসবা উপজেলা শহরের কদমতলী মোড় এলাকায় শাহপুর ও আড়াইবাড়ী গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছর শাহপুর গ্রামের এক বৃদ্ধা হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান। সেখানে তাঁর একটি লাগেজ হারিয়ে যায়। এ বিষয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি আড়াইবাড়ী গ্রামের মোহাম্মদ গিয়াস উদ্দিন পরিচালিত কসবা হজ কাফেলায় যান।

এ সময় হজ কাফেলার পক্ষ থেকে জানানো হয়, হারিয়ে যাওয়া লাগেজের দায়িত্ব সংশ্লিষ্ট হজযাত্রীর নিজের। এ বিষয়ে কাফেলা কর্তৃপক্ষের কিছু করার নেই। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি, হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এরপর থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

এরই জেরে শনিবার উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনিন সুলতানা জানান, পূর্ববিরোধকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম