সন্দ্বীপে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, অভিযুক্ত যুবদল নেতা
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের সন্দ্বীপে সাহাব উদ্দিন (৪০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে মুছাপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জাকারিয়া তছলিমের বিরুদ্ধে। এ ঘটনায় আহত ব্যবসায়ীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কেরানী মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তবে পুলিশ জানিয়েছে, সেখানে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।
স্থানীয়দের অভিযোগ, জাকারিয়া তছলিমের নেতৃত্বে একদল ব্যক্তি সাহাব উদ্দিনের ওপর হামলা চালান। এ সময় রিদোয়ান, তাহের, মাহফুজ ও সাহাবুদ্দীন নামে আরও কয়েকজন উপস্থিত ছিলেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
হামলায় সাহাব উদ্দিনের হাত, মাথা, বুক ও পায়ে গুরুতর জখম হয়। শরীরের বিভিন্ন স্থানে সেলাই দিতে হয়েছে তাকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান।
এ ছাড়া জাকারিয়া তছলিমের বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্রের দাবি, গরু চুরি ও ইয়াবা কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে—এমন একটি চক্রের সদস্যদের সঙ্গে মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কয়েকজন মিলে এ হামলা চালিয়েছেন। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে বক্তব্য জানতে জাকারিয়া তছলিমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার বলেন, ‘সাহাব উদ্দিন নামের একজনের ওপর হামলার ঘটনা শুনেছি। হয়তো দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। তবে এ ঘটনায় থানায় কেউ মামলা করতে আসেননি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন