বগুড়া ও সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫, আহত ৩০
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
ছুটির দিনে শুক্রবার সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় বগুড়া ও সিলেটে ১৫ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। বগুড়ায় বাসের চাপায় সাতজন এবং সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়েছেন।
বগুড়া
বগুড়া-নওগাঁ মহাসড়কে বাসের চাপায় সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন বগুড়ার বেলাল হোসেন (৩৭), গাইবান্ধার আমিরুল ইসলাম (৪৫), নূর আলম (৩৫), ফয়জার রহমান (৪৩), আবদুর রহিম (৪৬) এবং জয়পুরহাটের তাজমুল (৪৫)।
পুলিশ জানায়, শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বৈদ্যুতিক পিলারে ধাক্কা দেয়। এ সময় সেখানে কাজের সন্ধানে অপেক্ষা করছিলেন বেশ কয়েকজন শ্রমিক। বাসটি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছেন।
সিলেট
সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন। শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউনিক পরিবহনের বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের সাত যাত্রী নিহত হন। পরে গুরুতর আহত এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আটজনই ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন