চন্দনাইশে বাস-প্রাইভেটকার সংঘর্ষে শিশুসহ আহত ৫
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের চন্দনাইশে মারসা পরিবহনের একটি বাসের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ পৌরসভার গাছবাড়িয়া এলাকায় ব্র্যাক কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার সৈয়দ মো. রিদোয়ান (৪৫), সৈয়দ মো. মনজুর (১৩), জান্নাতুল আফরা (৭), মোছাম্মৎ আনিস খাতিজা (৩৫) এবং প্রাইভেটকারের চালক মো. আনোয়ার (৩২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে আসা মারসা পরিবহনের একটি বাস ওভারটেক করার সময় চট্টগ্রাম থেকে সাতকানিয়াগামী একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ভেঙে যায় সামনের কাচ এবং ক্ষতিগ্রস্ত হয় গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ। এ সময় চালকসহ প্রাইভেটকারের পাঁচ আরোহী আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে আহত সৈয়দ মো. রিদোয়ানকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের চিকিৎসক ডা. মোহাম্মদ সাজ্জাদ হোসেন এ তথ্য জানান।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার বলেন, ‘দুর্ঘটনাস্থল থেকে বাস ও প্রাইভেটকার জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন