খুঁজুন
advertisement
advertisement
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১৩ কার্তিক, ১৪৩৩

ওভারটেক করতে গিয়ে প্রাণ গেল যুবকের, আহত ১

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ৮:২৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ওভারটেক করতে গিয়ে প্রাণ গেল যুবকের, আহত ১

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

হবিগঞ্জের বাহুবল উপজেলায় মোটরসাইকেলে একটি যানবাহনকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে নাজিম মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বন্ধু রায়হান মিয়া (২৫)।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মিরপুর-শ্রীমঙ্গল সড়কের কামাইছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজিম মিয়া উপজেলার সাতকাপন ইউনিয়নের মহিষদুলং গ্রামের আব্দুস সহিদের ছেলে। আহত রায়হান মিয়া একই গ্রামের সাহিদ মিয়ার ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। বিকেল সাড়ে ৫টার দিকে কামাইছড়া এলাকায় পৌঁছে সামনে থাকা একটি যানবাহনকে ওভারটেক করার চেষ্টা করেন তারা। এ সময় মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে দুজন সড়কে ছিটকে পড়েন। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং দুই আরোহী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথেই নাজিম মিয়ার মৃত্যু হয়।

নাজিম মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচাতো ভাই উজ্জ্বল চৌধুরী।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন তালুকদার বলেন, দুর্ঘটনার বিষয়টি তারা জানতে পেরেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

বগুড়ায় বালুবোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেলচালক নিহত, আহত দুই সহকর্মী

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ৯:৪৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বগুড়ায় বালুবোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেলচালক নিহত, আহত দুই সহকর্মী

ছবি যোগফল

মোঃ সিমান্ত তালুকদার | যোগফল প্রতিবেদক

বগুড়ায় বালুবোঝাই ট্রাকের ধাক্কায় দয়াল চন্দ্র (২৫) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা তাঁর দুই সহকর্মী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বগুড়া সদর উপজেলার ঘোড়াধাপ হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দয়াল চন্দ্র বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট গ্রামের নারায়ণ চন্দ্রের ছেলে। তিনি পেশায় শ্রমিক ছিলেন। আহত দুজন হলেন শ্রী মঙ্গল ও শ্রী সাগর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে কাজ শেষে দয়াল চন্দ্র দুই সহকর্মীকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে ঘোড়াধাপ হাট এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি বালুবোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনজনই সড়কে ছিটকে পড়েন। এ সময় ট্রাকের চাকা দয়াল চন্দ্রের মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

পরে স্থানীয় লোকজন আহত শ্রী মঙ্গল ও শ্রী সাগরকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বেলকুচিতে ​মাদকমুক্ত ‘স্মার্ট পৌরসভা’ রূপায়নের অঙ্গীকার, মেয়র পদপ্রার্থী রাজ্জাক মন্ডল

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ৯:৪০ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বেলকুচিতে ​মাদকমুক্ত ‘স্মার্ট পৌরসভা’ রূপায়নের  অঙ্গীকার, মেয়র পদপ্রার্থী রাজ্জাক মন্ডল

ছবি মেয়র পদপ্রার্থী আলহাজ্ব আব্দুর রাজ্জাক মন্ডল

মনজুরুল ইসলাম | সিরাজগঞ্জ প্রতিনিধি:

‎সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বেলকুচি পৌরসভাকে একটি আধুনিক, উন্নত এবং জনবান্ধব ‘স্মার্ট পৌরসভা’ হিসেবে রূপান্তর করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক জননন্দিত  নেতা আলহাজ্ব আব্দুর রাজ্জাক মন্ডল। তিনি ঘোষণা দিয়েছেন, পৌরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে বেলকুচিকে একটি দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত স্মার্ট পৌরসভায় রূপায়ণ করা হবে।
‎
‎​সাম্প্রতিক এক সাংবাদিকদের মতবিনিময়ে পৌর এলাকার সামগ্রিক উন্নয়ন এবং ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
‎
‎​কাঠামোগত উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধিঃ
‎আলহাজ্ব আব্দুর রাজ্জাক মন্ডল বলেন, বেলকুচি পৌরবাসীর জীবনমান উন্নয়নে একটি সু পরিকল্পিত মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা সময়ের দাবি। নির্বাচিত হলে পৌরসভার কাঠামোগত উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। এর মধ্যে রয়েছ-
‎
‎​আধুনিক যোগাযোগ ব্যবস্থাঃ পৌরসভার প্রতিটি ওয়ার্ডের কাঁচা রাস্তাগুলো পর্যায়ক্রমে পাকাকরণ, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ।
‎
‎​নাগরিক সেবার ডিজিটালাইজেশনঃ পৌরবাসীর জন্ম-মৃত্যু নিবন্ধন, হোল্ডিং ট্যাক্স প্রদান এবং ট্রেড লাইসেন্সসহ যাবতীয় নাগরিক সেবা ঘরে বসেই ডিজিটাল মাধ্যমে প্রাপ্তি নিশ্চিত করা।
‎
‎​বিশুদ্ধ পানি ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনাঃ পৌর এলাকায় সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব ও স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনার আধুনিক বন্দোবস্ত করা।
‎
‎​শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নঃ পৌর এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়নে সহযোগিতা এবং স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্যকেন্দ্রগুলোর সেবা জোরদার করা।
‎
‎​মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনঃ
‎ যুবকরা আজ মাদকের করাল গ্রাসে ধ্বংসের মুখে—এ কথা উল্লেখ করে আলহাজ্ব আব্দুর রাজ্জাক মন্ডল বলেন, বেলকুচি পৌরসভাকে মাদকমুক্ত করতে কঠোর জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। কোনো ধরনের সন্ত্রাস, চাঁদাবাজ ও সিন্ডিকেটের ঠাঁই বেলকুচিতে হবে না। সাধারণ ব্যবসায়ীরা যাতে স্বাধীনভাবে ব্যবসা করতে পারেন এবং সাধারণ মানুষ যেন নিরাপদে ও শান্তিতে বসবাস করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা হবে। সরকারি অনুদান ও রাজস্বের সঠিক ব্যবহার নিশ্চিত করে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক পৌর প্রশাসন গড়ে তোলা হবে।
‎
‎​জনগণের অংশগ্রহণে সমতাভিত্তিক উন্নয়নঃ
‎তিনি আরও বলেন, দলীয় কোনো ভেদাভেদ নয়, নাগরিক অধিকার নিশ্চিত করাই হবে মূল লক্ষ্য। সমাজের সর্বস্তরের মানুষের মতামত ও অংশগ্রহণের মাধ্যমেই বেলকুচির প্রতিটি উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হবে। অবহেলিত ও পিছিয়ে পড়া জনপদগুলোকে উন্নয়নের মূল ধারায় নিয়ে এসে একটি বৈষম্যহীন সমাজ গঠনে তিনি দলমত নির্বিশেষে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং সময়োপযোগী ও জনকল্যাণমুখী এ পদক্ষেপ বাস্তবায়নে পৌরবাসীর সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।
‎​

বগুড়া ও সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫, আহত ৩০

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ৮:১৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বগুড়া ও সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫, আহত ৩০

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

ছুটির দিনে শুক্রবার সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় বগুড়া ও সিলেটে ১৫ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। বগুড়ায় বাসের চাপায় সাতজন এবং সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়েছেন।

বগুড়া

বগুড়া-নওগাঁ মহাসড়কে বাসের চাপায় সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন বগুড়ার বেলাল হোসেন (৩৭), গাইবান্ধার আমিরুল ইসলাম (৪৫), নূর আলম (৩৫), ফয়জার রহমান (৪৩), আবদুর রহিম (৪৬) এবং জয়পুরহাটের তাজমুল (৪৫)।

পুলিশ জানায়, শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বৈদ্যুতিক পিলারে ধাক্কা দেয়। এ সময় সেখানে কাজের সন্ধানে অপেক্ষা করছিলেন বেশ কয়েকজন শ্রমিক। বাসটি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছেন।

সিলেট

সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন। শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউনিক পরিবহনের বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের সাত যাত্রী নিহত হন। পরে গুরুতর আহত এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আটজনই ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম