‘৩১ বছর আগে তোমাকে ঘরে তুলেছিলাম’— মৌসুমীকে আবেগঘন বার্তা ওমর সানীর
ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী উদযাপন করছেন তাদের দাম্পত্য জীবনের ৩১তম বিবাহবার্ষিকী। বিশেষ এই দিনে স্ত্রীকে ভালোবাসা ও শুভকামনা জানিয়ে আবেগঘন একটি বার্তা দিয়েছেন ওমর সানী।
রোববার (২ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মৌসুমীর সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, “হ্যাপি অ্যানিভার্সারি মৌসুমী। আজ থেকে ৩১ বছর আগে তোমাকে ঘরে তুলেছিলাম। আলহামদুলিল্লাহ, তোমার-আমার ঘর আলোকিত করে এসেছে ফারদিন এবং ফাইজা। বেঁচে থাকুক আমাদের সম্পর্ক কবর পর্যন্ত। আমিন।”
পোস্টটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই হাজারো ভক্ত-অনুরাগী শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দেন মন্তব্যের ঘর। পাঁচ ঘণ্টায় পোস্টটিতে ৫৩ হাজারের বেশি প্রতিক্রিয়া পড়ে।
১৯৯২ সালে প্রথম পরিচয় হয় ওমর সানী ও মৌসুমীর। পরের বছর ‘দোলা’ সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়, যা পরে প্রেমে রূপ নেয়।
যদিও ১৯৯৫ সালের ২ আগস্ট জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে তাদের বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়, তবে তারও কয়েক মাস আগে, ৪ মার্চ দুই পরিবারের সম্মতিতে গোপনে বিয়ে সম্পন্ন হয়েছিল। অভিনয়জীবনে কোনো প্রভাব না পড়ার বিষয়টি বিবেচনায় রেখে দীর্ঘদিন সেই খবর গোপন রাখা হয়।
বর্তমানে ওমর সানী বাংলাদেশে থাকলেও মৌসুমী প্রায় দুই বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। দূরত্বের কারণে তাদের সম্পর্ক নিয়ে বিভিন্ন সময়ে নানা গুঞ্জন ছড়ালেও ওমর সানী বারবার জানিয়েছেন, তাদের দাম্পত্য সম্পর্ক আগের মতোই অটুট রয়েছে।
৩১তম বিবাহবার্ষিকীতে দেওয়া এই আবেগঘন বার্তা আবারও প্রমাণ করল, দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে ভালোবাসা ও বিশ্বাসের বন্ধনে একসঙ্গেই আছেন এই তারকা দম্পতি।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন