খুঁজুন
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ২৭ শ্রাবণ, ১৪৩৩

ভুয়া কনের ফাঁদে নিঃসঙ্গ চীনা পুরুষ

বার্তা বিভাগ
প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ৬:৩৭ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ভুয়া কনের ফাঁদে নিঃসঙ্গ চীনা পুরুষ

চীনে বিয়ের জন্য জীবনসঙ্গী খুঁজছেন—এমন নিঃসঙ্গ পুরুষদের টার্গেট করে ভুয়া কনের মাধ্যমে প্রতারণার অভিযোগ উঠেছে। দ্রুত বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কিছু ম্যাচমেকিং এজেন্সি পুরুষদের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ। বিবিসির এক অনুসন্ধানে উঠে এসেছে এমনই চিত্র।

৩৭ বছর বয়সী ওয়াং ঝুয়াংও এমন প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। দীর্ঘদিন জীবনসঙ্গী খুঁজে না পেয়ে গুইঝৌ প্রদেশের একটি ম্যাচমেকিং বিজ্ঞাপনে আকৃষ্ট হন তিনি। ওই বিজ্ঞাপনে দাবি করা হয়েছিল, গুইঝৌর নারীরা সংসারী, মিতব্যয়ী এবং পরিবারকে ভালোভাবে দেখাশোনা করেন।

বিজ্ঞাপনে সাড়া দিয়ে গুইঝৌর রাজধানী গুইইয়াংয়ে যান ওয়াং। সেখানে এক নারীর সঙ্গে তাঁর পরিচয় হয়। কয়েকবার দেখা করার পরই দুজন বিয়ে করেন। কিন্তু বিয়ের পর স্ত্রী সম্পর্কে একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারেন ওয়াং।

ওয়াংয়ের দাবি, তাঁর স্ত্রী নিজের বয়সসহ জীবনের বিভিন্ন তথ্য গোপন করেছিলেন। এমনকি ওই নারী এর আগে তিনবার বিয়ে করেছিলেন, তাঁর তিন সন্তান রয়েছে, গুরুতর যৌনবাহিত রোগে আক্রান্ত ছিলেন এবং বড় অঙ্কের ঋণের বোঝায় ছিলেন বলেও জানতে পারেন তিনি।

ওয়াং বলেন, এ ঘটনায় তাঁর পুরো পরিবার বিশৃঙ্খলার মধ্যে পড়ে গেছে। বর্তমানে তিনি বিবাহবিচ্ছেদের জন্য আইনি লড়াই করছেন। তাঁর অভিযোগ, ম্যাচমেকিং এজেন্সিকে নিজের সঞ্চয়ের একটি বড় অংশ দিতে হয়েছিল। প্রতারণার পর থেকে তিনি অনিদ্রা ও উদ্বেগে ভুগছেন এবং কাজে মনোযোগ দিতে পারছেন না।

কেন বাড়ছে এ ধরনের প্রতারণা?

বিশেষজ্ঞদের মতে, চীনের দীর্ঘদিনের লিঙ্গ বৈষম্য ও জনসংখ্যাগত সংকট এ ধরনের প্রতারণার সুযোগ তৈরি করছে। কয়েক দশকের এক-সন্তান নীতি এবং ছেলে সন্তানকে বেশি গুরুত্ব দেওয়ার প্রবণতার কারণে দেশটিতে বর্তমানে নারীর তুলনায় পুরুষের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি।

চীনে নারীর তুলনায় প্রায় ৩ কোটি বেশি পুরুষ রয়েছে। বিশেষ করে ছোট শহর ও গ্রামীণ এলাকায় ৩০-এর কোঠায় থাকা অনেক পুরুষের জন্য জীবনসঙ্গী খুঁজে পাওয়া কঠিন হয়ে উঠেছে।

এর সঙ্গে রয়েছে দেশটির প্রচলিত ‘ব্রাইড প্রাইস’ বা বিয়ের আগে কনের পরিবারকে অর্থ দেওয়ার রীতি। পুরুষের সংখ্যা বেশি এমন অঞ্চলে এই অর্থের পরিমাণ অনেক পরিবারের জন্য বড় আর্থিক চাপ তৈরি করেছে।

এই পরিস্থিতির সুযোগ নিচ্ছে কিছু ম্যাচমেকিং এজেন্সি। দ্রুত বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নিঃসঙ্গ পুরুষদের আকৃষ্ট করা হচ্ছে। অনেক ক্ষেত্রে সম্পর্ককে সময় না দিয়ে অল্প সময়ের মধ্যেই বিয়ের ব্যবস্থা করা হচ্ছে, যাকে অনেকে ‘ফ্ল্যাশ ম্যারেজ’ বলে অভিহিত করছেন।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমেও সম্প্রতি দেশটির ম্যাচমেকিং শিল্পের দ্রুত সম্প্রসারণের পাশাপাশি অবৈধ কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

জীবনসঙ্গী খোঁজার সংকট, পুরুষের আধিক্য এবং বিয়েকে ঘিরে বাড়তি আর্থিক চাপ—সব মিলিয়ে কিছু অসাধু চক্রের জন্য প্রতারণার নতুন সুযোগ তৈরি হয়েছে। দ্রুত বিয়ের প্রলোভন দেখিয়ে নিঃসঙ্গ পুরুষদের ফাঁদে ফেলার অভিযোগ সেই সংকটেরই একটি ভয়াবহ দিক তুলে ধরছে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

কৃষি-মৎস্যে আধুনিকায়নে মার্কিন সহায়তা চাইল বাংলাদেশ

বার্তা বিভাগ
প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ৭:০২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কৃষি-মৎস্যে আধুনিকায়নে মার্কিন সহায়তা চাইল বাংলাদেশ

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের আধুনিকায়ন, উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য উৎপাদনে যুক্তরাষ্ট্রের কারিগরি সহযোগিতা চেয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

মঙ্গলবার (১১ আগস্ট) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের নির্বাহী প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ সহযোগিতা চান। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু, এমপিও উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের মাটি, আবহাওয়া ও ভৌগোলিক অবস্থান কৃষি উৎপাদনের জন্য অত্যন্ত উপযোগী। আধুনিক প্রযুক্তি ও কারিগরি জ্ঞান কাজে লাগাতে পারলে দেশের কৃষি উৎপাদন আরও বাড়ানোর পাশাপাশি কৃষিপণ্য রপ্তানি বৃদ্ধি এবং আমদানিনির্ভরতা কমানো সম্ভব।

সয়াবিন চাষের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, দেশের চর ও দ্বীপাঞ্চলে সয়াবিনের আবাদ সম্প্রসারণ করে স্থানীয় উৎপাদন বাড়ানো যেতে পারে। এ ক্ষেত্রে উন্নত প্রযুক্তি ও কারিগরি সহযোগিতা প্রয়োজন। একইভাবে প্রাণিসম্পদ খাতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নতমানের ঘাস উৎপাদন, পশুর পুষ্টি নিশ্চিত করা এবং রোগ প্রতিরোধের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

নিরাপদ খাদ্য উৎপাদনকে সরকারের অন্যতম অগ্রাধিকার উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, শুধু উৎপাদন বাড়ালেই হবে না, কৃষক ও ভোক্তার স্বাস্থ্য সুরক্ষাও নিশ্চিত করতে হবে। এ জন্য কৃষিতে কীটনাশকের নিরাপদ ও সঠিক ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, দেশে একটি সার্টিফায়েড অর্গানিক ফার্ম প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (USDA) সার্টিফিকেশন পাওয়া অর্গানিক খাদ্য রপ্তানির লক্ষ্য নিয়েও সরকার কাজ করছে।

মতবিনিময় সভায় ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিরা বাংলাদেশের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বিনিয়োগ, প্রযুক্তি এবং বাণিজ্যিক সহযোগিতা আরও সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশের সরকারের অগ্রাধিকার ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে এবং এসব লক্ষ্য বাস্তবায়নে সহযোগিতা করতে তারা প্রস্তুত বলেও জানান।

প্রতিনিধিরা বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। বাংলাদেশি রপ্তানিকারকদের জন্য যুক্তরাষ্ট্রের বাজারে এবং মার্কিন রপ্তানিকারকদের জন্য বাংলাদেশের বাজারে আরও সুযোগ তৈরি করা সম্ভব। এ জন্য দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও কারিগরি সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।

মতবিনিময় সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক, ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি ও অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত অতুল কেশপ, মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও দক্ষিণ এশিয়া বিষয়ক নির্বাহী পরিচালক কেভিন রোপকে, ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিলের বাংলাদেশ কান্ট্রি টিম লিড খবিবুর রহমানসহ কাউন্সিলের অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

কর্ণফুলী নদীতে বস্তাবন্দি নারীর মরদেহ, ১০ দিন পর মিলল পরিচয়

বার্তা বিভাগ
প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ৬:৩৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কর্ণফুলী নদীতে বস্তাবন্দি নারীর মরদেহ, ১০ দিন পর মিলল পরিচয়

 চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হওয়া এক নারীর মরদেহের পরিচয় মিলেছে ১০ দিন পর। নিহতের নাম জান্নাতুল ফেরদৌস (২৮)। তিনি বাঁশখালী উপজেলার গন্ডামারা এলাকার নুরুল ইসলামের মেয়ে।

গত ১ আগস্ট কর্ণফুলী নদীর পিডিবি ঘাট সংলগ্ন এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিচয় শনাক্ত না হওয়ায় মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছিল।

সোমবার (১০ আগস্ট) রাতে সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, জান্নাতুল ফেরদৌস নগরীর চান্দগাঁও এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। সেখানে একটি জুতার কারখানায় কাজ করতেন তিনি। মরদেহ উদ্ধারের পর পরিচয় শনাক্তে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে নিহতের তথ্য প্রচার করে পুলিশ।

পরে খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা সদরঘাট নৌ-থানায় গিয়ে মরদেহ শনাক্ত করেন। জুতা, কানের দুল, পোশাক ও চেহারা দেখে তারা মরদেহটি জান্নাতুল ফেরদৌসের বলে নিশ্চিত করেন।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, চাকরির সুবাদে পরিচয়ের পর পরিবারের অমতে জান্নাতুল ফেরদৌস দ্বিতীয় বিয়ে করেছিলেন। দ্বিতীয় স্বামীর সঙ্গে দীর্ঘদিন ধরে তার পারিবারিক বিরোধ ও ঝগড়া-বিবাদ চলছিল বলে জানা গেছে।

এ ঘটনায় সদরঘাট নৌ-থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তে হত্যার কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

সদরঘাট নৌ-থানার ওসি আবদুর রউফ বলেন, ‘এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আসামিদের গ্রেপ্তারের পর তাদের পরিচয় প্রকাশ করা হবে।’

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন

বার্তা বিভাগ
প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ৬:৪২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে গোডাউনটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন গোডাউনের ভেতরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, হঠাৎ গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় আতঙ্ক তৈরি হয়।

আগুনে গোডাউনে থাকা বিভিন্ন ধরনের কেমিক্যাল ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। তবে আগুন লাগার সময় গোডাউনের ভেতরে কেউ ছিলেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

খবর পেয়ে কাচপুর মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারণে আগুন আশপাশের স্থাপনায় ছড়িয়ে পড়া থেকে রক্ষা পেয়েছে বলে জানান স্থানীয়রা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করেছে। বর্তমানে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও বলেন, তদন্তের পর আগুনের সূত্রপাত এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যাবে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম