খুঁজুন
advertisement
advertisement
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ২১ ভাদ্র, ১৪৩৩

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণের পক্ষে জাতিসংঘে প্রস্তাব পাস

বার্তা বিভাগ
প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৬, ১:৩২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
নতুন বিশ্ব মানচিত্র গ্রহণের পক্ষে জাতিসংঘে প্রস্তাব পাস

যোগফল প্রতিবেদক: 

বিশ্বজুড়ে প্রচলিত মানচিত্রে আফ্রিকার প্রকৃত আয়তন সঠিকভাবে তুলে ধরতে নতুন মানচিত্র গ্রহণের পক্ষে প্রস্তাব পাস করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। ‘কারেক্ট দ্য ম্যাপ’ শিরোনামের প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে ফ্রান্স ও যুক্তরাজ্যসহ ১৬৪টি দেশ। বিপক্ষে একমাত্র ভোটটি দিয়েছে যুক্তরাষ্ট্র। ছয়টি দেশ ভোটদানে বিরত ছিল।

স্থানীয় সময় শুক্রবার (৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদে প্রস্তাবটির ওপর ভোটাভুটি অনুষ্ঠিত হয়। পশ্চিম আফ্রিকার দেশ টোগোর উত্থাপিত প্রস্তাবটি আফ্রিকান ইউনিয়নের (এইউ) সমর্থনপুষ্ট।

প্রস্তাবটি সরাসরি বাধ্যতামূলক না হলেও এর মাধ্যমে বিশ্বজুড়ে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি সংস্থা ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে ব্যবহৃত মানচিত্রে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।

কেন বদলানোর দাবি

ষোড়শ শতাব্দীতে, ১৫৬৯ সালে ফ্লেমিশ মানচিত্রকর জেরার্ডাস মারকেটর ইউরোপীয় নাবিকদের সমুদ্রযাত্রার সুবিধার জন্য ‘মারকেটর প্রজেকশন’ মানচিত্র তৈরি করেন। গোলাকার পৃথিবীকে দ্বিমাত্রিক কাগজে তুলে ধরার সীমাবদ্ধতার কারণে এই মানচিত্রে বিষুবরেখার কাছাকাছি দেশগুলো তুলনামূলক ছোট এবং মেরু অঞ্চলের কাছাকাছি দেশগুলো অস্বাভাবিক বড় দেখায়।

এর ফলে প্রায় ৫০০ বছর ধরে প্রচলিত মানচিত্রে গ্রিনল্যান্ড ও আফ্রিকাকে প্রায় কাছাকাছি আয়তনের মনে হয়। অথচ বাস্তবে আফ্রিকা মহাদেশ গ্রিনল্যান্ডের চেয়ে প্রায় ১৪ গুণ বড়।

সমালোচকদের মতে, প্রচলিত এই মানচিত্রের কারণে নিরক্ষীয় অঞ্চলের দেশগুলোর আকার, গুরুত্ব ও সম্ভাবনাকে বিশ্ববাসীর কাছে তুলনামূলকভাবে ছোট করে উপস্থাপন করা হয়েছে।

‘কারেক্ট দ্য ম্যাপ’ ক্যাম্পেইনের তথ্যমতে, আফ্রিকার মানচিত্রের ভেতরে যুক্তরাষ্ট্র, চীন, ভারত, জাপান, মেক্সিকো ও ইউরোপের অধিকাংশ দেশকে বসিয়ে দিলেও সেখানে আরও জায়গা অবশিষ্ট থাকবে।

তৈরি হয়েছে বিকল্প মানচিত্র

আফ্রিকার প্রকৃত অবস্থান ও আয়তন সঠিকভাবে তুলে ধরতে ২০১৮ সালে মানচিত্রবিদেরা ‘ইকুয়াল আর্থ প্রজেকশন’ নামে একটি নতুন মানচিত্র তৈরি করেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে আফ্রিকান ইউনিয়নের ৫৪টি সদস্য দেশ এই মানচিত্র গ্রহণ করে।

ভোটের আগে টোগোর পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ডাসি রয়টার্সকে বলেন, একটি ন্যায্য বিশ্বের সূচনা একটি ন্যায্য মানচিত্রের মাধ্যমে হয়। তার মতে, মানচিত্র কখনোই পুরোপুরি নিরপেক্ষ নয়; এটি একটি মহাদেশের মানুষকে বিশ্ব কীভাবে দেখে, তার ওপরও প্রভাব ফেলে।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোটও মারকেটর মানচিত্র ব্যবহার বন্ধের ঘোষণা দিয়ে এই উদ্যোগকে ‘সত্যের জয়’ হিসেবে অভিহিত করেন।

বিরোধিতা যুক্তরাষ্ট্রের

তবে জাতিসংঘে প্রস্তাবটির তীব্র বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিনিধি ইয়ারিনা ফেরেনসেভিচ বলেন, আন্তর্জাতিক শান্তি ও সমৃদ্ধির মতো প্রকৃত সমস্যাগুলোতে মনোযোগ না দিয়ে সাধারণ পরিষদ ষোড়শ শতাব্দীর একটি মানচিত্র প্রকল্প নিয়ে বিতর্ক করছে, যা অনভিপ্রেত।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

গাজীপুরে সিএনজিকে কাভার্ডভ্যানের চাপা, নিহত ৩

বার্তা বিভাগ
প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৬, ২:৪২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গাজীপুরে সিএনজিকে কাভার্ডভ্যানের চাপা, নিহত ৩

যোগফল প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মাওনা আঞ্চলিক সড়কের কাঞ্চনপুর চেয়ারম্যান বাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে আসাদুল্লাহ (২৬) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। অপর দুই নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন।

আহতরা হলেন—সিএনজিচালক শাকিল (৩৫), খোকন মিয়া (২২) ও আসাদ ইসলাম (১৯)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈর বাজার থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা মাওনার দিকে যাচ্ছিল। সকাল ১০টার দিকে অটোরিকশাটি কাঞ্চনপুর চেয়ারম্যান বাড়ি বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ডভ্যান অটোরিকশাটিকে চাপা দেয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় সিএনজি অটোরিকশাটি নিজ লেনেই চলছিল। বিপরীত দিকের লেনে থাকা কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়।

এতে অটোরিকশাটি সড়কের পাশের ধানক্ষেতে ছিটকে পড়ে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই নারীসহ দুজন নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান ও সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এছাড়া আরও তিনজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

টিকটকের কমেন্ট সেকশনে আসছে একাধিক নতুন ফিচার

বার্তা বিভাগ
প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৬, ২:২২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
টিকটকের কমেন্ট সেকশনে আসছে একাধিক নতুন ফিচার

 যোগফল প্রতিবেদক:

কমেন্ট সেকশনে বড় ধরনের পরিবর্তন আনছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। ব্যবহারকারীদের পারস্পরিক যোগাযোগ আরও বাড়াতে ভয়েস কমেন্ট, কমেন্ট পোল, একসঙ্গে একাধিক ছবি এবং লাইভ ফটো কমেন্টের মতো নতুন ফিচার যুক্ত করছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, এসব সুবিধার মাধ্যমে কমেন্ট সেকশনকে আরও ইন্টার‌্যাকটিভ করে তুলতে চাইছে টিকটক। ফলে ভিডিও দেখার পাশাপাশি মন্তব্য করা ও অন্য ব্যবহারকারীদের সঙ্গে যোগাযোগের সুযোগও বাড়বে।

এক মিনিটের ভয়েস কমেন্ট

নতুন ফিচারগুলোর মধ্যে অন্যতম ‘ভয়েস কমেন্ট’। এর মাধ্যমে লিখিত মন্তব্যের পরিবর্তে সরাসরি অডিও বার্তা পোস্ট করতে পারবেন ব্যবহারকারীরা। কমেন্ট বক্সে থাকা মাইক্রোফোন আইকনে ট্যাপ করে সর্বোচ্চ এক মিনিটের ভয়েস বার্তা রেকর্ড করা যাবে।

পোস্ট করা ভয়েস কমেন্টে ট্যাপ করে সেটি শুনতে পারবেন অন্য ব্যবহারকারীরা। টিকটক জানিয়েছে, ভয়েস কমেন্টও প্ল্যাটফর্মের অন্যান্য কনটেন্টের মতো কমিউনিটি গাইডলাইনের আওতায় থাকবে। নীতিমালা লঙ্ঘনকারী কনটেন্ট শনাক্তে মানব পর্যবেক্ষণের পাশাপাশি স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার করা হবে। এর মধ্যে স্পিচ-টু-টেক্সট ট্রান্সক্রিপশন প্রযুক্তিও থাকবে।

আগামী এক মাসের মধ্যে বিশ্বজুড়ে ১৮ বছর বা তার বেশি বয়সী ব্যবহারকারীদের জন্য ভয়েস কমেন্ট চালু করা হবে বলে জানিয়েছে টিকটক।

কমেন্টেই করা যাবে পোল

নির্মাতাদের জন্য কমেন্ট সেকশনে পোল যুক্ত করার সুবিধাও চালু করছে টিকটক। এর মাধ্যমে ভিডিও নির্মাতারা দর্শকদের কোনো বিষয়ে সরাসরি ভোট দেওয়ার সুযোগ দিতে পারবেন।

ফিচারটি আগে সীমিতসংখ্যক ব্যবহারকারীর জন্য চালু থাকলেও এখন বিশ্বজুড়ে উন্মুক্ত করা হচ্ছে। পোলে সর্বোচ্চ পাঁচটি অপশন রাখা যাবে। পাশাপাশি কতক্ষণ পোল সক্রিয় থাকবে, সেটিও নির্ধারণ করতে পারবেন নির্মাতারা।

ভোট দেওয়ার সঙ্গে সঙ্গে কমেন্ট সেকশন থেকেই ফলাফল দেখা যাবে। পোশাক নির্বাচন, পরবর্তী ভিডিওর বিষয় বা রান্নার মেনু—বিভিন্ন বিষয়ে দর্শকদের মতামত জানতে এই ফিচার ব্যবহার করা যাবে।

এক কমেন্টে ৯টি ছবি

কমেন্টে ছবি যুক্ত করার সুবিধাতেও পরিবর্তন আনছে টিকটক। নতুন ‘ফটো ক্যারোসেল কমেন্ট’ ফিচারের মাধ্যমে একটি কমেন্টে সর্বোচ্চ নয়টি ছবি যুক্ত করা যাবে।

আগে একবারে একটি ছবি যুক্ত করার সুযোগ থাকলেও নতুন সুবিধায় একই কমেন্টে একাধিক ছবি শেয়ার করা যাবে। আগামী এক মাসের মধ্যে বিশ্বজুড়ে ফিচারটি চালু করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

কমেন্টে লাইভ ফটো

কমেন্টে ‘লাইভ ফটো’ পোস্ট করার সুবিধাও চালু করেছে টিকটক। এর মাধ্যমে স্থির ছবির পাশাপাশি অল্প সময়ের নড়াচড়ার দৃশ্যও দেখা যাবে।

ব্যবহারকারীরা পুরো ছবি দেখার আগে ওই মুহূর্তের একটি সংক্ষিপ্ত প্রিভিউ দেখতে পারবেন। ইতোমধ্যে বিশ্বজুড়ে লাইভ ফটো কমেন্ট ফিচারটি চালু করা হয়েছে।

টিকটকের মতে, নতুন এসব সুবিধার মাধ্যমে কমেন্ট সেকশন শুধু লিখিত মতামত জানানোর জায়গা হিসেবে সীমাবদ্ধ থাকবে না। ভয়েস, পোল, একাধিক ছবি ও লাইভ ফটোর মতো ফিচার যুক্ত হওয়ায় ব্যবহারকারীদের অংশগ্রহণ ও পারস্পরিক যোগাযোগ আরও বাড়তে পারে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

গাজায় ধ্বংসস্তূপে একই পরিবারের ৫৫ জনের মরদেহ

বার্তা বিভাগ
প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৬, ২:১৭ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গাজায় ধ্বংসস্তূপে একই পরিবারের ৫৫ জনের মরদেহ

 যোগফল প্রতিবেদক:

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার গাজা সিটির জেইতুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

সিভিল ডিফেন্স জানিয়েছে, উদ্ধার হওয়া নিহতরা সবাই মালকা পরিবারের সদস্য। প্রায় দুই বছর আগে তারা ওই ভবনে আশ্রয় নিয়েছিলেন। ভবনটিতে ইসরায়েলি বাহিনীর হামলার পর তারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিহত হন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানায়, গত ৭২ ঘণ্টা ধরে মালকা পরিবারের ৬০ জনের বেশি নিখোঁজ সদস্যের মরদেহ উদ্ধারে অভিযান চালানো হচ্ছিল। একপর্যায়ে ধ্বংসস্তূপের নিচ থেকে পরিবারের অধিকাংশ সদস্যের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মরদেহগুলো নিয়ে আগামী সপ্তাহের শুরুতে পরিবারের সদস্য ও স্বজনদের অংশগ্রহণে যৌথ জানাজা ও দাফনের আয়োজন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম