ইউএনজিএর নেতৃত্বে খলিলুর রহমান অভিনন্দন জানালেন জাতিসংঘের মহাসচিব
যোগফল প্রতিবেদক:
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত বাংলাদেশের ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
সোমবার (৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে ইউএনজিএর ৮১তম অধিবেশন শুরুর প্রাক্কালে ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন গুতেরেস। এ সময় জাতিসংঘের গুরুত্বপূর্ণ বৈশ্বিক নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান মহাসচিব।
গত ২ জুন জাতিসংঘ সদর দপ্তরে সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের ভোটে ড. খলিলুর রহমান ইউএনজিএর ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন। গোপন ব্যালটে অনুষ্ঠিত ওই নির্বাচনে তিনি সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে আট ভোটের ব্যবধানে পরাজিত করেন।
জাতিসংঘের প্রচলিত আঞ্চলিক আবর্তন নীতি অনুযায়ী, এবার এশিয়া-প্যাসিফিক গ্রুপ থেকে সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের ড. খলিলুর রহমান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৯টায় শপথ গ্রহণ করবেন ড. খলিলুর রহমান। পরে রাত ১টায় তিনি সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম প্লেনারি বৈঠকে সভাপতিত্ব করবেন।
আগামী ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক।
প্রায় চার দশক পর দ্বিতীয়বারের মতো কোনো বাংলাদেশি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করতে যাচ্ছেন। এর আগে ১৯৮৬ সালে ইউএনজিএর ৪১তম অধিবেশনের সভাপতি ছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন