সৌদির বিভিন্ন স্থাপনায় হুথিদের হামলার দাবি
যোগফল প্রতিবেদক:
সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তাদের গণমাধ্যম আনসারুল্লাহর প্রতিবেদনে এ দাবি করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে হুথিরা জানায়, সৌদির বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইয়েমেনি ড্রোন ও ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। হামলায় আবহা আন্তর্জাতিক বিমানবন্দর, কিং খালিদ বিমানঘাঁটি এবং আবহা ও জিজান এলাকায় রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি আরামকোর বিভিন্ন স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করা হয়।
তবে হুথিদের এসব দাবির বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে সোমবার হুথিরা অভিযোগ করে, সৌদি আরব ইয়েমেনের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে। তাদের সংশ্লিষ্ট সংবাদমাধ্যম আল-মাসিরাহর প্রতিবেদনে বলা হয়, জাওফ প্রদেশের একটি কারাগারে হামলায় ১১ জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও ২০ জন বন্দি নিখোঁজ রয়েছেন বলে দাবি করা হয়েছে। নিহতদের মধ্যে স্বজনের সঙ্গে দেখা করতে কারাগারে আসা এক শিশুও ছিল বলে হুথি-সংশ্লিষ্ট সংবাদ সংস্থা সাবা জানিয়েছে।
এদিকে লোহিত সাগরের উপকূলীয় এলাকায় কয়েক দিনের সংঘর্ষে ৩০০ জনের বেশি মানুষ নিহত এবং শত শত পরিবার বাস্তুচ্যুত হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে কৌশলগত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দাব প্রণালির সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে হুথিরা।
লোহিত সাগরের দক্ষিণ প্রবেশপথ বাব আল-মান্দাব আন্তর্জাতিক নৌবাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। অঞ্চলটিতে চলমান সংঘাতের কারণে নৌপথটির নিরাপত্তা ও জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন