গাজা যুদ্ধবিরতি নিয়ে হামাসকে দায়ী করলেন কুশনার
যোগফল প্রতিবেদক:
গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী ধাপের আলোচনা স্থবির হয়ে পড়ার জন্য হামাসের নিরস্ত্রীকরণ জটিলতা ও ইসরাইলের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও মধ্যপ্রাচ্যবিষয়ক আলোচক জ্যারেড কুশনার।
রোববার (৬ সেপ্টেম্বর) ইউক্রেনে এক সংবাদ সম্মেলনে কুশনার বলেন, হামাসকে নিরস্ত্র করা সহজ হবে না। গাজায় সংগঠনটির সামরিক সক্ষমতা ‘আমাদের কল্পনারও বাইরে’ বলেও মন্তব্য করেন তিনি।
গাজার মানবিক পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে কুশনার বলেন, উপত্যকাটি দীর্ঘদিন ধরেই দুর্দশাগ্রস্ত। তার এই মন্তব্যকে গাজায় ইসরাইলি সামরিক অভিযানের কারণে সৃষ্ট মানবিক বিপর্যয়কে খাটো করে দেখার চেষ্টা হিসেবে সমালোচনা করা হতে পারে।
কুশনার জানান, গাজা নিয়ে অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে ট্রাম্প প্রশাসন দৃঢ়ভাবে কাজ করছে। গাজার ভবিষ্যৎ কাঠামো ও চূড়ান্ত অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে মতৈক্য রয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, গাজার চূড়ান্ত অবস্থান কী হওয়া উচিত, সে বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইল একমত।
আলোচনায় অগ্রগতি না হওয়ার পেছনে ইসরাইলের সাম্প্রতিক নির্বাচন পরিস্থিতিকেও কারণ হিসেবে উল্লেখ করেন কুশনার। তার মতে, দেশটির অস্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতি কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ ও আচরণকে প্রভাবিত করছে।
গাজায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ ও পরবর্তী রাজনৈতিক সমাধান নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা চলার মধ্যেই কুশনারের এই বক্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন