পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত ৪৯
বার্তা বিভাগ
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ৯:৪৫ অপরাহ্ণ
প্রতিবেদকের সকল নিউজ
ছবি যোগফল প্রতিনিধি
এম জালাল উদ্দীন ।। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় এক বছরে ৬৩টি সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত ও ৪৯ জন আহত হয়েছেন। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা'র) পাইকগাছা উপজেলা শাখা।
এ উপলক্ষে বুধবার (২১ অক্টোবর) পাইকগাছার ষোলআনা সমবায় সমিতি লিমিটেডের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে দুর্ঘটনার পরিসংখ্যান ও সংশ্লিষ্ট তথ্য উপস্থাপন করেন নিসচার সড়ক দুর্ঘটনা অনুসন্ধানবিষয়ক সম্পাদক এসএম আলাউদ্দীন সোহাগ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৫ সালের ২০ অক্টোবর থেকে ২০২৬ সালের ২০ অক্টোবর পর্যন্ত পাইকগাছা উপজেলার বিভিন্ন স্থানে ছোট-বড় ৬৩টি সড়ক দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয় এবং আহত হন ৪৯ জন।
নিসচা পাইকগাছা শাখার সভাপতি ও কপিলমুনি প্রেসক্লাবের আহবায়ক সাংবাদিক এইচ এম শফিউল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম ইলিয়াস হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সাংবাদিক আব্দুল আজিজ, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক মিজানুর রহমান, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, অ্যাডভোকেট একরামুল ইসলাম, নিসচার সাংগঠনিক সম্পাদক ফরিজুল ইসলাম, সাংবাদিক বাবুল আক্তার, স্নেহেন্দু বিকাশ, মো. হুরায়রা বাদশা, কাজী সোহাগ, মো. রাজু আহমেদ ও আবু হানিফ মিলনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সংবাদ সম্মেলনে সড়ক দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে বেপরোয়া গতিতে গাড়ি চালানো, চালকদের অসচেতনতা, বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া যানবাহন চালানো, ট্রাফিক আইন অমান্য, ফিটনেসবিহীন যানবাহন চলাচল এবং সড়কের পাশে অবৈধভাবে হাটবাজার ও দোকানপাট গড়ে ওঠার বিষয়গুলো উল্লেখ করা হয়।
বক্তারা সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের ট্রাফিক আইন মেনে চলা, যানবাহনের ফিটনেস নিশ্চিত করা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সংবাদ সম্মেলন শেষে নিসচা'র পক্ষ থেকে উপজেলা সদরে বিভিন্ন যানবাহনের চালকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন