সেনা কর্মকর্তার বাসা থেকে ১৮ ভরি স্বর্ণ চুরির অভিযোগে বিএনপি নেতার পুত্রবধূর বিরুদ্ধে মামলা
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
ঢাকার বনানীতে এক সেনা কর্মকর্তার বাসা থেকে ১৮ ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগে জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের পুত্রবধূ লুবানা ইয়াসমিন হিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় ইসলামপুর উপজেলাজুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর বনানী থানায় মামলাটি করেন সেনা কর্মকর্তা মেজর রায়হানের স্ত্রী মোবাশ্বিরা রায়হান লিনা। মামলায় লুবানা ইয়াসমিন হিয়ার বিরুদ্ধে ১৮ ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ আনা হয়েছে।
বনানী থানার ওসি মো. সালাউদ্দিন জানান, গত ৯ অক্টোবর ঢাকা ক্যান্টনমেন্টের বনানী এলাকার একটি সরকারি কোয়ার্টারে লিনার আত্মীয় হিয়াকে বাসায় রেখে সন্তানকে চিকিৎসকের কাছে নিয়ে যান মেজর রায়হান ও তার স্ত্রী। পরে তারা বাসায় ফিরে হিয়াকে দেখতে না পেয়ে স্বর্ণালংকার খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে স্বর্ণালংকার না পেয়ে থানায় অভিযোগ করেন লিনা। এ ঘটনায় চুরির মামলা করা হয়।
অভিযোগকারী লিনার দাবি, ঘটনার পর থেকে হিয়া আত্মগোপনে রয়েছেন। তবে এ বিষয়ে অভিযুক্তের বক্তব্য স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। জানা গেছে, মামলাটিতে উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন হিয়া।
লুবানা ইয়াসমিন হিয়া ঢাকার একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে রসায়ন বিভাগের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি জামালপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোশায়ের হোসেন মিঠুনের স্ত্রী। মোশায়ের হোসেন ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের ছেলে।
এ বিষয়ে জানতে চাইলে মোশায়ের হোসেন মিঠুন বলেন, ‘আমার কিছু বলার নেই। আমি সেপারেশনে আছি। আপনার যা করার করুন।’
অন্যদিকে, নুরুল ইসলাম নবাব বলেন, ‘আমার ছেলের বউয়ের পড়াশোনার খরচ ও খাওয়া-দাওয়ার খরচ দিলেও তার ব্যক্তিগত ও পারিবারিক বিষয় নিয়ে আমার কিছু করার নেই। এ বিষয়ে তার পরিবার বলতে পারবে। তাদের সঙ্গে যোগাযোগ করুন।’
অভিযোগের বিষয়ে লুবানা ইয়াসমিন হিয়ার বাবা ও ইসলামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান বলেন, বিষয়টি মিথ্যা, ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত। তার মেয়ে জামিনে রয়েছেন। বিষয়টি স্থানীয় সংসদ সদস্যও জানেন। আত্মীয়স্বজনের মধ্যে বিরোধের জেরে এ মামলা করা হয়েছে দাবি করে তিনি বলেন, তারা পারিবারিকভাবে বিষয়টি মীমাংসা করবেন।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন