বিয়ের ছয় দিনের মাথায় নববধূর মৃত্যু, স্বামী-শাশুড়ি গ্রেপ্তার
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
শেরপুরের নালিতাবাড়ীতে বিয়ের মাত্র ছয় দিনের মাথায় লিমা আক্তার (২০) নামে এক নববধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে করা মামলায় তার স্বামী একরামুল ও শাশুড়ি ফরিদা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) ভোররাতে উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত লিমা আক্তার ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের মাবিয়াইল গ্রামের সাইদুল ইসলামের মেয়ে। গত ১৫ অক্টোবর নালিতাবাড়ী উপজেলার গোপালপুর গ্রামের একরামুলের সঙ্গে তার বিয়ে হয়। বিয়েতে দেনমোহর নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৭০ হাজার টাকা।
পরিবার সূত্রে জানা গেছে, গত রোববার স্বামীর সঙ্গে বাবার বাড়িতে বেড়াতে যান লিমা। মঙ্গলবার বিকেলে তিনি শ্বশুরবাড়িতে ফিরে আসেন। এ সময় বাবার বাড়ি থেকে পাঠানো জিনিসপত্র পছন্দ না হওয়াকে কেন্দ্র করে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তার মনোমালিন্য হয়।
লিমার মা রোকেয়া বেগম অভিযোগ করেন, জিনিসপত্র পছন্দ না হওয়াকে কেন্দ্র করে ঝগড়ার একপর্যায়ে লিমাকে মারধর ও শারীরিক নির্যাতন করা হয়। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তবে এসব অভিযোগের সত্যতা তদন্তসাপেক্ষ।
লিমার বাবা সাইদুল ইসলাম বলেন, মঙ্গলবার রাত ৩টার দিকে লিমার ভগ্নিপতিকে ফোন করে তাকে অসুস্থ বলে জানানো হয়। পরে শ্বশুরবাড়ির লোকজন তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক লিমাকে মৃত ঘোষণা করেন।
সাইদুল ইসলাম আরও বলেন, তার মেয়েকে আত্মহত্যার দিকে ঠেলে দেওয়া হয়েছে বলে তিনি মনে করেন। কোনো কারণ ছাড়া তার মেয়ে মারা যেতে পারে না উল্লেখ করে তিনি এ ঘটনায় মামলা করেছেন এবং তদন্তের মাধ্যমে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফাহাদ রহমান বলেন, হাসপাতালে আনার আগেই লিমার মৃত্যু হয়েছিল।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, লিমার বাবা বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেছেন। এ ঘটনায় তার স্বামী ও শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন