খুঁজুন
advertisement
advertisement
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৯ কার্তিক, ১৪৩৩

উনচিপ্রাংয়ে মানবপাচারের জড়িত উখিয়ার ইউসুফসহ দুই পাচার কারী আটক করেছে এপিবিএন

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ৯:৪৩ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
উনচিপ্রাংয়ে মানবপাচারের জড়িত উখিয়ার ইউসুফসহ দুই পাচার কারী আটক করেছে এপিবিএন

ছবি সংগৃহীত



শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়াঃ

কক্সবাজারের টেকনাফে মানবপাচারের শিকার দুই রোহিঙ্গা কিশোরকে উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় মানবপাচারকারী চক্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে দুই রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে দুই কিশোরকে মিয়ানমারে নিয়ে যাওয়ার পর তাদের পরিবারের কাছ থেকে ৯৫ হাজার টাকা মুক্তিপণ আদায় করা হয়।

গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টার দিকে টেকনাফের ২২ নম্বর উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের এপিবিএন চেকপোস্টে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ ইউসুফ (৪৩), কুতুপালংয়ের ৭ নম্বর ক্যাম্পের বাসিন্দা এবং মোহাম্মদ ইউনুস (৩১), উনচিপ্রাংয়ের ২২ নম্বর ক্যাম্পের বাসিন্দা।

১৬ এপিবিএনের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৬ অক্টোবর উখিয়ার বালুখালীর ৮ নম্বর ইস্ট ক্যাম্প থেকে সৈয়দুল আমিন (১৪) ও মফিজুর রহমান (১৪) নামের দুই কিশোরকে নৌকাযোগে মিয়ানমারে নিয়ে যাওয়া হয়। অভিযোগ রয়েছে, মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে তাদের পাচার করা হয়েছিল। পরে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ বাবদ ৯৫ হাজার টাকা আদায় করে মানবপাচারকারী চক্রের সদস্যরা।

পরবর্তী সময়ে দুই কিশোরকে নাফ নদী পার করে মিয়ানমার থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার সময় উনচিপ্রাং এপিবিএন চেকপোস্টে দায়িত্বরত সদস্যদের সন্দেহ হলে সংশ্লিষ্টদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে দুই কিশোরকে উদ্ধার এবং মানবপাচারের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধার হওয়া দুই কিশোরের বাড়ি উখিয়ার ৮ নম্বর ইস্ট ক্যাম্পের সি/৪ ব্লকে। তাদের নিরাপত্তা নিশ্চিত করে গ্রেপ্তার ব্যক্তিদের সঙ্গে ভিকটিম ও তাদের পরিবারের সদস্যদের যথাযথ এপিবিএন নিরাপত্তায় টেকনাফ মডেল থানায় পাঠানো হয়েছে।

১৬ এপিবিএন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ কাউছার সিকদার বলেন, মানবপাচারের শিকার দুই রোহিঙ্গা কিশোরকে উদ্ধার এবং এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় পাঠানো হয়েছে। মানবপাচার প্রতিরোধ এবং ক্যাম্পের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতে এপিবিএনের অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় ২৩ অক্টোবর টেকনাফ মডেল থানায় মানবপাচার মামলা করা হয়েছে। মামলাটি মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬-এর ৬, ৭ ও ২২ ধারায় দায়ের করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তবে এই চক্রের অন্য সদস্যদের পরিচয়, পাচারের সঙ্গে আরও কেউ জড়িত কি না এবং মুক্তিপণের অর্থ কীভাবে আদায় করা হয়েছে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
 
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল. কম 

নোয়াখালীতে পূর্বশত্রুতার জেরে তরুণকে গুলি, মোটরসাইকেল ছিনতাই

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ২:৩৬ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
নোয়াখালীতে পূর্বশত্রুতার জেরে তরুণকে গুলি, মোটরসাইকেল ছিনতাই

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

নোয়াখালীর বেগমগঞ্জে পূর্বশত্রুতার জেরে কামরুল হাসান (২৪) নামে এক তরুণকে গুলি করে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

শনিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বড় নেওয়াজপুর গ্রামের আক্কাছ পাটোয়ারী বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ কামরুল হাসান ওই বাড়ির মো. ইউছুফের ছেলে। তিনি পেশায় একজন দর্জি।

কামরুলের খালাতো ভাই মো. শান্ত ও স্থানীয় সূত্রে জানা গেছে, কামরুল চট্টগ্রামে দর্জির কাজ করেন। দুদিন আগে ছুটিতে বাড়িতে আসেন তিনি। শনিবার বিকেলে মোটরসাইকেলে খালাতো ভাই রাকিবকে (২০) নিয়ে আলাইয়াপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের এক পরিচিত ব্যক্তির সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন।

পথে বাড়ির সামনের সড়কে পৌঁছালে বাংলাবাজার এলাকার হারুন ও আওয়ামী লীগ নেতা সাহাব উদ্দিনের নেতৃত্বে কয়েকজন তাদের পথরোধ করেন। একপর্যায়ে নুরু তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে কামরুলের বুকের ডান পাশে ও ডান হাতের বাহুতে গুলি লাগে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ সময় তার মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী বলেন, সন্ধ্যা ৭টার দিকে কামরুল হাসপাতালে ভর্তি হন। তার এক হাতের বাহুতে বুলেটের আঘাত রয়েছে। পেটের ওপরের অংশেও বুলেটের মতো আরেকটি আঘাত আছে, তবে সেখানে কোনো বুলেট পাওয়া যায়নি। বর্তমানে তিনি চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত রয়েছেন।

এ বিষয়ে জানতে নুরুর মুঠোফোনে কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মাহবুল কবির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এরই মধ্যে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

ব্রাহ্মণবাড়িয়ায় চার্জার ও ৯ রাউন্ড গুলিসহ যুবক আটক

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ২:৩২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ব্রাহ্মণবাড়িয়ায় চার্জার ও ৯ রাউন্ড গুলিসহ যুবক আটক

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি চার্জার ও ৯ রাউন্ড চায়না গুলিসহ শামিম মিয়া (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের জয়নগর বাজার থেকে তাকে আটক করা হয়।

আটক শামিম মিয়া গোপিনাথপুর ইউনিয়নের বড়ঠুডা গ্রামের আল আমিন মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ডেকোরেশন শ্রমিক।

কসবা থানা সূত্রে জানা গেছে, শনিবার গোপিনাথপুর ইউনিয়নের খিরনাল গ্রামে একটি অনুষ্ঠানে লাইটিংয়ের কাজ করছিলেন শামিম। বিকেলে কাজ শেষে ফেরার পথে জয়নগর বাজারের পাশে একটি চার্জার ও ৯ রাউন্ড চায়না গুলি পড়ে থাকতে দেখেন তিনি। পরে কৌতূহলবশত সেগুলো তুলে নেন।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, চট্টগ্রামে আরআরএফে কর্মরত মাহমুদুল হাসান নামে এক পুলিশ সদস্য শামিমের কাছে চার্জার ও গুলি দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো জব্দ করে এবং শামিমকে আটক করে।

ওসি আরও জানান, এ ঘটনায় শামিমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি, নিহত ২

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ১:৩৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি, নিহত ২

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (২৫ অক্টোবর) ভোরে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের পুকুর খুড়ির দোলা ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন কচুয়া সরদারপাড়া এলাকার এজারুল ওরফে রেজাউল কানা (৪৫) এবং কোলকোন্দ ইউনিয়নের বাসিন্দা সাদিকুল ইসলাম (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে গ্রামের বাসিন্দা সোহেল মিয়ার বাড়ি থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার সময় বিষয়টি টের পান তিনি। এরপর তিনি চিৎকার শুরু করলে পাশের মসজিদের মাইকে ‘চোর, চোর’ বলে ঘোষণা দেওয়া হয়। মাইকের ঘোষণা শুনে ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিসহ স্থানীয় লোকজন অটোরিকশাসহ ওই দুই ব্যক্তিকে ধাওয়া করেন।

একপর্যায়ে তারা অটোরিকশাটি ফেলে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজন সোহেল মিয়ার বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার পশ্চিমে উত্তর পানাপুকুর এলাকার পুকুর খুড়ির দোলায় একটি ধানক্ষেত থেকে তাদের আটক করেন। সেখানে উত্তেজিত লোকজনের গণপিটুনিতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সবুর বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে, অটোরিকশা চুরির পর উত্তেজিত জনতার গণপিটুনিতে ওই দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের পর অভিযোগকারীদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম